তাইওয়ানের নির্বাচনের আগে চীন-সংশ্লিষ্ট নেটওয়ার্কের ৫০০-র বেশি এআই ভুয়া ভিডিও: বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধান

তাইওয়ানের ক্ষমতাসীন দলকে বারবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওর লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেখানে দলটির নেতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সম্পর্কে মিথ্যা দাবি ছড়ানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনের আগে এই কার্যকলাপের তথ্য পেয়েছে বিবিসি ভেরিফাই।
চীন-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক গত এক বছরে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) সম্পর্কে ৫০০-র বেশি ভুয়া ভিডিও ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি নির্বাচনের ফলাফল প্রভাবিত করার দীর্ঘদিনের একটি প্রচেষ্টার অংশ।
ভিডিওগুলোতে প্রেসিডেন্ট লাই চিং-তেকে হেয় করার চেষ্টা দেখা যায়। সেখানে দাবি করা হয়, তাঁর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে এবং চীনের সঙ্গে যুদ্ধ শুরু হলে তিনি তাইওয়ান ছেড়ে পালাবেন। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
ডিপফেক ভিডিওতে রাজধানী তাইপের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী পুমা শেনকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে বলেও মনে হয়, যা তিনি অস্বীকার করেছেন। অন্য ভিডিওগুলোতে রাজনীতিকদের শিশুদের পোশাকে বা জনপ্রিয় চলচ্চিত্রের চরিত্র হিসেবে দেখিয়ে তাঁদের হেয় বা উপহাস করার চেষ্টা করা হয়েছে।
তাইপের মেয়র পদটি ঐতিহ্যগতভাবে প্রেসিডেন্ট পদের সিঁড়ি হিসেবে কাজ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বেইজিংয়ের প্রকাশ্য সমালোচক শেন এ কারণে ভুয়া তথ্য প্রচারের সুস্পষ্ট লক্ষ্যবস্তু হয়েছেন। বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন তাইওয়ানের কুওমিনতাং (কেএমটি) দলের সদস্য, যে দল চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে।
তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ, যাকে চীন নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। বেইজিং ও তাইপে দীর্ঘদিন ধরে একটি অস্বস্তিকর স্থিতাবস্থা মেনে চলেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে না, আবার চীনের সঙ্গে একীভূতও হয় না।
তবে ২০১৬ সালে ডিপিপি ক্ষমতায় আসার পর থেকে উত্তেজনা বেড়েছে। বেইজিং বারবার দলটির বিরুদ্ধে স্বাধীনতা অনুসরণের অভিযোগ তুলেছে। চীনের নেতা সি চিন পিং তাইওয়ানের সঙ্গে ‘পুনরেকত্রীকরণ’কে একটি প্রধান লক্ষ্য বলেছেন এবং দ্বীপটির চারপাশে সামরিক কার্যকলাপ বাড়িয়ে দলটির ওপর চাপ বাড়িয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান এই ভুয়া তথ্যের কার্যকলাপ তাইওয়ানের বিরুদ্ধে একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ, যার উদ্দেশ্য দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা ক্ষুণ্ণ করা।
লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানীয় যুদ্ধবিষয়ক বিশেষজ্ঞ অস্টিন হর্ন-এন ওয়াং বিবিসি ভেরিফাইকে বলেন, ‘অ্যাকাউন্ট পরিচালনাকারীরা মানুষকে ডিপিপি রাজনীতিকদের অবিশ্বাস করানোর চেষ্টা করছে, যাতে তারা তাঁদের কোনো কথাই বিশ্বাস না করে। আপনি যদি সেই প্রার্থীকে বিশ্বাস না করেন, তাহলে তাঁর কথা শুনবেন না।’
‘নক্সপ্যারেবল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বা একই নামের ওয়াটারমার্ক থাকা অনেক ভিডিও ২০২৫ সালের মে মাস থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি বার দেখা হয়েছে।
গত চার মাসে সেই দেখার অর্ধেকের বেশি ঘটেছে, নির্বাচনের আগে কার্যকলাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। ভুয়া তথ্য ছড়ানোতে জড়িত অনেক অ্যাকাউন্ট সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান মূল ভূখণ্ড চীন ও হংকং হিসেবে উল্লেখ করেছে, আর বেশ কয়েকটি ক্লিপে এআই দিয়ে তৈরি বলে লেবেল ছিল।
সবচেয়ে বেশি শেয়ার হওয়া ভিডিওগুলোর একটিতে শেনের মুখ একটি পুরুষের ওপর বসিয়ে দেওয়া হয়েছে, যেখানে তাঁকে লাইটার ধরে ধোঁয়া ছাড়তে দেখা যায় এবং দাবি করা হয়, তিনি মাদক সেবন করছেন। ভিডিওটি তাইওয়ানের বিরোধী দলের সেই অভিযোগের ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হয়, যেখানে বলা হয় শেন মাদক অপরাধমুক্ত করার পক্ষে — যা শেন অস্বীকার করেছেন এবং একটি স্থানীয় সংবাদমাধ্যম তা ভুয়া বলে প্রমাণ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেন ডিপফেক শেয়ারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তাঁর প্রচার কার্যালয় বলেছে, প্রার্থীকে দেখানো এআই ভিডিওগুলো ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে হেয় করতে চীনের ব্যবহৃত একটি চিরাচরিত কৌশলের’ অংশ বলে মনে হয়। বিবিসি ভেরিফাই মন্তব্যের জন্য লন্ডনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।
অন্য ভুয়া প্রমাণিত দাবির মধ্যে রয়েছে লাইয়ের পূর্বসূরি সাই ইং-ওয়েন লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে জালিয়াতি করে পিএইচডি পেয়েছেন — এমন অভিযোগ। বিশ্ববিদ্যালয়টি ২০১৯ সালে একই অভিযোগ প্রত্যাখ্যান করে নিশ্চিত করেছিল, তারা তাঁকে ডক্টরেট দিয়েছে।
বিবিসি ভেরিফাই যেসব সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ভুয়া তথ্যের ভিডিও শেয়ার করতে দেখেছে, তার কয়েকটি চীনা প্রতিষ্ঠান বর্ডারলেসের সঙ্গে যুক্ত বলে মনে হয়েছে। প্রতিষ্ঠানটি অরাজনৈতিক বিষয়ের সঙ্গে চীনপন্থী বার্তা মিশিয়ে ওয়েবসাইট তৈরি করে। তাইওয়ানের স্বাধীন সংবাদমাধ্যম দ্য রিপোর্টারের সাংবাদিকরাও এই নেটওয়ার্কটি নিয়ে অনুসন্ধান করেছেন এবং তাঁদের অনুসন্ধানের ফল বিবিসি ভেরিফাইয়ের সঙ্গে শেয়ার করেছেন। তাইপের জাতীয় নিরাপত্তা ব্যুরো আগে বর্ডারলেসের বিরুদ্ধে তাইওয়ানের বিরুদ্ধে ‘জ্ঞানীয় যুদ্ধ’ চালানোর অভিযোগ তুলেছিল। মন্তব্যের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিশ্লেষকরা বিবিসি ভেরিফাইকে নিশ্চিত করেছেন, ভাষাগত সূত্রও ছিল যে তাইওয়ানে অবস্থান করছে বলে নিজেদের তুলে ধরা অ্যাকাউন্টগুলো আসলে চীন থেকে পোস্ট করছিল। পোস্টগুলোতে মাঝে মাঝে কমিউনিস্ট সরকারের চালু করা সরলীকৃত চীনা লিপি ব্যবহার করা হয়েছে, যা তাইওয়ানে কখনো গৃহীত হয়নি।
পোস্টগুলো বেশিরভাগই নিয়মিত অফিস সময়ে প্রকাশিত হয়েছে। ওয়াংয়ের মতে, এটি একটি ‘পেশাদার’ কার্যক্রমের ইঙ্গিত দেয়। তিনি বলেন, তাইওয়ানের বাইরে থেকে আসা অ্যাকাউন্টগুলো নির্বাচনে হস্তক্ষেপের প্রমাণ দেখিয়েছে। তিনি আরও বলেন, ‘যখন তারা অন্য দেশের নাগরিক সেজে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রচারের সময় অন্য দেশের জনমত প্রভাবিত করে, তখন তা অবশ্যই নির্বাচনে হস্তক্ষেপ।’
এ মাসের শুরুতে তাইওয়ানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি বিজ্ঞাপন প্রচার করে ভোটারদের সতর্ক করে বলেছে, ‘এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও থেকে সাবধান থাকুন’, যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। একই সময়ে সরকারি কর্মকর্তারা প্রায় ২ হাজার ৭০০টি সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট মেটাকে চিহ্নিত করে দিয়েছেন, যেগুলো চীনা তথ্যযুদ্ধ প্রচেষ্টার অংশ বলে তাঁরা দাবি করেছেন, রয়টার্সের খবরে বলা হয়েছে। মেটা বলেছে, তারা অ্যাকাউন্টগুলো সরিয়ে দিয়েছে।
চায়না স্ট্র্যাটেজিক রিস্ক ইনস্টিটিউটের অ্যান্ড্রু ইয়ে বলেন, চূড়ান্ত লক্ষ্য কোনো একটি দলের পক্ষ নেওয়া নয়। তিনি বলেন, ‘চীনের তথ্য কার্যক্রম শুধু একজন প্রার্থীর পক্ষে বা আরেকজনের বিপক্ষে দাঁড়িয়ে সফল হয় না, বরং তাইওয়ানের নীতিগত বিতর্ককে দুর্বল করে, মেরুকরণ বাড়িয়ে এবং তাইওয়ানের নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা ক্ষুণ্ণ করে সফল হয়। কেএমটি বা ডিপিপি যেই জিতুক, আরও ভাঙা ও বিভক্ত তাইওয়ান বেইজিংয়ের স্বার্থে।’



