নিউইয়র্কে রেডিও সিটি মিউজিক হলে রকেটসের বড়দিনের শো চলাকালে মঞ্চে উঠে পেটা কর্মীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রেডিও সিটি মিউজিক হলে রকেটসের ‘ক্রিসমাস স্পেকটাকুলার’ পরিবেশনা চলাকালে মঙ্গলবার মঞ্চে উঠে বিক্ষোভ করেছেন প্রাণী অধিকার সংগঠন পেটার তিনজন কর্মী। বড়দিনের এই শোর জন্মদৃশ্যে (ন্যাটিভিটি) জীবন্ত প্রাণী ব্যবহারের প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা মঞ্চে ছুটে উঠে ‘রেডিও সিটি: এন্ড অ্যানিম্যাল অ্যাক্টস নাউ!’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন এবং একই স্লোগান দিতে থাকেন। পরিবেশনা চলাকালে এক বিক্ষোভকারী শিল্পীদের সামনে মঞ্চে দৌড়ে উঠে ‘মঞ্চে আর কোনো প্রাণী নয়!’ বলে চিৎকার করেন বলে পেটার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে। আরেকজন ‘উট আর গাধাদের পরিবেশনা থেকে বাদ দাও!’ এবং তৃতীয়জন ‘বড়দিন থেকে নিষ্ঠুরতা দূর করো!’ বলে স্লোগান দেন।
তিন বিক্ষোভকারীকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিরাপত্তাকর্মীরা হল থেকে বের করে দেন। পেটা জানিয়েছে, বিক্ষোভের সময় প্রাণীগুলো মঞ্চের বাইরে ছিল।
শোতে জন্মদৃশ্যের জন্য উট, ভেড়া ও গাধা ব্যবহার করা হয়। পেটার অভিযোগ, এসব প্রাণীকে ঝলমলে আলো ও বিকট শব্দের মধ্যে রাখা হয়, যার মধ্যে আতশবাজি ও দর্শকদের উল্লাসধ্বনিও রয়েছে।
পেটার প্রেসিডেন্ট ট্রেসি রেইমান এক বিবৃতিতে বলেন, ‘রকেটসের মতো নয়, ক্রিসমাস স্পেকটাকুলারের জন্য ব্যবহৃত উট, ভেড়া ও গাধারা উজ্জ্বল আলো, গর্জন করা ভিড় আর মঞ্চের বিশৃঙ্খলার জন্য সই করেনি, যা তাদের জন্য বিভ্রান্তিকর ও ভীতিকর হতে পারে।’ তিনি রেডিও সিটি মিউজিক হলকে প্রাণীদের ‘জীবন্ত মঞ্চসজ্জা’ হিসেবে ব্যবহার বন্ধ করে মানব শিল্পী বা মঞ্চকৌশলের ওপর নির্ভর করার আহ্বান জানান।
সংগঠনটি আরও দাবি করেছে, পরিবেশনায় ব্যবহৃত প্রাণীদের চাপপূর্ণ পরিবহনের মধ্য দিয়ে যেতে হয় এবং শো চলাকালে মঞ্চে না থাকলে তাদের পেছনের অংশে, কোনো কোনোটির ক্ষেত্রে বেজমেন্টে আটকে রাখা হয়। প্রতি শীতে এই শো মাসের পর মাস চলে।
অন্যদিকে ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক বিবৃতিতে রেডিও সিটি মিউজিক হল বলেছে, পেটা ‘ইচ্ছাকৃতভাবে আজকের পরিবেশনা ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের শিল্পীদের বিপদে ফেলেছে এবং অতিথিদের অভিজ্ঞতায় হস্তক্ষেপ করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের আচরণের ক্ষেত্রে আমাদের শূন্য সহনশীলতা রয়েছে এবং এ ধরনের কাজে জড়িত যে কারও বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবারের এই বিক্ষোভ রেডিও সিটিকে জীবন্ত প্রাণীর ব্যবহার বন্ধে চাপ দেওয়ার পেটার সর্বশেষ উদ্যোগ। পেটা জানিয়েছে, শোতে প্রাণীর ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত স্পনসরশিপ শেষ করতে চেজ, লেক্সাস, স্পটহিরো ও ভেরাইজনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রায় ৪০ হাজার পেটা সমর্থক।
এর আগে চলতি বছরের শুরুর দিকে পেটা শোটির পরিচালক ও কোরিওগ্রাফারকে চিঠি পাঠিয়ে প্রস্তাব দিয়েছিল, রেডিও সিটি মিউজিক হল জন্মদৃশ্য থেকে জীবন্ত প্রাণীদের অবসর দিতে রাজি হলে তারা একটি হস্তনির্মিত পূর্ণাকৃতির উটের পুতুলের খরচ বহন করবে। এ ক্ষেত্রে ব্রডওয়ের ‘দ্য লায়ন কিং’-কে উদাহরণ হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলেছিল, প্রাণীদের পরিবেশনায় বাধ্য না করেও মঞ্চকৌশল দর্শকদের মুগ্ধ করতে পারে।




