দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার অভিশংসন হুমকির ভিত্তি সরিয়ে দিল আদালত, বাতিল ‘ফার্মগেট’ তদন্ত প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা একটি আইনি লড়াইয়ে জয় পেয়েছেন। তাঁর ব্যক্তিগত খামার থেকে বড় অঙ্কের নগদ অর্থ চুরির ঘটনায় তাঁকে জবাবদিহি করতে হতে পারে বলে যে প্রতিবেদনে বলা হয়েছিল, আদালত সেই প্রতিবেদন বাতিল করে দিয়েছে।
২০২২ সালে একটি স্বাধীন প্যানেল বলেছিল, লিম্পোপো প্রদেশে রামাফোসার ফালা ফালা গেম ফার্মে একটি সোফায় লুকিয়ে রাখা ৫ লাখ ৮০ হাজার ডলার (৪ লাখ ৪৩ হাজার পাউন্ড) চুরির ঘটনায় রামাফোসা গুরুতর অসদাচরণ করে থাকতে পারেন। রামাফোসা কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন।
সংবিধানিক আদালত রায় দেওয়ার পর রামাফোসা প্রতিবেদনটির সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেন। ওই রায়ে বলা হয়েছিল, তাঁকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়ে পার্লামেন্ট সংবিধান লঙ্ঘন করেছে।
ওয়েস্টার্ন কেপ হাইকোর্ট প্যানেলের প্রতিবেদনকে বেআইনি ঘোষণা করে তা ‘সম্পূর্ণভাবে’ বাতিল করে দিয়েছে।
রায়ে আদালত বলেছে, রামাফোসার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পার্লামেন্টের নিয়োগ করা প্যানেল ‘এর কার্য, যে তদন্ত চালানোর কথা ছিল তার প্রকৃতি এবং যে সুপারিশ করার কথা ছিল, তা ভুলভাবে বুঝেছিল’।
বিচারপতি নোলওয়াজি মাবিন্দলা-বোকওয়ানা বলেন, প্যানেল ‘এর আইনি এখতিয়ারের বাইরে গিয়েছিল এবং আইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল করেছিল’। তাই স্বাধীন প্যানেলের প্রতিবেদন বেআইনি ঘোষণা করে সম্পূর্ণভাবে পর্যালোচনা করে বাতিল করা হয়েছে।
আদালত প্রতিবেদনটির বিষয়ে পার্লামেন্টের নেওয়া পদক্ষেপগুলোকেও বেআইনি ঘোষণা করেছে।
এই রায় কার্যত রামাফোসার বিরুদ্ধে পার্লামেন্টের অভিশংসন প্রক্রিয়ার ভিত্তি সরিয়ে দেয়, যদিও বিরোধী দলগুলো সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে ‘ফার্মগেট’ নাম পাওয়া এই কেলেঙ্কারি ২০২২ সালে প্রকাশ্যে আসার পর থেকে রামাফোসাকে তাড়া করে চলেছে। তখন সাবেক গুপ্তচরপ্রধান আর্থার ফ্রেজার একটি ডসিয়ার দিয়ে পুলিশের কাছে বিষয়টি জানান।
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মিত্র ফ্রেজার রামাফোসার বিরুদ্ধে চুরির ঘটনা পুলিশ ও কর কর্তৃপক্ষের কাছে গোপন করার অভিযোগ তোলেন। চুরির ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে, যখন চোরেরা খামারের একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা মার্কিন ডলারের বান্ডিল চুরি করে বলে অভিযোগ ওঠে।
এই মাসের শুরুতে চুরির ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
রামাফোসা একটি ডাকাতির ঘটনা ঘটার কথা নিশ্চিত করলেও বলেছেন, অর্থটি ছিল তাঁর গবাদিপশু ব্যবসা থেকে বৈধভাবে মহিষ বিক্রির অর্থ। কয়েকটি তদন্তে তাঁকে কোনো অনিয়ম থেকে অব্যাহতি দেওয়া হলেও পার্লামেন্ট ২০২২ সালে অভিশংসন প্রক্রিয়া শুরু করে এবং অভিযোগ তদন্তে একটি স্বাধীন প্যানেল নিয়োগ করে।
প্যানেল কয়েকটি ক্ষতিকর সিদ্ধান্ত দিয়েছিল, যার মধ্যে ছিল চুরি যাওয়া মুদ্রার উৎসের বৈধতা নিয়ে ‘যথেষ্ট সন্দেহ’ রয়েছে। প্যানেল আরও সিদ্ধান্ত দিয়েছিল, রামাফোসার ‘জবাব দেওয়ার মতো বিষয় রয়েছে’।
রামাফোসা শুরুতে আদালতে প্রতিবেদনটি চ্যালেঞ্জ করলেও পার্লামেন্ট এর সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে ভোট দেওয়ার পর আবেদনটি প্রত্যাহার করেন। এই বছরের মে মাসে তিনি আবার আইনি চ্যালেঞ্জটি সক্রিয় করেন, যখন দেশের সর্বোচ্চ আদালত সংবিধানিক আদালত রায় দেয় যে তাঁকে অভিশংসনের উদ্যোগ আটকে পার্লামেন্ট অসাংবিধানিক কাজ করেছে এবং পার্লামেন্টকে প্রতিবেদনটি একটি অভিশংসন কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেয়।
সর্বশেষ চ্যালেঞ্জে রামাফোসা যুক্তি দেন, প্যানেল ‘এর দায়িত্ব ভুলভাবে বুঝেছিল, এর সামনে রাখা তথ্য ভুলভাবে বিচার করেছিল এবং আমার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ ভুলভাবে ব্যাখ্যা করেছিল’।
ওয়েস্টার্ন কেপ হাইকোর্টের রায় বর্তমান অভিশংসন প্রক্রিয়ার অবসান ঘটাতে পারে, যদি না পার্লামেন্ট সফলভাবে সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করে। পার্লামেন্ট চ্যালেঞ্জ করে সফল হলে কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করে সুপারিশ করতে পারবে।
কমিটি অভিশংসনের সুপারিশ করলে তাঁকে পদ থেকে সরাতে পার্লামেন্টে ভোট হতে হবে এবং এতে পার্লামেন্টে অন্তত দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন লাগবে। রামাফোসার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) হাতে এমন উদ্যোগ আটকে দেওয়ার মতো যথেষ্ট আসন রয়েছে।
২০১৮ সালে চালু হওয়া নিয়মের অধীনে অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি।



