যৌতুকের জন্য পাঁচ বছরে ৮৮৭ নারী হত্যার অভিযোগে মামলা, বিচার চেয়ে হাহাকার পরিবারগুলোর

‘মেয়েটা কাঁদছে। ভিডিও কলে বলছে, “বাবা, আমাকে বাঁচাইতে আসো।” বাবা হয়ে আমার কেমন লাগে, আপনি চিন্তা করেন!’ মেয়ে জুমরাতুন নেছা বর্ষাকে সেদিন জীবিত আর পাননি বাবা শেখ মানোয়ার হোসেন।
১৪ নভেম্বর কথা বলার সময় বাবার কণ্ঠে ছিল বেদনা ও আক্ষেপ। তিনি বলেন, ‘খালি গায়ে ছিলাম। মেয়েকে কলে রেখে এক হাতে শার্ট নিয়ে নিচে নামতে নামতে বলি, “মা, আমি আসতেছি, আসতেছি।” রাত সোয়া ১২টা বাজে! রিকশায় মেয়ের শ্বশুরবাড়ি মনিপুরীপাড়ায় যেতে আমাদের ১৫-২০ মিনিট লাগছে। গিয়ে দেখি মেয়ে নাই!’
বর্ষাকে গত ২৮ অক্টোবর রাতে অচেতন অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে তেজগাঁও থানা থেকে পুলিশ আসে। বর্ষার স্বামী নাবিদ হোসাইনকে ওই সময় পুলিশের হাতে তুলে দেয় বর্ষার পরিবার। যৌতুকের কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে বর্ষার স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় তেজগাঁও থানায় মামলা হয়, বাদী বর্ষার বাবা।
রাজধানীর লালবাগের স্থায়ী বাসিন্দা শেখ মানোয়ার হোসেন ও হাসিনা আক্তারের তিন মেয়ের মধ্যে বর্ষা ছিলেন দ্বিতীয়। তিনি তেজগাঁও কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। নাবিদ হোসাইনের সঙ্গে বর্ষার আক্দ হয় গত বছরের ৭ অক্টোবর। আগামী বছরের জানুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।
বর্ষার বাবা মানোয়ার হোসেন জমি কেনাবেচার ব্যবসা করেন। তিনি বলেন, ছয়-সাত মাস আগে একবার নাবিদ মেরে বর্ষার মাথা ফাটিয়ে ফেলেছিলেন। তখন তাঁরা বর্ষাকে হাসপাতালে নিয়েছিলেন, মামলা করতেও চেয়েছিলেন। কিন্তু বর্ষার বাধায় মামলা করতে পারেননি। ব্যবসার কথা বলে বেশ কয়েকবার নাবিদ টাকা নিয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘মেয়েটা আমার বড় আদরের ছিল। মেয়েটা যা চাইত, তাই দিতাম। কোনো দিন না বলি নাই। আমার মেয়ে হত্যার বিচার হতেই হবে।’
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, গত ৫ বছরে যৌতুকের কারণে হত্যার অভিযোগে মামলা হয়েছে ৮৮৭টি। এর মধ্যে ৪৮৭টি মামলা হয়েছে থানায়, বাকিগুলো আদালতে।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুসারে, ২০২২ থেকে ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত ৪ বছর ১০ মাসে যৌতুকের কারণে নির্যাতনের ৪৭২টি খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২২০ জন নারী যৌতুকের কারণে নির্যাতনে হত্যার শিকার হয়েছেন। যৌতুকের কারণে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ২১ জন নারী। ৪৭২টি ঘটনায় মামলা হয়েছে ৩০১টি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে গত ২৮ এপ্রিল সুমাইয়া আক্তারের (১৬) লাশ উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পিরোজপুর গ্রামে সুমাইয়ার বাবা-মায়ের বাড়ি। স্বামী এসে বাবা-মায়ের বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরদিন খবর আসে সুমাইয়া অসুস্থ। সুমাইয়ার মা-বাবা মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে গিয়ে দেখেন মেয়ে মারা গেছে।
মেয়েকে যৌতুকের কারণে হত্যার অভিযোগে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় মামলা করেন সুমাইয়ার মা রুনা বেগম। ১৬ নভেম্বর তিনি বলেন, জামাতা ব্যাটারিচালিত অটোরিকশা কেনার জন্য টাকা চেয়ে চাপ দিত, টাকা না দিলে সংসার করবে না বলেও হুমকি দিত। তিনি বলেন, বিয়ের পর মাত্র পাঁচ মাস বেঁচেছিল সুমাইয়া, প্রায়ই মারধরের শিকার হয়ে সে মা-বাবার কাছে চলে আসত। রুনা বেগম বলেন, ‘কতবার সুমাইয়ার দাদি জামাইয়ের বাবাকে ডেকে বলেছেন, “আমরা মেয়েরে কখনো মারি নাই। আপনারা মাইরেন না। গাড়ি (অটোরিকশা) কেনার টাকা একবারে দিতে পারব না। আস্তে আস্তে দিব।”’
কিছুদিন আগে ময়নাতদন্তের প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) মো. বেদারউদ্দিন। তিনি বলেন, আরও তদন্তের প্রয়োজন হবে। মামলায় আটক সুমাইয়ার স্বামী (বয়স ১৮ হয়নি) যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এবং গ্রেপ্তার শ্বশুর মাহাবুবুর রহমান জেলা কারাগারে আছেন।
বিয়ের চার বছর পর কেরানীগঞ্জের দোলেশ্বরে ২০১৭ সালের ১৬ জুন মৃত্যু হয় সীমা রানির। তখন তাঁর একমাত্র ছেলেসন্তানের বয়স ছিল ৮ মাস। সীমার সারা গায়ে ছিল আঘাতের চিহ্ন, ছ্যাঁকার দাগ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এ যৌতুকের কারণে হত্যার অভিযোগে হওয়া মামলাটি এখনো সাক্ষ্য পর্যায়ে আছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাদীপক্ষকে সহায়তা করছে।
সীমার বাবা বেতারের অনিয়মিত শিল্পী দুলাল চন্দ্র মালি ১৭ নভেম্বর বলেন, তাঁদের বাসা বরিশাল মেডিকেল কলেজের পাশে। তাঁর দুই সন্তানের মধ্যে সীমা ছিলেন ছোট। সীমার সন্তান এখন নানা-নানির কাছে আছে। মাত্র ৯ মাস জেল খেটে সীমার স্বামী গোপাল চন্দ্র মালিসহ অন্য আসামিরা জামিনে বের হয়ে গেছেন, গোপাল জামিন পেয়ে আরেকটি বিয়েও করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৭০-৮০ বার ঢাকায় আদালতে হাজিরার জন্য গেছি। কিন্তু রায় পাইনি। দেড়-দুই বছর ধরে সাক্ষী না এনে মামলা ঝুলিয়ে রেখেছে আসামিরা।’ আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘মেয়েও শেষ! আমরাও শেষ! আপনারা একটু বিচারটা এনে দেন!’ সীমার বাবা জানান, সীমার স্বামীকে বিয়ের সময় তিন লাখ টাকা দিয়েছিলেন। এরপরও সেলুনের দোকান চালাতে যৌতুক এনে দিতে তিনি সীমাকে নির্যাতন করতেন।
যৌতুক নিরোধ আইন ২০১৮ অনুসারে, বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য পক্ষের কাছে যৌতুক দাবি করলে তা অপরাধ, যার জন্য সর্বোচ্চ ৫ বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। আর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১ ধারায় যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর বিচার হবে, এই ধারায় অপরাধের মাত্রা অনুযায়ী সর্বনিম্ন ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
গত পাঁচ বছরে যৌতুকের কারণে হত্যার অভিযোগে যত মামলা হয়েছে তার অর্ধেকই হয়েছে আদালতে। এর কারণ সম্পর্কে পুলিশ সদর দপ্তরের (গণমাধ্যম ও জনসংযোগ) সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, যৌতুকের ঘটনায় অনেক ক্ষেত্রে নানাভাবে আপসের চেষ্টা করা হয়, পরিবারগুলো চাপের মধ্যে থাকে, থানায় এসে মামলা করতে দেরি করে। ফলে পরে তারা আদালতে গিয়ে মামলা করে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, যৌতুকের জন্য নারী হত্যা এখন উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে, বিভিন্নভাবে যৌতুক আদায় করা হচ্ছে। তিনি বলেন, নারীবিদ্বেষী একধরনের অপসংস্কৃতি দেখা যাচ্ছে, একটি পক্ষ যৌতুকের মামলার ৯০ শতাংশ মিথ্যা—এমন অপপ্রচার চালিয়ে যৌতুক নেওয়াকে উৎসাহিত করছে। তিনি বলেন, যৌতুকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সামাজিক আন্দোলন করতে হবে, রাজনৈতিক দায়বদ্ধতা থেকে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে, যাতে যৌতুকের মামলার দীর্ঘসূত্রতা কমে ও বিচারপ্রার্থী বিচারের প্রতি আস্থা পায়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান ও পুলিশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক ২০২০ সালে ৮টি বিভাগে ৩৯০ নারীর ওপর পারিবারিক নির্যাতন নিয়ে এক গবেষণা করেন। গবেষণায় বলা হয়, শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন—এ চার ধরনের পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে দেশের ৮৭ শতাংশ নারী। এর মধ্যে মাত্র ১ শতাংশ মামলা করে এবং প্রায় ৩ শতাংশ সালিসি বা বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে মধ্যস্থতা করে।
যৌতুককে কেন্দ্র করে মারা যাওয়া তিন নারীর পরিবারের এমন আক্ষেপকে সঙ্গে নিয়েই আজ বুধবার থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন শুরু হয়েছে। নারী নির্যাতন বন্ধের দাবি জানিয়ে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে এই পক্ষ পালন করা হয়।




