হ্যানয়ের রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত, আহত ১০, ধ্বংসস্তূপে আরও আটকা পড়ার আশঙ্কা
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি জনাকীর্ণ আবাসিক এলাকায় একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে (গ্রিনিচ সময় ০১:০০) ডং দা জেলার রেস্তোরাঁটিতে বিস্ফোরণ ঘটে। এতে জানালা ভেঙে যায়, ধাতব শাটার ফ্রেম থেকে ছিঁড়ে যায় এবং আশপাশের ভবন ও বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
বিস্ফোরণের সময় রেস্তোরাঁটি লোকজনে পূর্ণ ছিল। জননিরাপত্তা মন্ত্রণালয় মনে করছে, বিস্ফোরণটি রান্নার গ্যাসের সঙ্গে সম্পর্কিত। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে; উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন বলে ভিয়েতনামের ভিএনএক্সপ্রেস পত্রিকা জানিয়েছে।
কাছের এক বাসিন্দা বিস্ফোরণটিকে ‘কান ফাটানো’ শব্দের বলে বর্ণনা করেছেন। নাম প্রকাশ না করা ওই বাসিন্দা রাষ্ট্র-সংশ্লিষ্ট ভিয়েতনামনেট পত্রিকাকে বলেন, ‘আলোর একটি ঝলক দেখা গেল, আর আমার চারপাশের দরজা, কাচ ও সবকিছু উড়ে গেল।’
ভিএনএক্সপ্রেসে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁটি প্রায় সম্পূর্ণ ধসে গেছে। বাইরের সরু রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে, যেখানে বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইক ক্ষতিগ্রস্ত বা উল্টে গেছে।
ঘটনাস্থলে দমকল বাহিনীর কয়েক ডজন কর্মীসহ অন্যান্য উদ্ধার কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ভিএনএক্সপ্রেস জানিয়েছে, চার ঘণ্টারও বেশি সময় পরেও তাঁরা ধ্বংসস্তূপ খুঁড়ে তল্লাশি চালাচ্ছিলেন এবং শহরের মেয়রও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এরই মধ্যে কাঠামোগতভাবে অনিরাপদ বলে বিবেচিত আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে।


