রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, ট্রাম্প–রুটে বৈঠকের আগে ওডেসায় নিহত ২

রাতভর রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার সকালে দেশটির উপ-জ্বালানিমন্ত্রী আরতেম নেকরাসভ এ তথ্য জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো দনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, ওডেসা ও খারকিভ। রয়টার্সের বরাতে জানানো হয়েছে, পরিস্থিতি সবচেয়ে কঠিন জাপোরিঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে।
এ ছাড়া ওডেসায় এক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি বহুতল আবাসিক ভবনে হামলার পর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সর্বশেষ এই হামলাগুলো হয়েছে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে। ফ্লোরিডার মার-আ-লাগোতে রুদ্ধদ্বার বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের।
বৈঠকটি হচ্ছে এমন এক সময়ে, যখন ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের খবর পাওয়া যাচ্ছে। ধারাবাহিক রুশ হামলার মধ্যে কঠিন শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।
এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বুন্ডেসটাগে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্য মূলত ২০২৭ সালের বাজেট নিয়ে হলেও তিনি রাশিয়া ও ইউক্রেনসহ বৃহত্তর বিষয়গুলো নিয়েও কথা বলেছেন।
মের্ৎস গত সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ জোটের বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইউরোপীয়রা এই বিষয়ে কতটা ঐক্যবদ্ধ, তা দেখে মার্কিন প্রতিনিধিদল ‘আমার কাছে মনে হয়েছে, বেশ স্পষ্টভাবেই বিস্মিত’ হয়েছিল।
তিনি বলেন, ‘ঠিক এই দৃঢ়তাই শান্তির সম্ভাবনা নিয়ে সতর্ক আশাবাদের সুযোগ দেয় — একটি প্রকৃত শান্তি।’ মের্ৎস বারবার তাঁর মূল বার্তায় ফিরে আসেন: ‘ইউক্রেনকে সমর্থন করার মাধ্যমে আমরা নিজেদেরই সমর্থন ও সুরক্ষা দিচ্ছি।’
রাশিয়া সম্পর্কে সতর্ক করে মের্ৎস বলেন, ‘রাশিয়া ঠিকই জানে সে কী চায়, এবং রাশিয়া ইউক্রেনের চেয়েও বেশি কিছু চায়।’ তাঁর ভাষায়, ‘যে কেউ এটি বুঝতে ব্যর্থ, সে হয় বিশ্বকে যেমন আছে তেমন বোঝে না, নয়তো সম্পূর্ণ ভিন্ন কোনো এজেন্ডা অনুসরণ করছে — যা আমাদের নিজেদের দেশের স্বাধীনতা, উন্মুক্ততা ও উদার মূল্যবোধের বিরোধী।’
মের্ৎস আরও সতর্ক করেন, রাশিয়া বাল্টিক অঞ্চলে, পোল্যান্ডে, কৃষ্ণসাগরে, এমনকি মহাকাশেও উত্তেজনা বাড়াচ্ছে। তিনি বলেন, ‘এটি ব্যাপক মাত্রায় উত্তেজনা বাড়াচ্ছে — আমাদের নিজেদের সীমানার ভেতরেও, এমনকি মানুষের প্রাণের মূল্যেও। পরিস্থিতি এটাই।’
বক্তব্যে মের্ৎস প্রতিরক্ষা, অবকাঠামো, জনসংখ্যাগত পরিবর্তন ও অর্থনীতির মতো মৌলিক বিষয়গুলোতে জার্মানির দীর্ঘদিনের অবহেলার কথাও বলেন এবং এসব বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।



