নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানিকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক রুদ্ধদ্বার অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করবেন। দীর্ঘদিনের এই প্রসিকিউটর ও ‘আমেরিকার মেয়র’ হিসেবে পরিচিত জুলিয়ানির আজীবন জনসেবার স্বীকৃতিতেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা কংগ্রেসনাল গোল্ড মেডেলের পাশাপাশি অবস্থান করে। মার্কিন নিরাপত্তা, জাতীয় স্বার্থ, বিশ্ব শান্তি কিংবা উল্লেখযোগ্য সরকারি ও বেসরকারি কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হয়।
এক বিবৃতিতে ৮২ বছর বয়সী জুলিয়ানি বলেছেন, নিজের দেশের কাছ থেকে এবং প্রধান সেনাপতি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের কাছ থেকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পেয়ে তিনি সম্মানিত ও বিনীত বোধ করছেন।
সাবেক বস প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের উদ্ধৃতি দিয়ে জুলিয়ানি আরও বলেন, কে কৃতিত্ব পেল তা নিয়ে মাথা না ঘামালে একজন মানুষ কী করতে পারে বা কোথায় যেতে পারে, তার কোনো সীমা নেই। তিনি এই কৃতিত্ব ভাগ করে নিয়েছেন তাঁর সঙ্গে কাজ করা, তাঁর সঙ্গে দ্বিমত করা ও তাঁকে ভালোবাসা সব নারী-পুরুষের সঙ্গে—বিশেষ করে যাঁরা তাঁদের একসঙ্গে নেওয়া উদ্যোগে প্রাণ হারিয়েছেন।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস জুলিয়ানির কয়েক দশকের আইন প্রয়োগ ও নগর নেতৃত্বের রেকর্ডের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জুলিয়ানির কাজ নিউইয়র্ক সিটি ও পুরো দেশে স্থায়ী প্রভাব রেখেছে।
ওয়েলস বলেন, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি হিসেবে জুলিয়ানি মাফিয়া প্রধানদের পতন ঘটিয়েছিলেন এবং অপরাধের বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়েছিলেন। মেয়র হিসেবে তিনি অপরাধে জর্জরিত নিউইয়র্ককে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহরে রূপান্তরিত করেন, অর্থনৈতিক সুযোগ ও সাংস্কৃতিক উৎকর্ষের পরিবেশ গড়ে তোলেন। আর ১১ সেপ্টেম্বরের মর্মান্তিক হামলার পর তিনি মন্দের মুখে শক্তিশালী আমেরিকান নেতৃত্বের পরিচয় দেন।
ওয়েলস আরও বলেন, আমেরিকার জনগণের প্রতি আজীবন সেবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প গর্বের সঙ্গে ‘আমেরিকার মেয়র’ জুলিয়ানিকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে সম্মানিত করবেন।




