মিসিসিপি উপকূলে ৬ আরোহী নিয়ে ছোট বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ সবার খোঁজে তল্লাশি চলছে

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে ছয়জন আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে দুটি শিশুও ছিল। মঙ্গলবারের এই দুর্ঘটনার পর তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানিয়েছে, সেসনা বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলেশিশু ছিল। মঙ্গলবার বিকেলে হর্ন আইল্যান্ডের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে জানিয়েছে, সেসনা ২১০ বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগুলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়।
কোস্ট গার্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, এফএএ টাওয়ার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে কোস্ট গার্ডকে ফোন করে জানায় যে সেসনাটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বিমানটি মিনিটে প্রায় ১০ হাজার ফুট বেগে নিচে নামছিল এবং শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে বিধ্বস্ত হয়।
তল্লাশি অভিযানে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো আরোহীকে পাওয়া যায়নি বলে কোস্ট গার্ড জানিয়েছে। দুর্ঘটনাস্থলে একাধিক সংস্থা কাজ করছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।




