রাশিয়ার সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলায় পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, দাবি ইউক্রেনের

ইউক্রেন বলেছে, রাশিয়ার সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলায় তারা পাঁচটি রুশ সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেছে। ঘাঁটিটি মস্কোর ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) পূর্বে অবস্থিত।
কিয়েভের জেনারেল স্টাফ জানিয়েছে, হামলায় তিনটি মিগ-৩১ ও দুটি সু-৩৪ বিমান আঘাত পেয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা এখনো মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়ে তারা বলেছে, ‘আরও ভালো খবর আসতে পারে।’ হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা ইউক্রেন জানায়নি।
সাভাসলেইকার বিমানঘাঁটি রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলে অবস্থিত। কয়েক বছর ধরে এটি ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। এই ঘাঁটিতে এমন বিমান থাকে, যেগুলো থেকে রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা ছোড়ে।
বিশেষ করে মিগ-৩১ বিমান উড্ডয়ন করলেই ইউক্রেনজুড়ে প্রায়ই সতর্কতা জারি হয়, কারণ এসব বিমান বহন করা কিনঝাল ক্ষেপণাস্ত্র বড় অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং সেগুলো ভূপাতিত করা কঠিন।
একই রাতে কিয়েভ আরও জানিয়েছে, তারা রাশিয়ার সামারা অঞ্চলে দুটি তেল শোধনাগারে হামলা করেছে। এলাকাটি সম্মুখসমর এলাকা থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে। দীর্ঘপাল্লার এসব হামলার ধারাবাহিকতায় মস্কোর তেল প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘তোমরা সেগুলো মেরামত করেছ? আমরা আবার আঘাত করব।’
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ বলেছেন, রাতের হামলা ছিল ‘সত্যিকারের দুর্ভোগ’। ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে, একজন নিহত হয়েছেন এবং কয়েকটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি জানিয়েছেন।
কিয়েভ আরও বলেছে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় এলাকাগুলোতে তারা একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও রসদ ডিপোতেও হামলা করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘জ্বালানি ছাড়া সামরিক যান চলতে পারে না; গোলাবারুদ ছাড়া কামান নীরব হয়ে যায়।’ প্রতিটি সফল হামলায় মস্কোর হামলা চালানোর সক্ষমতা কমে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।
মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের জ্বালানি স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। তবে তিনি এও বলেছেন, রাশিয়া ‘গুরুতর ক্ষতি’ ছাড়াই অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল করতে পেরেছে এবং মস্কো কিয়েভের বিরুদ্ধে ‘অনিবার্যভাবে’ প্রতিশোধ নেবে।
ইউক্রেনও প্রতিদিন হামলার মুখে রয়েছে। ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে কয়েকটি অঞ্চলে ১০ জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামোতে রুশ হামলার পর হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।




