নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনে প্রথম জোট চুক্তি আইজেনকটের, সঙ্গী লিবারম্যানের ইসরায়েল বেইতেনু

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে একটি চুক্তি করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। চুক্তিটি হয়েছে ইয়াশার ও নেতানিয়াহুবিরোধী আরেক দল ইসরায়েল বেইতেনুর মধ্যে। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর এটিই বিরোধী দলগুলোর মধ্যে প্রথম কোনো জোট চুক্তি।
গতকাল মঙ্গলবার আইজেনকটের দল ইয়াশার জানায়, এদিন তিনি ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা একটি চুক্তিতে সম্মত হন।
লিবারম্যান নির্বাচনের আগে থেকেই নেতানিয়াহুর কড়া সমালোচনা করে আসছেন। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো তাঁর লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়।
এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের জন্য আলোচনার সময় দেন গাদি আইজেনকটকে। তখন থেকে সরকার গঠনের জন্য দফায় দফায় আলোচনা চলছে।
নির্বাচনে নেতানিয়াহুবিরোধী যে জোট দাঁড়িয়েছিল, তার নেতৃত্বে রয়েছেন আইজেনকট। ইসরায়েল বেইতেনুও ওই জোটে রয়েছে। তবে জোটের সদস্য দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকায় শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েল বেইতেনুর সঙ্গে একতাবদ্ধ হয়ে সরকার গঠনের চুক্তি করলেন আইজেনকট।
গত নির্বাচনে কোনো দলই পার্লামেন্টে সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ আসন প্রয়োজন হয়। তবে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি। অপরদিকে আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। নির্বাচনে আরব দলগুলো একত্রে পেয়েছে ১৯ আসন। আরবদের এই সফলতা ইসরায়েলে নজিরবিহীন।
নির্বাচনে আইজেনকটের দল পেয়েছে ২১ আসন। আর লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাই এই চুক্তিকে আইজেনকটের প্রাথমিক সফলতা বলা চলে।
সরকার গঠনের জন্য অন্তত ৬১ আসনের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে হয় বিরোধীদের আরব দলগুলোর সহায়তা নিতে হবে, না হয় নেতানিয়াহু জোটের কোনো দলকে পাশে পেতে হবে।
নেতানিয়াহুকে হটাতে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে সমর্থন করবে — এমন সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে লিবারম্যান নারাজ ছিলেন। কারণ, তিনি আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন। তাই আইজেনকটের সঙ্গে লিবারম্যানের দলের যে চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে, তা কিছুটা বিস্ময়কর।
এদিকে নেতানিয়াহু ইহুদি দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথাও বলছেন। এ নিয়ে আলোচনাও চলছে। তবে লিবারম্যান নেতানিয়াহুকে নিয়ে ঐক্যের সরকার গঠনের বিরোধী।
আইজেনকট জোটের আরেক দল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানও নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার চান না। তিনি বরং আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনে আগ্রহী।
গতকাল গোলানের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি জানিয়ে দিয়েছে, তারা আইজেনকটের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা স্থগিত করছে। নেতানিয়াহুর সঙ্গে আইজেনকটের জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনায় অগ্রগতির কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
এখন লিবারম্যানের সঙ্গে চুক্তির কারণে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টায় কিছুটা হলেও এগিয়ে গেলেন আইজেনকট। তাঁর হাতে সময়ও বেশি নেই। ৬ ডিসেম্বরের পর তিনি সরকার গঠনের আলোচনার জন্য আরও ১৪ দিন সময়ের জন্য আবেদন করতে পারবেন। এতে ব্যর্থ হলে সরকার গঠনে আলোচনার সুযোগ পাবেন নেতানিয়াহু। তা-ও ব্যর্থ হলে আগামী বছর নতুন নির্বাচন হবে।



