বাজেট ছাঁটাইয়ে সদস্য দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে, শীর্ষ সম্মেলনের আগে সতর্ক করলেন ইইউ কমিশনার সেরাফিন
ব্রাসেলসে নেতাদের শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী সাত বছরের বাজেটে ছাঁটাইয়ের সমালোচনা করেছেন বাজেট কমিশনার পিওতর সেরাফিন। বুধবার সকালে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্তা গত শনিবার যে ৪ হাজার ৪০০ কোটি ইউরোর ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছেন, তাতে ইইউ সরকারগুলোই আরও খারাপ অবস্থায় পড়বে।
সেরাফিন বলেন, ‘ইউনিয়নের বাজেট কাটলে আমাদের সদস্য দেশগুলোর জন্য তা অবশ্যই সাশ্রয় বয়ে আনবে না। প্রতিযোগিতা ও নিরাপত্তায় বিনিয়োগের খরচ তাদের জাতীয় বাজেট থেকেই বহন করতে হবে।’ তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার নেতাদের মধ্যে কঠিন আলোচনার আভাস মিলেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ইইউ কূটনীতিক বলেছেন, সরকারগুলো নিজেদের কঠোর অবস্থান থেকে আপসে রাজি না হওয়ায় এই ইউরোপীয় কাউন্সিল সম্ভবত খুবই উত্তপ্ত হবে।
কোস্তা চান, ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বহুবার্ষিক আর্থিক কাঠামো (এমএফএফ) নিয়ে আরেকটি শীর্ষ সম্মেলনের আগেই আলোচনায় অগ্রগতি হোক। তবে বাজেটের মোট আকার নিয়ে ইইউ সরকারগুলোর মধ্যে মতভেদ রয়েছে। কমিশনের প্রস্তাব থেকে আরও কয়েক হাজার কোটি ইউরো কমানোর জন্য চাপ দিচ্ছে জার্মানির নেতৃত্বাধীন একটি পক্ষ।
পলিটিকোর দেখা জার্মান সরকারের একটি অভ্যন্তরীণ নোটে বলা হয়েছে, ‘বর্তমান এমএফএফের তুলনায় ব্যাপক বৃদ্ধিকে যুক্তিসংগতভাবে সাশ্রয়ী মাত্রায় নামিয়ে আনতে আরও বড় ধরনের ছাঁটাই প্রয়োজন।’ বার্লিন ধনী দেশগুলোর বাজেট অবদানের ওপর ছাড়, অর্থাৎ রিবেট ব্যবস্থা আবার চালু করার দাবিও নতুন করে তুলেছে এবং একে যেকোনো চুক্তির মৌলিক পূর্বশর্ত বলে উল্লেখ করেছে।
তবে তুলনামূলক আপসের ইঙ্গিত দিয়ে জার্মানি বলেছে, ডিজিটাল জায়ান্টদের ওপর ইইউজুড়ে প্রস্তাবিত করের বিষয়টি তারা খোলা মনে পরীক্ষা করবে।
ইইউ বাজেটের আকার বাড়ছে—এমন দাবি নাকচ করেছেন সেরাফিন। তিনি বলেন, টেবিলে থাকা প্রস্তাবটি মোট জাতীয় আয়ের (জিএনআই) অংশ হিসেবে ২০২১ সালে কার্যকর হওয়া বর্তমান সাত বছরের বাজেটের চেয়েও কম। তাঁর ভাষায়, ‘কেউ কেউ ভান করেন যে বাজেট বর্তমান এমএফএফের তুলনায় এখনো বাড়ছে। কিন্তু তা কেবল এই কারণে যে তাঁরা মূল্যস্ফীতিকে হিসাবে ধরেন না—আর তা মোটেই বিশ্বাসযোগ্য নয়।’
কমিশন মঙ্গলবার এক নোটে জানিয়েছে, সর্বশেষ মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী প্রস্তাবিত বাজেটের পরিমাণ ইইউর জিএনআইয়ের ১ দশমিক ০৬ শতাংশ। জোটের কোভিড-পরবর্তী ঋণ পরিশোধের অংশ বাদ দিলে এই হার দাঁড়ায় শূন্য দশমিক ৯৭ শতাংশ।
