নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট যোগাযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এই অবরোধ করা হয়।
অবরোধের ফলে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় মহানগর প্রভাতী ও কালনী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় যাত্রা বিলম্বিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে।
ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা থেকে মাছিহাতা, বাসুদেব এবং সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়।
বক্তারা বলেন, কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী বরিশলে যুক্ত হবে না এবং তা কোনোভাবেই মানা হবে না। তাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলে বক্তারা জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



