নিজের ‘হলান্ড’ নামের ট্রেডমার্ক ফিরে পেলেন আর্লিং হলান্ড, হেরে গেলেন পোলিশ ইলেকট্রিশিয়ান

ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড নিজের পদবি ‘হলান্ড’ বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে এগিয়ে গেছেন। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নামটি আগে নিবন্ধন করে নেওয়া পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ানের ট্রেডমার্ক নিবন্ধন বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (ইইউআইপিও)।
ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে একটি ব্র্যান্ড চালু করার পরিকল্পনা থেকে ইইউতে ‘হলান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেন হলান্ড। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর আগেই নামটি নিবন্ধন করে নিয়েছেন পোল্যান্ডের ইলেকট্রিশিয়ান মাইকেল ওয়াঁস।
ওয়াঁস শুধু একটি বা দুটি পণ্যের জন্য নামটি নেননি। তিনি ইইউতে ‘হলান্ড’ নামটি নিবন্ধন করেছিলেন ১৬টি পণ্যশ্রেণিতে। এর মধ্যে আছে খেলনা, ক্রীড়াসামগ্রী, পুষ্টিবর্ধক উপাদান, এনার্জি ড্রিংকস, এমনকি নারীদের অন্তর্বাসও।
হলান্ডের আইনি দল বিষয়টি সহজভাবে নেয়নি। তাদের অভিযোগ, ওয়াঁস অসৎ উদ্দেশ্যে নামটি নিবন্ধন করেছেন এবং নরওয়েজীয় ফুটবলারের বিশ্বজোড়া খ্যাতিকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য।
অভিযোগ অস্বীকার করেছেন ওয়াঁস। তাঁর দাবি, ফুটবলার হলান্ডের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং ‘হলান্ড’ নামটির পেছনে অন্য ব্যাখ্যা আছে।
ওয়াঁসের যুক্তি, পোলিশ শব্দ ‘হালা’, যার অর্থ বড় আচ্ছাদিত স্থাপনা, আর ইংরেজি ‘ল্যান্ড’, যার অর্থ ভূমি—এই দুটি শব্দ মিলিয়েই তৈরি হয়েছে ‘হলান্ড’। তাঁর আরেকটি দাবি, ‘হলান্ড’ আসলে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ।
এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি ইইউআইপিও। সংস্থাটি মনে করেছে, নামটি নিবন্ধনের পেছনে অসৎ উদ্দেশ্য ছিল। পাশাপাশি পণ্যগুলো দেখে ক্রেতাদের মনে হলান্ডের সঙ্গে সম্পর্ক থাকার ধারণা তৈরি হওয়ার ঝুঁকিও রয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। তাই ওয়াঁসের করা ট্রেডমার্ক নিবন্ধন বাতিল করেছে সংস্থাটি।
তবে এখানেই শেষ নয়। সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন পোলিশ ইলেকট্রিশিয়ান ওয়াঁস। ইউরোপীয় আদালতে আপিল করে রায় পাল্টানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।


_11zon-790dd6.jpg)
-0284dd.jpg)