তিন ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’: ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম বদলের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার

বাংলা, হিন্দি ও ইংরেজি—তিন ভাষাতেই ভারতের এই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। এমন নামকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ বিধানসভায় ডিসেম্বরের গোড়ার দিকে শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের সীমান্তসংলগ্ন এই রাজ্য দীর্ঘদিন ধরে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামে পরিচিত। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও প্রশাসনিক নথিতে সব ভাষাতেই নামটি হবে ‘পশ্চিমবঙ্গ’; ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামটি আর থাকছে না।
সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যে প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে।
বিধানসভায় প্রস্তাবটি পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় সরকার ও সংসদে পাঠানো হবে।
রাজ্য সরকারের যুক্তি, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ হওয়ায় ইংরেজি বর্ণমালার ক্রমে নামটি একেবারে শেষের দিকে পড়ে। এ কারণে দিল্লিতে সর্বভারতীয় সভাগুলোতে বর্ণানুক্রমিক তালিকা অনুযায়ী রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ আসে সবার শেষে; এই অসুবিধা দূর করতেই নাম বদলের উদ্যোগ।
রাজ্যের নাম বদলের চেষ্টা এবারই প্রথম নয়। ২০১৮ সালে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বিধানসভায় সর্বসম্মতভাবে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাস করেছিল। তার আগে বাম ফ্রন্ট সরকারের আমলেও নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার—কোনো আমলেই আগের প্রস্তাবগুলো অনুমোদন পায়নি। বর্তমানে কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই বিজেপি সরকার থাকায় এবারের প্রস্তাব অনুমোদন পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতিহাসবিদ ও প্রাবন্ধিক গৌতম বসুমল্লিক বলেছেন, বিষয়টি নতুন কিছু নয়, বরং নিছক চমক; রাজ্যে আরও নানা সমস্যা রয়েছে, যার আশু সমাধান প্রয়োজন।
গৌতম বসুমল্লিকের ভাষ্য, ১৯৪৭ সালে বাংলা ভাগের সময় ভারতের মধ্যে থাকা পশ্চিম অংশ পশ্চিমবঙ্গ ও ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিতি পায়, আর পূর্ব অংশ প্রথমে পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশ নামে পরিচিত হয়। তাঁর মতে, পূর্ব ও পশ্চিমবঙ্গের ধারণা জনমানসে তার বহু আগেই প্রচলিত ছিল।
বুদ্ধিজীবীদের অনেকের মতে, নাম বদল হলে সরকারি সাইনবোর্ড, গ্লো সাইন, আবেদনের ফরম ও চিঠির প্যাডসহ অসংখ্য জিনিস পাল্টাতে বিপুল অর্থ ব্যয় হবে, যার বোঝা শেষ পর্যন্ত রাজ্যবাসীর ওপরই পড়বে।




