…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

২৫ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার ৬২৭ জন, অর্ধেকের বেশি শিশু: অধিকারের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
২৫ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার ৬২৭ জন, অর্ধেকের বেশি শিশু: অধিকারের প্রতিবেদন
ছবি: সংগৃহীত

গত ২৫ বছরে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ২১ হাজার ৬২৭ জন। তাঁদের মধ্যে ১১ হাজার ৭১৫ জনই শিশু, যা মোট ভুক্তভোগীর অর্ধেকের বেশি বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত ও বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করুন, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করুন’ শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরে অধিকার।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীগ্রন্থ প্রবর্তনার সংগঠক সানজিদা নূর। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে ২১ হাজার ৬২৭ জন ধর্ষণের শিকার হওয়ার তথ্য নথিভুক্ত করেছে অধিকার। তাঁদের মধ্যে ১১ হাজার ৭১৫ জন শিশু এবং ৯ হাজার ৫০৯ জন নারী। বাকি ৪০৩ জনের বয়স শনাক্ত করা যায়নি।

সানজিদা জানান, ধর্ষণের পর ১ হাজার ১৬৩ জনকে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৫২ জন শিশু। এ ছাড়া ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১৪০ জন, যাঁদের মধ্যে ৯১ জন শিশু।

তিনি আরও জানান, ২০০৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ হাজার ৪৩০ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৯১৪ জন শিশু।

সানজিদা নূর আরও জানান, যৌতুকের কারণে সহিংসতার শিকার হয়েছেন ৬ হাজার ৮১৫ জন নারী। তাঁদের মধ্যে ৩ হাজার ৭৪৮ জনকে হত্যা করা হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৭৮৭ জন এবং আত্মহত্যা করেছেন ২৮০ জন।

অধিকার জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে পুরুষ শিশুকে ধর্ষণের ঘটনাও অন্তর্ভুক্ত করার পর চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ২৫টি পুরুষ শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে সংগঠনটি।

সানজিদা নূর বলেন, গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। অনেক ঘটনা প্রকাশ্যে আসে না কিংবা গণমাধ্যমে গুরুত্ব পায় না, ফলে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে। ভুক্তভোগীরা এখনো পর্যাপ্ত আইনি সুরক্ষা পাচ্ছেন না। দেশে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষায় কোনো আইন নেই। বৈবাহিক ধর্ষণ এখনো স্বীকৃত নয়। এ ছাড়া যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনাও নারী ও শিশু নির্যাতন দমন আইনে অন্তর্ভুক্ত করা হয়নি।

সভায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও)-এর ২ ও ১৬ (১) (গ) অনুচ্ছেদের ওপর থেকে বাংলাদেশের সংরক্ষণ প্রত্যাহারের দাবি জানায় অধিকার।

অনুষ্ঠানে নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন নাহার বলেন, ২০২৬-২৭ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ মাত্র ৪২৮ কোটি টাকা। তিনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের দাবি জানান।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমুন নাহার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত একটি জরিপের তথ্য তুলে ধরেন। ওই জরিপ অনুযায়ী, দেশের ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা সঙ্গীর মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অধিকার সাত দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা; অনলাইন হয়রানি ও সাইবার সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া; গুমের শিকার ব্যক্তিদের নারী পরিবারের সদস্যদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা; নারীর প্রতি বৈষম্যমূলক আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন; আশ্রয়কেন্দ্র, হটলাইন ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটি শক্তিশালী করা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। এ ছাড়া সিডও সনদের ২ ও ১৬ (১) (গ) অনুচ্ছেদের ওপর থেকে সংরক্ষণ প্রত্যাহার ও প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানায় সংগঠনটি।

অধিকার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানি, ধর্ষণের হুমকি, ছবি বিকৃতি, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি প্রকাশ ও অপপ্রচারের ঘটনা বাড়ছে। বিশেষ করে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীরা মতপ্রকাশের কারণে অনলাইন হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন।

অধিকারের পরিচালক তাসকিন ফাহমিনার সঞ্চালনায় আলোচনায় উবিনীগ, নারীগ্রন্থ প্রবর্তনা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিরা বক্তব্য দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…