সিবিএস ছাড়ার পর ক্রীড়া গেমিং প্রতিষ্ঠান বেটরে যোগ দিলেন সাবেক কোয়ার্টারব্যাক টনি রোমো

সাবেক ডালাস কাউবয়েজ কোয়ার্টারব্যাক টনি রোমো ক্রীড়া গেমিং প্রতিষ্ঠান বেটরে (Betr) যোগ দিয়েছেন। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, ৪৬ বছর বয়সী রোমো তাদের প্রথম ‘চিফ প্রেডিকশনস অফিসার’ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
এই চুক্তির মধ্য দিয়ে রোমো বেটরের ইকুইটি অংশীদারও হচ্ছেন। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ইন্টারনেট ব্যক্তিত্ব জেক পল।
চুক্তির প্রাথমিক বিবরণ অনুযায়ী, রোমো বেটরের জন্য কনটেন্ট তৈরি করবেন, খেলার ভবিষ্যদ্বাণী বা ‘পিক’ দেবেন এবং প্রতিষ্ঠানটির গেমিং পণ্যের প্রচার করবেন। তার সঙ্গে প্রতিষ্ঠানটির তালিকায় আরও রয়েছেন জনি ম্যানজিয়েল ও প্যাট্রিক বেভারলি।
যোগদান প্রসঙ্গে রোমো বলেন, ‘মাঠে থাকি বা সম্প্রচার বুথে, পুরো ক্যারিয়ারজুড়ে আমি চেষ্টা করেছি পরের মুহূর্তে কী ঘটতে যাচ্ছে তা আগেভাগে বুঝতে। এখন বেটরের সঙ্গে সেই প্রবৃত্তিকে সম্পূর্ণ নতুনভাবে কাজে লাগাতে পারব।’ তিনি আরও বলেন, জেক, জোয়ি ও তাদের দল ভক্তদের জন্য খেলা ও গেমিং একসঙ্গে উপভোগের নানা উপায় এক জায়গায় আনছে, যা তার কাছে আকর্ষণীয় মনে হয়েছে।
বেটর সামাজিক মাধ্যম এক্সে রোমোর ঘোষণার পোস্ট উদ্ধৃত করে লিখেছে, ‘আমাদের লোকটিকে পেয়ে গেছি। দলে তোমাকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
বুধবারের এই ঘোষণায় রোমো কিংবা বেটর কেউই রোমোর গ্রেপ্তারের প্রসঙ্গ বা টেলিভিশনে ফেরার বিষয়ে কিছু বলেননি।
সিবিএস স্পোর্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটাই রোমোর প্রথম প্রকাশ্য কাজ। গত ২ অক্টোবর তিনি সিবিএস ছাড়েন; এর মধ্য দিয়ে নেটওয়ার্কটির শীর্ষ এনএফএল বিশ্লেষক হিসেবে তার নয় বছরের যাত্রার ইতি ঘটে।
সেই বিচ্ছেদের পেছনে রয়েছে গত ২৩ জুলাই উইসকনসিনে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রোমোর গ্রেপ্তার। ১ সেপ্টেম্বর তিনি অভিযোগের বিরোধিতা না করার আবেদন (নো কনটেস্ট) করেন; ফলে ছয় মাসের জন্য তার গাড়ি চালানোর অধিকার বাতিল হয় এবং তাকে মদ্যপান-মূল্যায়ন কর্মসূচিতে অংশ নিতে হয়।
রোমো ওই ঘটনার জন্য ফুটবল-সংশ্লিষ্ট চোট থেকে উদ্ভূত মদ্যপানের ওপর অতিরিক্ত নির্ভরতাকে দায়ী করেছিলেন।
ঘটনার পরপরই সিবিএস তাকে বেঞ্চে পাঠায় এবং জিম ন্যান্টজের পাশে শীর্ষ সম্প্রচার বুথে জে. জে. ওয়াটকে বসায়।
বেটর এখন বাজি ধরছে, খেলা শুরুর আগের ভবিষ্যদ্বাণীতে রোমোর সুনাম ক্রীড়া গেমিং জগতেও কাজে লাগবে।



