ইরানে ভোরে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা, জাতিসংঘের হস্তক্ষেপ চাইল মানবাধিকার সংগঠন

ইরানে সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড বুধবার (২৫ নভেম্বর) ভোরে কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআরএনজিও)। মিলাদ আরমুন (২৭) ও নাভিদ নাজরান (৩৪) নামের এই দুজন গেজেল হেসার কারাগারে তিন দিন ধরে মৃত্যুদণ্ডের অপেক্ষার কক্ষে রয়েছেন।
সংগঠনটি জানিয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর ২১ নভেম্বর দুজনকে নির্জন কারাকক্ষে সরিয়ে নেওয়া হয়। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ভোরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
আরমুন ও নাজরান ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের সময় গ্রেপ্তার হন। তাঁরা আলোচিত ‘একবাতান মামলা’র আসামি। দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের সময় ইরানের বাসিজ আধা সামরিক বাহিনীর সদস্য আরমান আলিভেরদির মৃত্যুর ঘটনায় এই মামলা হয়; আলিভেরদি তেহরানের একবাতান এলাকায় অস্থিরতার সময় আহত হয়ে দুই দিন পর মারা যান।
আইএইচআরএনজিওর এক সূত্র জানিয়েছে, দুজন আগে হত্যার অভিযোগের আসামিদের রাখা ৩৩ নম্বর ওয়ার্ডে ছিলেন; সেখান থেকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি হিসেবে তাঁদের নির্জন কক্ষে নেওয়া হয়।
হত্যার অভিযোগ থেকে খালাস পেলেও গত মে মাসে তেহরানের বিপ্লবী আদালতের ১৫ নম্বর শাখা বিচারক আবুলকাসেম সালাভাতির নেতৃত্বে তাঁদের মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ ছিল ‘এফসাদ-ফিল-আরজ’ বা ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানো’, যা ইরানি আইনে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। সালাভাতি রাজনৈতিক মামলা পরিচালনা ও সরকারবিরোধীদের কঠোর সাজা দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের সমালোচনার মুখে রয়েছেন।
ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই সাজা নিন্দা করে তাৎক্ষণিক আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্যাতন, জোর করে আদায় করা স্বীকারোক্তি এবং চরম অন্যায্য বিচারের পর মিলাদ আরমুন ও নাভিদ নাজরানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হলে তা হবে অপূরণীয় অন্যায় এবং রাজনৈতিক দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহারের আরেকটি উদাহরণ। জোরালো আন্তর্জাতিক প্রতিক্রিয়াই হয়তো তাঁদের জীবন বাঁচানোর একমাত্র উপায়। আমরা জাতিসংঘ এবং ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা সব সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করে এই মৃত্যুদণ্ড থামানোর আহ্বান জানাই।’
আরমুন ২০২২ সালের নভেম্বরে তেহরানে এবং নাজরান পরের মাসে আহভাজে গ্রেপ্তার হন। ইরান হিউম্যান রাইটসের অভিযোগ, আত্মদোষমূলক স্বীকারোক্তি আদায়ের জন্য দুজনকেই নির্যাতন ও নিপীড়ন করা হয় এবং সেসব স্বীকারোক্তি পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়।
প্রতিরক্ষা আইনজীবীদের অভিযোগ, বিচারিক কর্তৃপক্ষ আইনজীবীদের শুনানিতে বাধা দিয়েছে, মামলার নথি আটকে রেখেছে এবং আপিলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। হত্যার অভিযোগে আগের মৃত্যুদণ্ডগুলো বাতিল হয়েছিল এবং পৃথক এক বিচারে নাজরান হত্যায় জড়িত থাকার অভিযোগ থেকে খালাস পান। তবে পরে বিপ্লবী আদালত জাতীয় নিরাপত্তা আইনে তাঁদের মৃত্যুদণ্ড দেয়।
একই মামলার আরও দুই আসামি মেহদি ইমানি ও সৈয়দ মোহাম্মদ মেহদি হোসেইনির মৃত্যুদণ্ড বাতিল হয়ে তাঁদের মামলা পুনর্বিচারের জন্য পাঠানো হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।
২০২২ সালে নৈতিকতা পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী কুর্দি ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলন ছড়িয়ে পড়ে। হিজাব ঠিকমতো না পরার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। সেই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং কয়েক দশকের মধ্যে ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে ওঠে।



