ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলন: সাত বছরের বাজেট নিয়ে পাঁচ ফ্রন্টে মুখোমুখি নেতারা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী সাত বছরের বাজেট নিয়ে বড় ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্লকের নেতারা। বৃহস্পতিবার ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে জড়ো হচ্ছেন তাঁরা, তবে প্রতিদ্বন্দ্বী সরকারগুলোর কেউই এই সম্মেলন থেকে কোনো চুক্তি আশা করছে না।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা তাঁর বাজেট প্রস্তাবের পক্ষে সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। শনিবার উপস্থাপন করা ওই প্রস্তাবে আগের পরিকল্পনা থেকে আরও ৪ হাজার ৪০০ কোটি ইউরো ছাঁটাইয়ের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় সব নেতা ইইউ বাজেট ও ইউক্রেনের জন্য ৪ হাজার ৫০০ কোটি ইউরোর ঋণ নিয়ে আলোচনা করবেন। এরপর দিনের বাকি সময় তাঁরা ছোট ছোট দলে কিংবা একক বৈঠকে বসবেন। বৃহস্পতিবার রাতে তাঁরা আবার একত্র হয়ে দেখবেন, আলোচনায় অগ্রগতি হয়েছে কি না—তবে ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া বছরের শেষ শীর্ষ সম্মেলনের আগে কোনো চুক্তি আশা করা হচ্ছে না।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বুধবার সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘নিজের কাছে আরও বেশি দাবি করার পাশাপাশি একই সঙ্গে কম বিনিয়োগ বেছে নিতে পারে না ইউরোপ। দুর্বল ইউরোপীয় বাজেট দিয়ে শক্তিশালী ইউরোপ হতে পারে না।’
শীর্ষ সম্মেলনের প্রস্তুতিতে যুক্ত ডজনখানেক কূটনীতিক বলেছেন, নেতাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা করছেন তাঁরা; নেতারা ইঙ্গিত দিয়েছেন, আলোচনার এই পর্যায়ে আপস করতে তাঁরা রাজি নন। গোপন আলোচনা নিয়ে কথা বলতে নাম প্রকাশ না করার শর্তে এক ইইউ কূটনীতিক বলেন, ‘এটা সমঝোতায় পৌঁছানোর সম্মেলন নয়। পিছু হটার সময় এটা নয়।’ দ্বিতীয় আরেক জ্যেষ্ঠ ইইউ কূটনীতিকের মতে, ডিসেম্বরে একটি ভালো ইউরোপীয় কাউন্সিল পেতে হলে কস্তার সম্ভবত আগে একটি খারাপ কাউন্সিলই প্রয়োজন।
বাজেট নিয়ে মূল টানাপোড়েনের একটি হলো বাজেটের আকার। জার্মানি ও নেদারল্যান্ডসসহ উত্তরের দেশগুলোর একটি জোট প্রতিরক্ষা ও প্রতিযোগিতা সক্ষমতার মতো ‘আধুনিক’ অগ্রাধিকারের দিকে ঝুঁকে ছোট বাজেট চাইছে। অন্যদিকে ইতালি ও পোল্যান্ডসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বের সরকারগুলোর প্রতিদ্বন্দ্বী শিবির চাইছে ইইউ আরও বেশি ব্যয় করুক এবং কৃষি ও দরিদ্র অঞ্চলের মতো ঐতিহ্যবাহী খাতগুলোতেই মনোযোগ ধরে রাখুক।
উত্তেজনা এতটাই বেশি যে প্রস্তাবিত বাজেট বর্তমানের তুলনায় কতটা বড়, সে হিসাব নিয়েই একমত হতে পারছে না ইইউ সরকারগুলো। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দাবি করেছেন, কস্তার প্রস্তাব ২০২০ সালে সম্মত গত সাত বছরের বাজেটের চেয়ে ৪০ শতাংশ বেশি। প্রতিদ্বন্দ্বী সরকারগুলো বলছে, এই হিসাবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং ইইউর কোভিড-পরবর্তী ঋণ পরিশোধের বিষয়টি ধরা হয়নি—যা মোট বাজেটের প্রায় ১০ শতাংশ খেয়ে ফেলে।
ইইউর বাজেট কমিশনার পিওত্র সেরাফিন বুধবার ইউরোপীয় পার্লামেন্টে বলেন, ‘কেউ কেউ এমন ভান করে চলেছেন যেন বর্তমান বহুবার্ষিক আর্থিক কাঠামোর তুলনায় বাজেট এখনো বাড়ছে। কিন্তু তা শুধু এ কারণে যে তাঁরা মূল্যস্ফীতিকে হিসাবে ধরছেন না—আর সেটা মোটেই বিশ্বাসযোগ্য নয়।’
বাজেট ছাঁটাইয়ের চেষ্টা থেকে এখন পর্যন্ত কৃষকেরাই হাতে গোনা কয়েকটি পক্ষের মধ্যে আছেন, যারা সুরক্ষা পেয়েছেন। সর্বশেষ প্রস্তাবে ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত কৃষকদের জন্য সরাসরি ভর্তুকি হিসেবে সর্বোচ্চ ২৯ হাজার ৭০০ কোটি ইউরো রাখা হয়েছে। তবে তা ফ্রান্সের জন্য যথেষ্ট নয়—শক্তিশালী কৃষক লবির দেশটিতে এপ্রিল ও মে মাসে নির্বাচন, আর জরিপে এগিয়ে আছেন অতি-ডানপন্থী প্রার্থী মারিন লো পেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই অর্থের সংরক্ষিত অংশ ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করতে চাইছেন, যা আরও কয়েকটি দেশের বিরক্তির কারণ। তৃতীয় এক ইইউ কূটনীতিক বলেন, ‘ফ্রান্সকেও আপস করতে সক্ষম হতে হবে।’
বাজেট বাড়াতে ইইউ-জুড়ে নতুন কর বসানোর প্রস্তাবের পক্ষে ২৭ নেতাকে রাজি করাতে কস্তাকে কঠিন লড়াই করতে হচ্ছে। সর্বশেষ প্রস্তাবে পাঁচটি নতুন করের কথা বলা হয়েছে, যা থেকে বছরে ৬ হাজার কোটি ইউরো আসবে। তবে ইইউর নতুন করারোপের ক্ষমতা পাওয়ার মতো স্পর্শকাতর বিষয়ে পুরো বাজেট চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো নেতাই অনুমোদন দেবেন না। প্রতিটি সরকারই সেই করটি বাদ দিতে চায়, যা তাকে অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করবে। দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে নির্গমন বাণিজ্য প্রকল্পের রাজস্ব ব্যবহারের বিরোধিতা করছে পোল্যান্ড; তামাক করের অর্থ নেওয়ার ব্যাপারে আপত্তি লুক্সেমবার্গের; আর প্রযুক্তি জায়ান্টদের ওপর শুল্কে যুক্তরাষ্ট্রের প্রতিশোধের আশঙ্কায় সন্দিহান আয়ারল্যান্ড।
বাজেটকে হাতিয়ার করে মের্ৎস চার দেশ—হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেকিয়া ও বুলগেরিয়ার ওপর চাপ দিচ্ছেন, যাতে তারা ইউক্রেনের ৪ হাজার ৫০০ কোটি ইউরোর ঋণের সুদ-খরচ পরিশোধে সাহায্য করে। ইইউ বাজেটের প্রায় এক-চতুর্থাংশ জোগান দেওয়া বার্লিন হুমকি দিয়েছে, এই দেশগুলো পিছু হটলে তারা নিজেদের অবদান কমিয়ে দেবে। তবে বিষয়টি সম্পর্কে অবগত দুই ইইউ কূটনীতিকের ভাষ্য, গোপনে হাঙ্গেরি, চেকিয়া ও বুলগেরিয়া ঋণে অবদান রাখতে রাজি হলেও স্লোভাক প্রধানমন্ত্রী রবের্ট ফিৎসো বেশি অনিচ্ছুক। এক বুলগেরীয় কর্মকর্তা জানিয়েছেন, সামরিক ব্যয়ে যায় না এমন ইউক্রেন-অর্থায়নের ধার নেওয়ার খরচ পরিশোধের মতো একটি সমাধান হতে পারে। তবে বেশির ভাগ দেশই এই ধারণা প্রত্যাখ্যান করেছে। চতুর্থ এক জ্যেষ্ঠ ইইউ কূটনীতিক বলেন, ‘ইউরোপে এমন কোনো মেনু নেই যেখানে আপনি ঠিক করবেন কোনটা দেবেন আর কোনটা দেবেন না।’
অন্যদিকে, নতুন বাজেটের অধীনে প্রতিরক্ষা অর্থায়ন থেকে ইইউর বাইরের প্রতিষ্ঠানগুলোকে বাইরে রাখতে পাল্টা চাপ দিচ্ছেন মাখোঁ। কস্তা যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে ও ইউক্রেনসহ মিত্র দেশগুলোর কোম্পানিকে সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন, তবে যুক্তরাষ্ট্রকে বাদ রেখেছেন। এই আপস বেশির ভাগ সরকারের কাছে গ্রহণযোগ্য হলেও মাখোঁর জন্য তা যথেষ্ট নয়; তিনি সম্মেলনে বিষয়টি তুলতে চান বলে জানিয়েছেন এক ইইউ কূটনীতিক। ঠিক উল্টো দিকে চাপ দিচ্ছে রোমানিয়া—দেশটি চায় মার্কিন অস্ত্র কোম্পানিগুলো ইউরোপের বাজারে আরও বেশি সুযোগ পাক। রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্তেফান-রাদু ওপ্রেয়া বলেন, ‘ইউরোপে আমাদের মার্কিন প্রযুক্তি দরকার; আমার দৃষ্টিতে সহযোগিতার উপায় খুঁজে বের করা এবং মার্কিন উপস্থিতি রাখা উচিত আমাদের।’




