৫ ডিসেম্বরের ভোটের আগে গাম্বিয়ায় প্রশ্ন: প্রতিশ্রুত পরিবর্তন আনতে পারবেন তো পরের প্রেসিডেন্ট
গাম্বিয়ার ভোটাররা ৫ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। তবে ভোটের আগে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে প্রার্থীদের নামের চেয়ে বড় হয়ে উঠেছে বেকারত্ব, জীবনযাত্রার বাড়তি খরচ, নির্ভরযোগ্যহীন সরকারি সেবা আর বিলম্বিত বিচারের প্রশ্নগুলো। ইয়াহিয়া জাম্মেহর বিদায়ের প্রায় এক দশক পর ভোটাররা জানতে চাইছেন, পরের প্রেসিডেন্ট প্রতিশ্রুত পরিবর্তন সত্যিই এনে দিতে পারবেন কি না।
রাজধানী বানজুলের উদ্যোক্তা সোসেহ জাগনের কাছে এই নির্বাচন মানে শুধু রাষ্ট্রভবনে কে বসবেন তা নয়; প্রশ্ন হলো, পরের সরকার গাম্বিয়ানদের জীবিকা উপার্জনের পরিবেশ তৈরি করতে পারবে কি না। ২০২০ সালে তিনি ‘ইয়া আন্না’স ক্যাটারিং’ প্রতিষ্ঠা করেন এবং ২০২৫ সালের শুরুতে তা একটি রেস্তোরাঁয় সম্প্রসারিত করেন।
তবে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তাঁর ব্যবসাকে বিপর্যস্ত করে তুলেছে। খাবার তৈরি, সংরক্ষণ আর ক্রেতা সেবা—সবকিছুই ব্যাহত হচ্ছে। জাগনে জানান, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কখনো কখনো ১৯ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ থাকেনি। নষ্ট হয়ে যাওয়া খাবারে তাঁর ক্ষতি হয়েছে ৪০ হাজার গাম্বিয়ান ডালাসির (৫৩২ ডলার) বেশি। বাড়িতে তৈরি বরফ-জুস বিক্রিও বন্ধ করে দিতে হয়েছে, কারণ সেগুলো যথাযথভাবে ঠান্ডা রাখার নিশ্চয়তা তিনি দিতে পারেন না।
আল জাজিরাকে জাগনে বলেন, ‘বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়; এটি মানুষের দৈনন্দিন জীবনের জন্য, বিশেষ করে যেসব ব্যবসা চালাতে বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়, তাদের জন্য অপরিহার্য।’ তাঁর অভিজ্ঞতা সেই চাপেরই প্রতিচ্ছবি, যার মুখে পড়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন বর্তমান প্রেসিডেন্ট আদামা বারো।
স্বাধীন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বরের নির্বাচনে প্রার্থী আটজন, যাঁদের একজন বারো। ২০১৭ সালে জাম্মেহকে পরাজিত করে ক্ষমতায় আসেন তিনি। জাম্মেহ দেশটি শাসন করেছিলেন ২২ বছর।
তরুণ গাম্বিয়ানদের বড় অংশের কাছে নির্বাচনের কেন্দ্রীয় প্রশ্ন একটাই—কাজ মিলবে কোথায়। গাম্বিয়ার ২০২৫ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৮ দশমিক ৩ শতাংশ, যা ২০২২–২৩ সালে ছিল ৭ দশমিক ৬ শতাংশ। ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে বেকারত্ব ১১ দশমিক ৫ শতাংশ। একই বয়সসীমার ৪১ দশমিক ৩ শতাংশ তরুণ না আছেন কর্মে, না শিক্ষা বা প্রশিক্ষণে।
গাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২৬ বছর বয়সী মারাম মেন্ডির কাছে চাকরি খোঁজা ক্রমেই হতাশাজনক হয়ে উঠেছে। তাঁর পড়াশোনার খরচ জোগাতে বাবা-মা ত্যাগ স্বীকার করেছেন, তাই কাজ না পাওয়ার কষ্টটা তাঁর কাছে আরও বেশি। তিনি বলেন, ‘চাকরি খুঁজতে খুঁজতে আমি এখন বিরক্ত হয়ে গেছি।’ তাঁর ভাষ্য, নিয়োগদাতারা প্রায়ই আগের অভিজ্ঞতা চান; ফলে স্নাতকরা এক চক্রে আটকে যান—অভিজ্ঞতা ছাড়া চাকরি মেলে না, আবার চাকরি ছাড়া অভিজ্ঞতাও হয় না।
২০২৩ সালে স্নাতক হওয়ার পর থেকে বেকার ২৮ বছর বয়সী বুবা সান্নেহর হতাশা এতটাই বেড়েছে যে তিনি অনিয়মিত পথে ইউরোপ যাওয়ার কথা ভাবছেন, যে যাত্রা স্থানীয়ভাবে ‘ব্যাকওয়ে’ নামে পরিচিত। হাকিম তুরের পরিবারকে এই পথে সুযোগ খোঁজার মূল্য দিতে হয়েছে আরও কঠিনভাবে। তাঁর বড় ভাই ববের বয়স ছিল ২৭ বছর; ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় তিনি মারা যান।
ঝুঁকির মাত্রা বোঝা যায় জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মরিস টিডবল-বিনজের দেওয়া পরিসংখ্যানে। ২০২৬ সালের অক্টোবরে গাম্বিয়া সফর শেষে তাঁর বিবৃতিতে বলা হয়, স্বাধীন সূত্রগুলোর হিসাবে ২০২৪ সালে অনিয়মিত অভিবাসনের চেষ্টায় ১ হাজার ৬০৩ জন গাম্বিয়ান মারা গেছেন এবং ২০২৫ সালে মারা গেছেন ৮৯৩ জন, যাঁদের অধিকাংশই সাগরে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সাল থেকে অভিবাসন পথে অন্তত ৪০৮ জন গাম্বিয়ান নিখোঁজ রয়েছেন।
অর্থনৈতিক কষ্ট বেকারত্বের বাইরেও বিস্তৃত। গাম্বিয়া পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০২০ সালে দেশের ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ—প্রায় ১১ লাখ—জাতীয় দারিদ্র্যসীমার নিচে ছিলেন। গ্রামাঞ্চলে এই হার ছিল প্রায় ৭৬ শতাংশ, শহরাঞ্চলে ৩৪ শতাংশ। বাকোতেহ বাজারের ৩৮ বছর বয়সী সবজি বিক্রেতা ফাতুমাত্তা জাওয়ারা বলেন, দাম বাড়তে থাকায় পরিবার চালানো তাঁর জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।


