যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আদালতে মামলা করেছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের আদালতে মামলা করেছে ইরান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব আইনি প্রক্রিয়ায় বড় ধরনের এখতিয়ারগত বাধার মুখে পড়তে হবে তেহরানকে।
আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি রোববার জানান, যুক্তরাষ্ট্র ও চারটি ইউরোপীয় দেশের আদালতে 'যুদ্ধাপরাধ' নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে ইরান। চলমান যুদ্ধের প্রথম দিনে ফেব্রুয়ারিতে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী; সেই ঘটনাও মামলাগুলোর আওতায় রয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মামলাগুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোয় হামলার বিষয়ও থাকবে।
মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত শিশুদের পরিবারকে সম্মাননা জানানোর এক অনুষ্ঠানে আনসারি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় দাবি আদায়ে তাঁর দপ্তর দেশটির বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। কোন কোন আদালতে মামলা হয়েছে তা চিহ্নিত করা হয়নি, তবে আনসারি জানান, যেসব আদালত মামলাগুলোর এখতিয়ার গ্রহণ করেছে, সেখানেই প্রক্রিয়া শুরু হয়েছে। এর বাইরে তিনি সুনির্দিষ্ট বিবরণ দেননি।
যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের সহকারী অধ্যাপক সাঈদ বাঘেরি আল জাজিরাকে বলেন, 'ইরান তার জন্য উন্মুক্ত আইনি পথগুলো অনুসরণ করছে, জবাবদিহি চাইছে এবং প্রমাণ সংরক্ষণ করছে। ক্ষতিপূরণ একটি উদ্দেশ্য হতে পারে, কিন্তু তা মোটেই নিশ্চিত নয়।' তাঁর মতে, ইউরোপের মামলাগুলো তুলনামূলক কার্যকর পথ হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রে প্রক্রিয়াগুলো উল্লেখযোগ্য এখতিয়ারগত বাধার মুখে পড়বে।
আন্তর্জাতিক আদালতে ইরানের প্রবেশাধিকার সীমিত বলেই দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের আদালতে মামলা করছে। আনসারি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার বিষয়টি বিবেচনা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো তেহরানও ২০০২ সালে আদালতটি গঠনকারী রোম সংবিধির স্বাক্ষরকারী নয়; ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশের মতো স্বতন্ত্র এখতিয়ারভিত্তি প্রয়োজন হবে। বাঘেরি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) এখতিয়ার নির্ভর করে রাষ্ট্রের সম্মতির ওপর। তাঁর ভাষায়, 'ইরান কোনো আদালতেই শুধু শুনানি দাবি করতে পারে না।'
ইরান বলছে, যুদ্ধে ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত ও ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন। স্কুল, হাসপাতাল, সেতু ও জ্বালানি স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে দেশটি।
গত মার্চে হেগের ইরান-যুক্তরাষ্ট্র দাবি ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করে ইরান, যেখানে ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগের হুমকির অভিযোগ আনা হয়। ১৯৮১ সালের আলজিয়ার্স চুক্তির পর এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। রোববার আনসারি জানান, চলমান যুদ্ধ নিয়ে ট্রাইব্যুনালে দ্বিতীয় অভিযোগের প্রস্তুতি চলছে।
গত সেপ্টেম্বরে খামেনি ও সামরিক কমান্ডারদের হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১৫৯ জন জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ইরানের বিচার বিভাগ, জানিয়েছেন মুখপাত্র আলী কাজেমি। বিচার বিভাগ আরও জানিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের আদালতে প্রায় ৪০০টি মামলা হয়েছে, যার একটিতে বাদী ৩ লাখ ৫০ হাজার জন। সোমবার বিচার বিভাগের এক কর্মকর্তা জানান, স্থানীয় আদালতগুলো যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে।
এ ছাড়া গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে একটি পৃথক দেওয়ানি মামলা করেছে মার্কিন নাগরিক সমাজের সংগঠন ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল অ্যাকশন ও কয়েকজন ইরানি বাদী, যাদের মধ্যে মিনাব স্কুল বোমা হামলায় নিহত এক মেয়ের বাবাও রয়েছেন। মামলাটিতে ইরানে মার্কিন সামরিক অভিযান অসাংবিধানিক ছিল বলে রায় চাওয়া হয়েছে। এই মামলাটি ইরান সরকার করেনি।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশনের সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত 'যুদ্ধাপরাধ' করেছে। প্রতিবেদনে বলা হয়, স্কুলটির বেসামরিক প্রকৃতি স্পষ্ট ছিল এবং লক্ষ্যবস্তুটি সামরিক কি না তা যাচাইয়ে 'সম্ভাব্য সবকিছু' করার বাধ্যবাধকতা পালনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। অন্যদিকে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ফেব্রুয়ারিতে ইরানে কোনো মেয়েদের স্কুলে কেউ ইচ্ছাকৃতভাবে হামলা করেনি। পেন্টাগন অভ্যন্তরীণ তদন্ত শুরু করলেও এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।


