অবসরের পরও যে মামলা ছাড়তে পারেননি এফবিআই এজেন্ট কলিন্স: নেক্সাসের দুই কর্ণধারের বিরুদ্ধে চুরির রায়

জেন কলিন্স এফবিআইয়ে কাজ করেছেন ৩০ বছর। কিন্তু অবসরের পরও একটি মামলা তাকে ছাড়েনি — প্রতারক, সাবেক যাজক ও কোটিপতি মাইকেল ডোনোভান এবং তার স্বামী রিচার্ড মুরের মামলা। গত মাসে এই দুজনকে পার্কল্যান্ড হামলাকারীর ভাইয়ের কাছ থেকে অর্থ চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে, আর সেই বিচারে সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কলিন্সের।
ডোনোভান ও মুরের প্রতিষ্ঠান ‘লিব্রে বাই নেক্সাস’ যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্র থেকে মুক্তি পেতে চাওয়া অভিবাসীদের কাছ থেকে ২০ কোটি ডলারের (১৫ কোটি ২০ লাখ পাউন্ড) বেশি আয় করেছিল। কিন্তু সরকারি নিয়ন্ত্রকদের ভাষায় এটি ছিল একটি প্রতারণা। আটক অভিবাসীদের ঠকানোর দায়ে তাদের ৮১ কোটি ১০ লাখ ডলার জরিমানা করা হয়, তবু প্রতারণা থামেনি।
কলিন্স ২০১৬ সাল থেকে ২০২১ সালে এফবিআই থেকে অবসর নেওয়া পর্যন্ত নেক্সাসের তদন্ত করেছেন। কিন্তু তার প্রায় ছয় বছরের তদন্তের পর দুজনের বিরুদ্ধে একমাত্র ফেডারেল ফৌজদারি অভিযোগ ছিল মুরের বিরুদ্ধে একটি কর-সংক্রান্ত অভিযোগ।
মামলার মোড় ঘোরে জ্যাক ক্রুজকে ঘিরে। ফ্লোরিডার পার্কল্যান্ডে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে তার বড় ভাই ১৪ শিক্ষার্থী ও তিন কর্মীকে গুলি করে হত্যা করার কয়েক সপ্তাহ পর জ্যাকারি ক্রুজ স্কুল ক্যাম্পাসে গিয়ে গ্রেপ্তার হন; অনধিকার প্রবেশের অভিযোগে তার জামিন ধার্য হয় পাঁচ লাখ ডলার।
তার এক বন্ধু নেক্সাসের সঙ্গে যোগাযোগ করেন। ডোনোভান ও মুর শুধু তার জামিনের অর্থই দেননি, জেল থেকে তাকে নিজেরা নিয়ে গিয়ে হোটেলে তোলেন। পরে ক্রুজ তাদের সঙ্গে ভার্জিনিয়ায় থাকতে শুরু করেন এবং গণমাধ্যমের আলোতেও আসেন। তাদের নিয়ে ‘বিয়িং জ্যাক ক্রুজ’ নামে একটি স্বল্পস্থায়ী অনলাইন রিয়েলিটি শোও তৈরি হয়।
কিন্তু তদন্তকারীরা পরে দেখতে পান, এই দম্পতি ক্রুজের প্রয়াত মায়ের জীবনবিমার চার লাখ ডলারও নিয়ে নিয়েছেন। কাউন্টির তল্লাশি পরোয়ানা অনুযায়ী ব্যাংক রেকর্ডে দেখা গেছে, ২০১৯ সালে মায়ের মৃত্যুর পর ক্রুজের প্রাপ্য চার লাখ ২৮ হাজার ডলার প্রথমে ক্রুজ ও মুরের যৌথ অ্যাকাউন্টে, তারপর মুরের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়।
ডোনোভান ও মুর তখন গভীর ঋণে ছিলেন। লাইসেন্সবিহীন বন্ড কোম্পানি চালানোর দায়ে তারা বিভিন্ন অঙ্গরাজ্যের বীমা বোর্ডের কাছে লাখ লাখ ডলার পাওনা ছিলেন, সাবেক ব্যবসায়িক অংশীদার আরএলআই ইন্স্যুরেন্সের কাছেও তাদের দেনা ছিল লাখ লাখ ডলার, আর মুরের কাছে আইআরএসের পাওনা ছিল ৩০ লাখ ডলারের বেশি। কৌঁসুলিদের অভিযোগ, এই করের দেনাই মুর ও ডোনোভানকে ক্রুজের উত্তরাধিকারের অর্থে হাত দিতে প্ররোচিত করে।
কলিন্স বিবিসিকে দেওয়া এই মামলা নিয়ে তার একমাত্র সাক্ষাৎকারে বলেছেন, আদালতে তাদের মুখোমুখি হওয়ার এটাই ছিল তার শেষ সুযোগ। তার ভাষায়, ‘মানুষকে জবাবদিহির আওতায় আনা হলে তার অর্থ আছে।’
কলিন্স অবসর নেন ২০২১ সালের গ্রীষ্মে, ৫৯ বছর বয়সে; এফবিআইয়ের বাধ্যতামূলক অবসরের বয়স ৫৭ হলেও তার মেয়াদ বাড়ানো হয়েছিল। অবসরের কয়েক মাস পর ক্রুজ, ডোনোভান ও মুর তার বিরুদ্ধে মামলা করেন; ফেডারেল বিচারক সেই মামলা খারিজ করে দেন। কলিন্স বিবিসিকে বলেন, ‘আমি তাদের ভয় পাইনি।’
মুর বর্তমানে নেক্সাসের ভুয়া কর রিটার্ন দাখিলের দায়ে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার আইনজীবীর মাধ্যমে ডোনোভান সাক্ষাৎকার দিতে রাজি হননি, আর মুর বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।




