মিসিসিপি উপকূলে মেক্সিকো উপসাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, ডুবুরিরা নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।
মঙ্গলবার বিকেলে সেসনা ২১০ বিমানটি মিসিসিপির পাসকাগুলা ও গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী এলাকায় উপসাগরে পড়ে যায়। নিহতদের মরদেহ বিমানটির ফিউজলাজের ভেতরে পাওয়া গেছে।
কোস্ট গার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং আট ও ১০ বছর বয়সী দুটি ছেলে ছিল।
কোস্ট গার্ড জানায়, অ্যালাবামার মোবাইলে অবস্থিত আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জানায়, তারা বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। এরপর উদ্ধারকারীরা ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালান। প্রথমদিকে পানিতে ভাসমান অবস্থায় শুধু তিনটি লাইফজ্যাকেট, একটি লাইফ রাফট ও বিমানের কেবিন পাওয়া যায় বলে রস জানান।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅয়্যার অনুযায়ী, সেসনা বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল।
নিউ অরলিন্সের সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানিয়েছে, বিমানটির আরোহীরা লুইজিয়ানার ভেনিসে মাছ ধরার ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন।
মোবাইল এলাকার কোস্ট গার্ডের অনুসন্ধান ও উদ্ধার সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমাদের কারোরই প্রত্যাশিত পরিণতি নয়। তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের কারণে আমরা দ্রুত বিমানটির আরোহীদের খুঁজে পেয়েছি এবং তাদের পরিবারকে একটি পরিণতি জানাতে পেরেছি, এ জন্য আমরা কৃতজ্ঞ।’
দুর্ঘটনার কারণ তদন্ত করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর দক্ষিণ ফ্লোরিডায় একটি লিয়ারজেট ৬০ বিজনেস জেট মাটিতে নাক ঢুকিয়ে বিধ্বস্ত হলে বিমানটির নয়জন আরোহীর সবাই নিহত হন। সেই দুর্ঘটনা গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে ধরা পড়েছিল।




