প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন পাঁচ নারী ও মেয়েশিশু: জাতিসংঘের প্রতিবেদন
২০২৫ সালে বিশ্বজুড়ে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু খুন হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই হিসাব অনুযায়ী, বিশ্বে গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও মেয়েশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘ এই পরিসংখ্যান প্রকাশ করে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসি এবং জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন যৌথভাবে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত বছর বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর মধ্যে ৬০ শতাংশই নিজ সঙ্গী বা আত্মীয়স্বজনের হাতে প্রাণ হারিয়েছে।
ইউএন উইমেনের আলাদা এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে প্রতি তিন নারীর মধ্যে প্রায় একজন তাঁর জীবদ্দশায় শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। তবে ভুক্তভোগীদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
জাতিসংঘ বলেছে, দুটি প্রতিবেদনের তথ্য এক করা হলে সহিংসতার এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে, যা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এসব ঘটনা বেশির ভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায় এবং অপরাধীদের শাস্তিও হয় কদাচিৎ। ফলে নারীরা তাঁদের সুরক্ষার জন্য গড়ে ওঠা বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর থেকে ক্রমেই আস্থা হারিয়ে ফেলছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা থেকে বেঁচে ফেরা অনেক নারীর জন্যই নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলার মানে হলো নিজের আশ্রয়, সন্তান, আর্থিক নিরাপত্তা এমনকি জীবনকেও চরম ঝুঁকির মুখে ফেলা।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বনজভান্ডা বলেন, বিদ্যমান বিচারব্যবস্থায় নীরব থাকাটাই সবচেয়ে নিরাপদ হওয়ায় সহিংসতার শিকার নারীদের সহায়তা চাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা দেশগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই এই নীরবতা আরও গভীর হচ্ছে, আগের তুলনায় সহায়তা চাওয়া নারীর সংখ্যা কমে গেছে — ‘আমরা আসলে পেছনের দিকে হাঁটছি।’
৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে তৈরি ইউএন উইমেনের ‘অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভরস অব ভায়োলেন্স’ প্রতিবেদনে বিশ্বজুড়ে ৮৪ কোটি নারী ও মেয়েশিশুর জীবদ্দশায় কোনো না কোনো সময় শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হওয়ার তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তা নেন। আরও উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের কাছে নথিভুক্ত মামলাগুলোর ৬৩ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত অপরাধীদের কোনো সাজা হয় না।
ইউএন উইমেনের নারী নির্যাতন প্রতিরোধ বিভাগের প্রধান ক্যালিওপি মিংগিরউ বলেন, নির্যাতনের শিকার নারীদের বারবার নানা জেরা ও ভয়ভীতির মুখে পড়তে হয়, অন্যদিকে ক্ষমতাশালী অপরাধীদের বেশির ভাগ সময়ই কোনো শাস্তি হয় না। এশিয়ায় নির্যাতনের শিকার নারীদের মাত্র ১৬ শতাংশ সহায়তা চান; আফ্রিকায় এই হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মাত্র ১৪ শতাংশ ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন।
অনলাইনে হয়রানির চিত্রও সমান উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউএন উইমেনের এক জরিপে অংশ নেওয়া জনজীবনে সক্রিয় বা বিভিন্ন পেশায় জড়িত ৭০ শতাংশ নারী অনলাইনে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
গুম্বনজভান্ডা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’ ছবি নারীদের নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায় — সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এভাবে প্রাণ হারান। এরপর রয়েছে আমেরিকা অঞ্চল (১ দশমিক ৪), ওশেনিয়া (১ দশমিক ১), এশিয়া (০ দশমিক ৬) এবং ইউরোপ (০ দশমিক ৫)।
বিশ্বজুড়ে সার্বিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার কমেছে অনেক ধীরগতিতে। পরিসংখ্যান বলছে, ২০১০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে নারীহত্যার চেয়ে সাধারণ হত্যাকাণ্ডের হার প্রায় দ্বিগুণ হারে কমেছে, আর ইউরোপে এই হার কমেছে দেড় গুণ দ্রুতগতিতে।
ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, ভীতিকর মনোভাব, প্রচলিত সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা সমাজে এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করার মতো অপরাধও ‘সহনীয়’ হয়ে উঠছে।
ভুক্তভোগীরা শারীরিক প্রমাণ দেখাতে না পারলেও কিংবা নির্যাতনের প্রতিটি খুঁটিনাটি মনে করতে না পারলেও তাঁদের কথা বিশ্বাস করার জন্য সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘কাউকে বিশ্বাস করতে কোনো অর্থ ব্যয় হয় না। অথচ নির্যাতনের শিকার একজন মানুষকে বিশ্বাস করা প্রতিবারই পরিস্থিতি বদলে দিতে পারে।’


