শর্ত যাই হোক, ইরান যুদ্ধ এখনই শেষ চান ৫৫ শতাংশ মার্কিন ভোটার: জরিপ
যুক্তরাষ্ট্রের ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশ চান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এখনই শেষ হোক, এমনকি তাতে কম অনুকূল শর্ত মেনে নিতে হলেও। মঙ্গলবার প্রকাশিত ক্রিটিক্যাল ইস্যুজ পোলের ফলাফলে দেখা গেছে, জরিপে অংশ নেওয়াদের ৫৫ শতাংশ বলেছেন, ‘শর্ত যাই হোক, যুদ্ধ এখনই শেষ হোক’।
দলভিত্তিক হিসাবে এই মত সবচেয়ে জোরালো ডেমোক্র্যাটদের মধ্যে। ডেমোক্র্যাট ভোটারদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ যুদ্ধ অবিলম্বে শেষ করার পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে এই হার প্রায় ২৫ শতাংশ।
জরিপটি চালিয়েছে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসস। এতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক মানুষের মতামত নেওয়া হয়েছে।
একটি প্রশ্নে উত্তরদাতাদের তিনটি বিকল্পের মধ্যে বেছে নিতে বলা হয়—যুদ্ধ অবিলম্বে শেষ করা, সামরিকভাবে চাপ বাড়ানো, অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের জন্য বর্তমান পথে চলতে থাকা। মাত্র ২১ শতাংশ বর্তমান পথে চলার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক চাপ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি বলেছেন, শর্ত নির্বিশেষে যুদ্ধ শেষ করার পক্ষে এত বেশি সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন। তাঁর ভাষায়, ‘আমরা জানতাম মানুষ এই যুদ্ধের প্রবল বিরোধী এবং এটি শেষ হোক চায়। কিন্তু তা অর্জনের জন্য তারা কী মেনে নিতে রাজি, তা নিয়ে আমরা ততটা নিশ্চিত ছিলাম না।’ তিনি আরও বলেছেন, ‘স্পষ্টতই জনমত হলো—যা-ই লাগুক, এখনই শেষ হোক।’
ডেমোক্র্যাট ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে যুদ্ধ থামাতে চাপ দেওয়ার পদক্ষেপের পক্ষেও মত দিয়েছেন। দলটির ৫৩ শতাংশ সদস্য বলেছেন, সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন আটকে দেওয়ার পক্ষে তাঁরা। আর ৫১ শতাংশ বলেছেন, আসন্ন বাজেট আলোচনায় ‘ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের’ শর্ত জুড়ে দেওয়া হোক, এমনকি তাতে সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) হওয়ার ঝুঁকি থাকলেও।
যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের যুক্তি নিয়েও ভোটারদের সংশয় ধরা পড়েছে জরিপে। যুদ্ধের অন্যতম যুক্তি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। কিন্তু জরিপে মাত্র ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান এখন ‘খারাপ অবস্থায়’ পড়েছে। জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা মূল্যায়নে এমন প্রমাণ পাওয়া যায়নি যে ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের পর তেহরান আবার তা চালুর অনুমোদন দিয়েছে।
হরমুজ প্রণালি নিয়েও উত্তরদাতাদের ধারণা জরিপে উঠে এসেছে। যুদ্ধের শুরুর দিকে ইরান বাণিজ্যিক চলাচলের জন্য প্রণালিটি বন্ধ করে দেয়, আর ট্রাম্প প্রশাসন সেখানে নৌ অবরোধ দিয়ে জবাব দিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে যায় এবং যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে। জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন প্রণালির নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, আর মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে।
জরিপটি এমন সময়ে এল, যখন ডেমোক্র্যাট দলের ভেতরে অজনপ্রিয় এই যুদ্ধ শেষ করতে কতদূর যাওয়া উচিত তা নিয়ে বিতর্ক চলছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে জনরোষ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো সংশ্লিষ্ট বিষয় ডেমোক্র্যাটদের বড় জয়ে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ হারিয়েছে, যা আধুনিক মার্কিন ইতিহাসে দলটির সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি বলে বর্ণনা করা হয়েছে।
প্রতিনিধি হাকিম জেফরিস ও সিনেটর চাক শুমারের মতো নেতারা যুদ্ধ শেষের পক্ষে সমর্থন জানালেও আগ্রাসী কৌশলে এখনো অঙ্গীকার করেননি—এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করা কিংবা ডিসেম্বরের আসন্ন অর্থায়ন লড়াইয়ে হোয়াইট হাউসের কাছে যুদ্ধ শেষের দাবি তোলা। তেলহামি বলেছেন, ‘অনেক ডেমোক্র্যাট নেতা এই বিষয়ে জনমতের তীব্রতাকে খাটো করে দেখছেন। তারা মানিয়ে না নিলে পেছনে পড়ে থাকবেন।’
জরিপে আরও দেখা গেছে, সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটর ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা জোরালো অবস্থানের জন্য চাপ দিচ্ছেন। মার্কিন সিনেটে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বের জন্য শুমারকে চ্যালেঞ্জ করা ভ্যান হলেন যুদ্ধ ইস্যুতে দলের মধ্যপন্থী নেতৃত্বকে ভোটারদের সঙ্গে তালমিলহীন হিসেবে তুলে ধরছেন। জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট ভোটাররা প্রায় তিন গুণ ব্যবধানে শুমারের চেয়ে ভ্যান হলেনকে পছন্দ করেন।



