ইউক্রেনে ৩ লাখ ঘরে বিদ্যুৎ দিতে বায়ুখামারে ৯৫ লাখ পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত জ্বালানি ব্যবস্থা পুনর্গঠনে আরও বিনিয়োগ করছে যুক্তরাজ্য। দেশটি একটি বায়ুখামার প্রকল্পে অর্থ দিচ্ছে, যেটি থেকে ৩ লাখ ইউক্রেনীয় পরিবারের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ পাঁচ বছরের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে ইউক্রেনের জ্বালানি মজুত শক্তিশালী করতে ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি বায়ুখামার নির্মাণে যুক্তরাজ্য ৯৫ লাখ পাউন্ড বিনিয়োগ করবে। বায়ুখামারটির অবস্থান প্রকাশ করা হয়নি।
কিয়েভের হিসাব অনুযায়ী, মস্কোর হামলায় ইউক্রেনের যুদ্ধপূর্ব বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৮০ শতাংশের বেশি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সক্ষমতার বেশির ভাগই ছিল রাশিয়া থেকে আমদানি করা গ্যাসনির্ভর।
যুক্তরাজ্য সরকার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা পুনর্গঠনে এরই মধ্যে ৭৭ কোটি পাউন্ডের বেশি দেওয়ার প্রস্তাব করেছে। এর মধ্যে জরুরি সহায়তার পাশাপাশি গ্যাসের ওপর দেশটির নির্ভরতা কমাতে নবায়নযোগ্য ও পারমাণবিক বিদ্যুতে দীর্ঘমেয়াদি বিনিয়োগও রয়েছে।
হিসাব অনুযায়ী, ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেন ৩ গিগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা স্থাপন করেছে, যা দেশটির মোট স্থাপিত উৎপাদন সক্ষমতার ২০ শতাংশ। এর প্রায় এক-তৃতীয়াংশ এসেছে বায়ু বিদ্যুৎ থেকে।
নতুন বায়ুখামারটি নির্মাণ ও পরিচালনা করবে এলিমেন্টাম এনার্জি। কোম্পানিটি যুক্তরাজ্যে নিবন্ধিত এবং এর কার্যালয় রয়েছে লন্ডন, কিয়েভ ও ওডেসায়।
মিলিব্যান্ড বলেন, এই অর্থ বড় আকারের নতুন নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, ইউক্রেনের জ্বালানি স্বাধীনতা শক্তিশালী করা এবং দেশটির পুনরুদ্ধারে সহায়তা করবে, পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করবে। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনীয়দের অন্ধকারে ঠেলে দিতে চাইলেও যুক্তরাজ্য দেশটিকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়তে সাহায্য করছে।
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনের এই পরিকল্পনা ঘোষণার কয়েক দিন আগেই মস্কো দেশটির জ্বালানি ব্যবস্থায় নতুন করে হামলা চালিয়েছে। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমের ওডেসার কাছে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলায় শহরের কিছু অংশে বিদ্যুৎ, তাপ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি বিনিয়োগকারী ডিটিইকে জানিয়েছে, শীতের তাপমাত্রা কমতে থাকার মধ্যে শুধু নভেম্বরেই তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে এটি তৃতীয় বড় হামলা।
এর আগে ডিটিইকেই যুদ্ধক্ষেত্রে প্রথম বায়ুখামার নির্মাণ করেছিল। ২০২৩ সালের শুরুতে দক্ষিণের মিকোলাইভ অঞ্চলে সম্মুখসারি থেকে মাত্র ৬০ মাইল দূরে তাইলিগুলস্কা প্রকল্পের প্রথম ধাপ শেষ হয়, যেখান থেকে প্রায় ২ লাখ বাড়ির জন্য পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন হয়। প্রকল্পটির দ্বিতীয় ধাপ ২০২৬ সালের শেষ নাগাদ শেষ হওয়ার কথা ছিল।




