রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে যেতে চাওয়া জিম্বাবুয়ের নাগরিককে দক্ষিণ আফ্রিকায় পাঁচ বছরের স্থগিত কারাদণ্ড
রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে যেতে চাওয়ার দায়ে জিম্বাবুয়ের এক নাগরিককে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি আদালত। তাফাদজওয়া সিথোলে নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে সাজাটি পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে; অর্থাৎ এই সময়ের মধ্যে একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত না হলে তাঁকে এই সাজা ভোগ করতে হবে না। সিথোলেকে জিম্বাবুয়েতে ফেরত পাঠানো (নির্বাসন) হবে।
চলতি মাসের শুরুতে আরও আটজনের সঙ্গে সিথোলেকে গ্রেপ্তার করা হয়। গত ৮ নভেম্বর জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাশিয়াগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করার সময় তিনি ধরা পড়েন।
আদালতে সিথোলে বলেন, জিম্বাবুয়েতে অনলাইনে সফলভাবে আবেদন করার পর পারিশ্রমিকের বিনিময়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে তিনি রাজি হয়েছিলেন। তাঁর আইনজীবী আদালতকে বলেন, ‘তিনি জানতেন রাশিয়ান ফেডারেশন ইউক্রেনের সঙ্গে চলমান সশস্ত্র সংঘাতে জড়িত এবং তিনি যে সামরিক সেবা দিতে চেয়েছিলেন তা ওই সংঘাতের প্রেক্ষাপটেই হতো।’
সিথোলে জানান, আবেদন জমা দেওয়ার পর ‘আলবিনা’ নামে নিজেকে পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় তাঁর থাকার ব্যবস্থা করেন এবং রাশিয়ায় যাওয়ার ফ্লাইটের টিকিট দেন। তাঁর এই স্বীকারোক্তি দক্ষিণ আফ্রিকার প্রসিকিউটরদের সঙ্গে করা একটি প্লি চুক্তিতে (দোষ স্বীকারের বিনিময়ে চুক্তি) বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
তিনি ‘রেগুলেশন অব ফরেন মিলিটারি অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট’ লঙ্ঘনের দায়ে দোষ স্বীকার করেছেন। এই আইন ভাড়াটে সৈনিকের তৎপরতা নিষিদ্ধ করে এবং বিদেশি সংঘাতের পক্ষগুলোকে সামরিক সহায়তা—নিয়োগ ও প্রশিক্ষণসহ—নিয়ন্ত্রণ করে; আইনটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।
নিজেকে জিম্বাবুয়ের একটি বিশ্ববিদ্যালয়ের বেকার তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া সিথোলে আরও চার অভিযুক্তের সঙ্গে আদালতে হাজির হন, যাঁরাও প্রসিকিউটরদের সঙ্গে প্লি চুক্তি নিয়ে আলোচনা করছেন। তিনি জানান, গত ৪ নভেম্বর তিনি বৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেন এবং রাশিয়া যাত্রার প্রস্তুতি হিসেবে জোহানেসবার্গের পূর্বে কেম্পটন পার্কে একটি আবাসনে ছিলেন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়া যেসব আফ্রিকান দেশ থেকে যোদ্ধা নিয়োগ করছে, জিম্বাবুয়ে সেগুলোর একটি। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, বতসোয়ানা ও ঘানা।
জিম্বাবুয়ে কর্তৃপক্ষ গত মার্চে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে তাদের ১৫ নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৬৬ জনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকারের ভাষ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের ভালো বেতনের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তাঁদের ভ্রমণ নথি জব্দ করে যুদ্ধে নামতে বাধ্য করা হয়।
কেনিয়ার সরকার গত ফেব্রুয়ারিতে জানায়, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে তাদের ১ হাজারের বেশি নাগরিককে নিয়োগ করা হয়েছে। গত মার্চে নাইরোবিতে পরিবারগুলো বিক্ষোভ করে তাঁদের স্বজনদের ফেরত আনা এবং দায়ীদের বিচারের দাবি জানায়। অলাভজনক ডেটা সাংবাদিকতা ও প্রযুক্তি সংগঠন কোড ফর আফ্রিকার এক তদন্তে মিথ্যা বিজ্ঞাপন ও উদার সুবিধার প্রতিশ্রুতি দিয়ে নিয়োগপ্রার্থীদের প্রলুব্ধ করতে ব্যবহৃত ২৮৯টি ওয়েবসাইট, ডোমেইন ও সামাজিক মাধ্যম প্রোফাইল শনাক্ত করা হয়েছে।


