নামের মিলে ১৮ বছর কারাবাস: অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি পেলেন মোংলার বাদল ফরাজী

অসুস্থ মাকে দেখার জন্য ১৮ বছর পর চার সপ্তাহের প্যারোলে মুক্তির আদেশ পেয়েছেন মোংলার বাদল ফরাজী। গত ১৬ নভেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোল মঞ্জুর করে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ পাহারায় তিনি মোংলা পৌরসভার কুমারখালী এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন বাদল ফরাজী। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর নামের মিল থাকায় একটি হত্যা মামলায় তাঁকে আটক করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন বাদল সিং নামের এক ব্যক্তি।
পরে ভারতীয় আদালতে সাজা পেয়ে দেশটির কারাগারে ১০ বছর কাটান বাদল। বন্দী স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার পর বাংলাদেশের কারাগারেও আট বছর ধরে বন্দিজীবন কাটছে তাঁর।
বাদলের পরিবারের অভিযোগ, নামের মিলের কারণে নির্দোষ বাদলকে ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে। অথচ ১৮ বছর ধরে দুই দেশে জেল খাটছেন তিনি।
বাদলের আইনজীবীরা বিভিন্ন সময়ে ভারতের দিল্লি হাইকোর্টে প্যারোলের অনুমতির জন্য আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনার পর বাংলাদেশে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। গত ২৫ অক্টোবর প্যারোলের জন্য আবেদন করেন তাঁর বোন আকলিমা বেগম।
দীর্ঘদিন পর ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বৃদ্ধ মা শিফালী বেগম। তাঁর একটাই চাওয়া, ছেলেটাকে যেন স্থায়ী মুক্তি দেওয়া হয়।
পাঁচ ভাইবোনের মধ্যে বাদল দ্বিতীয়; তাঁর তিন বোন ও দুই ভাই রয়েছেন। দীর্ঘদিন পরিবারের বাইরে থাকায় স্বজনদের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হয়নি তাঁর। বাদল কারাগারে থাকাকালে তাঁর বাবা মারা গেছেন।
বাদল ফরাজীর শিক্ষাপ্রতিষ্ঠান মোংলার সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মোহাম্মদ জিয়াদ হোসাইন বলেন, তাজমহল দেখতে ভারতে যাওয়ার আগে বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিলেন।
জিয়াদ হোসাইন বলেন, তাঁর জানা মতে বাদল কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বাদলের সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার পাওয়া উচিত।
স্থানীয়রাও দাবি করেছেন, নামের সামান্য ভুলের কারণে বাদলকে দীর্ঘ ১৮ বছর কারাগারে থাকতে হয়েছে। নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন তিনি। তাঁরা বাদলের স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আবু সাদ্দাত বলেন, ‘দাপ্তরিক কাজ শেষে পুলিশের একটি দল বাদলকে নিয়ে মোংলায় রওনা হয়েছে।’
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বাদলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর স্থায়ী মুক্তির জন্য মন্ত্রণালয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।




