ফ্লোরিডায় ক্যাম্পিংয়ের তাঁবুতে গুলিতে তরুণ নিহত, বাবা বলছেন এটি কোনো শিকার-দুর্ঘটনা নয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ক্যারি ওয়াশিংটন ভিনসন। ব্ল্যাকওয়াটার নদীর কাছে একটি ক্যাম্পগ্রাউন্ডে নিজের তাঁবুর ভেতরে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি লাগে। তাঁর বাবা, ফ্লোরিডার সদ্য নির্বাচিত কাউন্টি কমিশনার জো ভিনসন বলেছেন, এই গুলির ঘটনা কোনো ‘অদ্ভুত শিকার-দুর্ঘটনা’ নয় — এটি ছিল বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যের হামলা।
পুলিশ জানিয়েছে, গুলির খবর পেয়ে জরুরি ডাকে সাড়া দিয়ে তারা ফ্লোরিডার হোল্টের ওই ক্যাম্পগ্রাউন্ডে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তরুণটিকে পায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জো ভিনসন লিখেছেন, ‘আমরা যতটা বুঝতে পারছি, কেউ বা কয়েকজন নদীর ওপারে দাঁড়িয়ে বালুচরের ক্যাম্পগ্রাউন্ডের দিকে বন্দুক তাক করেছিল, অথচ তারা জানত সেখানে লোকজন আছে।’
সান্তা রোসা কাউন্টির চিফ ডেপুটি র্যান্ডি টিফট মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুলির সময় নদীর ওপারে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং গুলির পর সেটিকে চলে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
এসকাম্বিয়া কাউন্টিতে সম্প্রতি কমিশনার নির্বাচিত হওয়া ভিনসন এক বিবৃতিতে বলেছেন, গুলির ঘটনাটি দুর্ঘটনা — এমন ‘ভুল ধারণা’ তিনি সংশোধন করতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, ‘এটি কোনো অদ্ভুত শিকার-দুর্ঘটনা নয় — অন্ধকারে কারও অসাবধানে ছোড়া গুলিও নয়।’
ভিনসনের ভাষ্য অনুযায়ী, নদীর ওপারে থাকা ব্যক্তিরা এতটাই কাছে ছিল যে তারা ক্যাম্পের আগুন দেখতে পাচ্ছিল এবং লোকজনের কথা শুনতে পাচ্ছিল। তিনি লিখেছেন, ‘তারা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে একের পর এক গুলি ছুড়েছে। আতঙ্কিত ক্যাম্পাররা “থামো” বলে চিৎকার করলে কিছুক্ষণ থেমে তারা আবার গুলিবর্ষণ করে, তারপর হাসতে হাসতে গাড়ি চালিয়ে চলে যায়।’
স্থানীয় শেরিফের কার্যালয় ক্যাম্পগ্রাউন্ডে কোনো সন্দেহজনক তৎপরতা কারও চোখে পড়ে থাকলে তা জানাতে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছে। ভিনসনও গুলির ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে পুলিশের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বাবা জানিয়েছেন, তাঁর ছেলে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁকে ‘চিন্তাশীল তরুণ’ হিসেবে বর্ণনা করে ভিনসন বলেছেন, ছেলে ছিলেন প্রাণবন্ত ও খেলাধুলাপ্রিয় — ফুটবল খেলতেন, পাহাড়ে হাইকিং করতেন।
ভিনসন লিখেছেন, সবার আগে জিওত্তোর টাওয়ার আর মাউন্ট ফুজির চূড়ায় পৌঁছে যেতেন তাঁর ছেলে। তবে সবচেয়ে বড় কথা, বন্ধুবান্ধব, পরিবার, প্রাণী আর প্রান্তিক মানুষের প্রতি তাঁর ছিল কোমল ও ভালোবাসাপূর্ণ হৃদয়।




