কঙ্গোতে বুনিয়ার দিকে অগ্রযাত্রা থামাল লুবাঙ্গার বিদ্রোহী গোষ্ঠী, দখল করা এলাকা থেকে সরে গেল যোদ্ধারা
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর সম্প্রতি দখল করা এলাকাগুলো থেকে সরে গেছে বিদ্রোহী গোষ্ঠী কনভেনশন ফর দ্য পপুলার রেভোলিউশন (সিআরপি)। দণ্ডিত যুদ্ধাপরাধী থমাস লুবাঙ্গার নেতৃত্বাধীন এই গোষ্ঠী মঙ্গলবার জানিয়েছে, তারা ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার দিকে অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে।
সিআরপি এক বিবৃতিতে জানিয়েছে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির মধ্যস্থতায় কঙ্গো সরকারের সঙ্গে আলোচনায় দেওয়া প্রতিশ্রুতির কারণেই তারা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গোষ্ঠীটি বলেছে, কঙ্গো সরকার ও সিআরপির মধ্যে ‘স্টেট হাউসে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়েই’ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোষ্ঠীটি ৯ অক্টোবর উগান্ডায় অনুষ্ঠিত একটি বৈঠকের কথা উল্লেখ করেছে। ওই বৈঠকে লুবাঙ্গা এবং কঙ্গো সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছিল।
সরে যাওয়ার এই ঘোষণা এল এমন এক সময়ে, যখন মাত্র এক দিন আগেই সিআরপি বুনিয়ার প্রায় ২৫ কিলোমিটার উত্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইগা-ব্যারিয়েরে এলাকা দখল করে নিয়েছিল। ওই দখলের পর সরকারি সেনারা পিছু হটে প্রাদেশিক রাজধানীর দিকে সরে যেতে বাধ্য হয়।
সিআরপির নেতা থমাস লুবাঙ্গা একসময় ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিয়টসের নেতা ছিলেন। শিশু সেনা নিয়োগ ও ব্যবহারের অভিযোগে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁকে দোষী সাব্যস্ত করে। তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সাজা শেষে ২০২০ সালের মার্চে তিনি মুক্তি পান। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় এখনো তাঁর নাম রয়েছে।
লুবাঙ্গা ২০২৫ সালে সিআরপি গঠনের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে তিনি কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদির বিরুদ্ধে নতুন আরেকটি যুদ্ধক্ষেত্র খোলেন।
এদিকে লড়াইয়ের প্রভাব পড়েছে বেসামরিক সেবাতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার জানিয়েছে, বুনিয়ার উত্তরে ইতুরি প্রদেশের একটি হাসপাতালের কাছে লড়াইয়ের কারণে স্বাস্থ্যকর্মী ও সহায়তা অংশীদারদের সরিয়ে নিতে হয়েছে, যার ফলে ইবোলা মোকাবিলার কার্যক্রম ব্যাহত হয়েছে।
কঙ্গো বর্তমানে তার সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখোমুখি। এই প্রাদুর্ভাব দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর একটি ইতুরি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সপ্তাহান্ত থেকে আবার লড়াই শুরু হওয়ার পর হাজারো বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়ে বুনিয়ার দিকে সরে গেছেন।


