‘আমার এত শিরোপার পেছনে একজনই আছেন, সে মেসি’ — বললেন গার্দিওলা
কোচ হিসেবে নিজের বিপুল সাফল্যের রহস্য জানতে চাইলে সরাসরি লিওনেল মেসির নাম বললেন পেপ গার্দিওলা। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন বিশ্বের অন্যতম সফল এই কোচ।
বার্সেলোনায় কোচ হিসেবে কাটানো সময়ে গার্দিওলা জিতেছিলেন ১৪টি শিরোপা, যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা।
গার্দিওলা বলেন, ‘আমার এত শিরোপা জয়ের পেছনে একজন আছেন, সে হলেন মেসি। আপনার দলে যখন এত ভালো খেলোয়াড় থাকে, তখন আপনি নিজেও ভালো হয়ে ওঠেন।’
তবে শুধু তারকা খেলোয়াড় থাকলেই হয় না বলেও মনে করিয়ে দেন তিনি। তাঁর ভাষায়, কোচ হিসেবে নিশ্চিত করতে হয় সবাই যেন একই পথে চলে; খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া কেমন এবং কাদের একসঙ্গে খেলালে ভালো ফল পাওয়া যাবে, সেটা বুঝতে হয়।
গার্দিওলা জানান, তিনি তিনটি অবিশ্বাস্য দলের সঙ্গে কাজ করেছেন, যেখানে সব খেলোয়াড়ই ছিল অসাধারণ; সে কারণেই জয় এসেছে।
মেসিকে নিয়ে তিনি আরও বলেন, ‘মেসির মতো খেলোয়াড় আর কখনো দেখিনি। যে প্রতি তিন দিন অন্তর তিনটি গোল করতে পারে এবং তিনটি অ্যাসিস্টও দিতে পারে। এমন ধারাবাহিকতা বজায় রাখার ক্ষমতা খুব কম খেলোয়াড়েরই থাকে।’
অনুশীলনেও মেসি ছিলেন একই রকম। গার্দিওলা বলেন, অনুশীলনের সময় ছোট দলের ম্যাচেও মেসি একই রকম পারফর্ম করতেন; চার বছর কোচিং করানোর সময় তিনি মেসিকে একটি অনুশীলন সেশনও মিস করতে দেখেননি। মেসির মধ্যে ছিল অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক মানসিকতা, যা তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।
গার্দিওলার মতে, মেসির পর্যায়ে পৌঁছানো কারও পক্ষেই সম্ভব নয়। তিনি বলেন, ‘কেউই পারবে না। অনেক ভালো খেলোয়াড় আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না কেউ মেসির পর্যায়ে পৌঁছাতে পারবে। টানা ১৫ থেকে ২০ বছর ধরে প্রতি তিন দিন অন্তর এত উচ্চমানের পারফরম্যান্স দেখানো আমার মনে হয় না ভবিষ্যতে এমনটা আর কেউ পারবে।’

_11zon-790dd6.jpg)
-0284dd.jpg)