পুলিশের ভেতরে কঠোর নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, আরেকজন হেফাজতে, সাত জেলায় নতুন এসপি
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে। পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।
এমন পরিস্থিতিতে বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। এর পাঁচটিই সীমান্তবর্তী জেলা। এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব এনে মাঠপর্যায়ে বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে।
এদিকে আবদুল হাসান নামের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ি থেকে পুলিশের ৩৩তম ব্যাচের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. কাবুল হাসানকেও হেফাজতে নেওয়া হয়েছে। এই দুই কর্মকর্তারই গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তাঁরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
বাহিনীর ভেতরে নজরদারির কথা বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমদও। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সেখানে অবস্থানরত কিছু পুলিশ সদস্যের নামও পেয়েছেন তাঁরা। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করায় বিদেশে পলাতক কর্মকর্তাদের কেউ কেউ দেশে কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফোন করে হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ আছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঘটনাও ঘটছে। এমন অভিযোগের সূত্র ধরে দেশে কর্মরত কিছু কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে আছেন আরও একজন।
প্রথম গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ১৪ নভেম্বর রাতে তাঁকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দেওয়া হয়। পাঁচলাইশ থানায় করা ওই মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পুলিশের অভ্যন্তরীণ তথ্য আওয়ামী লীগের নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদিন আগে হেফাজতে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে। তিনি এসআরবি-১৪-তে কর্মরত ছিলেন। তাঁকে গত মঙ্গলবার ঢাকার আদালত বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন।
খাগড়াছড়িতে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) কর্মরত রাকিবুল হাসানের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার বিকেলে বলেন, রাকিবুল হাসানকে আনতে ডিবির একটি দল খাগড়াছড়িতে গেছে। তাঁকে ঢাকায় আনার পর তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খাগড়াছড়ি পুলিশ ও এএসটিসির একাধিক সূত্র অবশ্য জানিয়েছে, রাকিবুলকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তাঁকে আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষণা করা কর্মসূচি ঘিরে সম্প্রতি গোপালগঞ্জে যে দুটি থানায় আগুন দেওয়া হয়েছিল, মুকসুদপুর তার একটি। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় পুলিশ কর্মকর্তা আবুল হাসানের কোনো ভূমিকা ছিল কি না, তা নিয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলেছে, কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণ-অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে কর্মস্থলে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়ানোর অভিযোগ আছে। গ্রেপ্তারের ক্ষেত্রে সেসব অভিযোগের কথা সামনে আসছে। তবে এত দিন পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে সাম্প্রতিক নাশকতা ও যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে বলে জানিয়েছে সূত্রগুলো।
গত সপ্তাহেও ৩১তম বিসিএসের আরেক পুলিশ কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ওই কর্মকর্তার বাড়ি নেত্রকোনায়। তাঁর শ্বশুরবাড়ি গোপালগঞ্জে। তাঁর শ্বশুর আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্যসচিব ছিলেন। সূত্রটির ভাষ্য, জিজ্ঞাসাবাদ শেষে ওই কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনটি রেখে দিয়েছে ডিবি।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, জেলা পুলিশের নেতৃত্ব নির্বাচনে এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে পুলিশ। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ কর্মকর্তাদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার অনেক কর্মকর্তা জেলায় গিয়ে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না। এ কারণে তাঁদেরও ক্রমান্বয়ে জেলার নেতৃত্ব থেকে সরানো হবে।
এর আগে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁয় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ সীমান্তবর্তী জেলা। আর নড়াইলে সম্প্রতি হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। এর জেরে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। নড়াইলের নতুন পুলিশ সুপার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপকমিশনার তৌহিদুল আরিফ।
এর আগে গত মঙ্গলবার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন অতিরিক্ত ডিআইজি ও আটজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
পুলিশের বাড়তি প্রস্তুতির পেছনে রয়েছে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের অভিজ্ঞতা। আওয়ামী লীগ অনলাইনে ১৯ নভেম্বর ‘লকডাউন’ ডেকেছিল। যদিও প্রকাশ্যে দলটির ওই রকম কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে এর আগে থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে আরও হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পুলিশের আশঙ্কা, এবার সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেন। দেশের ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকাসহ আট জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ঘিরে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে। সেই সময় ধরে মাঠের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বুধবার বলেন, পুলিশের কোনো সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা, ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাঁদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
কামারুম মুনিরা বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা, চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা এবং অপরাধের ধরন অনুযায়ী ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’




