…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

৮৯ বছর পর খোলা হবে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় লোহার সিন্দুক, অনুমতি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
৮৯ বছর পর খোলা হবে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় লোহার সিন্দুক, অনুমতি হাইকোর্টের
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে। সেখানে যে বাড়িতে তিনি থাকতেন, তা আজও আছে। সেই বাড়িতেই রয়েছে জগদীশ চন্দ্রের ব্যবহৃত একটি লোহার সিন্দুক, যা তাঁর মৃত্যুর পর থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।

জগদীশ চন্দ্রের মৃত্যুর পর সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও এর চাবি পাওয়া যায়নি। আর কেউ সাহস করে সিন্দুকটি খোলেওনি। গিরিডির বিজ্ঞানমনস্ক মানুষ সিন্দুকটি খোলার দাবি জানালেও প্রশাসন এত দিন তা খুলতে পারেনি।

এবার সেই সিন্দুক খোলার অনুমতি দিয়েছেন ঝাড়খণ্ড হাইকোর্ট। গিরিডির ‘শান্তি নিবাস’ নামের বাড়িটিতে ৮৯ বছর আগে মারা যান এই বিজ্ঞানী। এত বছরে সিন্দুকটি ঘিরে এক রহস্য তৈরি হয়েছে।

গত ১৮ নভেম্বর ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে সিন্দুক খোলার সম্মতি দেন। আদালত বলেন, বিজ্ঞানীদের জন্য তো বটে, মানবজাতির জন্যই সেই সিন্দুক খুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

ডিভিশন বেঞ্চ আরও বলেছে, ৩ ফুট লম্বা ও ২ ফুট চওড়া সিন্দুকটি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর পর থেকেই এই শান্তি নিবাসেই রয়েছে। অনেকেই মনে করছেন, ওই সিন্দুকে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।

একই সঙ্গে ডিভিশন বেঞ্চ পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরকে এই ভবনটির সংস্কার ও সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করে হলফনামার মাধ্যমে তা হাইকোর্টকে জানাতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০০২ সালে এই সিন্দুক খোলার উদ্যোগ নিয়েছিল গিরিডির জেলা প্রশাসন। তখন সিদ্ধান্ত হয়, প্রখ্যাত বিজ্ঞানী ও তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে খোলা হবে সিন্দুকটি। তবে রাষ্ট্রপতি কালাম কর্মসূচি দিয়েও গিরিডিতে আসতে পারেননি। ফলে সেবারও খোলা হয়নি রহস্যজনক সিন্দুকটি। এরপর নতুন কর্মসূচি নিয়ে আবার খোলার চেষ্টা হলেও সেসব উদ্যোগ সফল হয়নি।

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রয়াত হন গিরিডির এই বাসভবনেই, ১৯৩৭ সালের ২৩ নভেম্বর। সেদিন ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এই বাসভবনে থেকেই তিনি তাঁর বিজ্ঞানচর্চা চালিয়ে গেছেন। সিন্দুকটি ছিল বাড়ির একটি কক্ষে, পরিচিত ‘৫ নম্বর সিন্দুক’ হিসেবে।

জগদীশ চন্দ্র বসু হাওয়া বদল করতে প্রতিবছর গিরিডিতে যেতেন। গিরিডি ছিল স্বাস্থ্যকর জায়গা; তখন চিকিৎসকেরা হাওয়া বদল করতে বিভিন্ন রোগীকেও গিরিডিতে আসার পরামর্শ দিতেন। ১৯৩০ সালের পর থেকে জগদীশ চন্দ্র বসু পূজার ছুটি কাটাতে গিরিডিতে আসতেন এবং থাকতেন এই শান্তি নিবাসে।

চার একর জমির ওপর ছিল এই শান্তি নিবাস। বাড়িটির মালিক ছিলেন জগদীশ চন্দ্র বসুর পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র, যিনি ছিলেন জেলা জজ। পরে অমৃত নাথ মিত্রের স্ত্রী মধুরিমা মিত্র বাড়িটি বিক্রি করে দেন বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কাছে। তারা শান্তি নিবাসের আশপাশের জমি বিক্রি করে দিলেও শান্তি নিবাসটি বিক্রি করেনি।

ভবনটি এখন জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে; এর একাংশে গড়া হয়েছে জাদুঘরও। ১৯৯৭ সালে এই শান্তি নিবাস তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে অধিগ্রহণ করে বিহার সরকার। তখন গিরিডি ছিল বিহার রাজ্যে। ২০০০ সালের ১৫ নভেম্বর বিহার ভেঙে নতুন রাজ্য ঝাড়খণ্ড গঠিত হলে গিরিডি চলে আসে ঝাড়খণ্ডে।

গিরিডিতে গড়ে ওঠা স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ হাইকোর্টের রায়ের পর বলেছেন, ‘২০ বছর ধরে আমরা এই ভবনের ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছি। এবার সেই ঐতিহাসিক সিন্দুক খোলার নির্দেশ দেওয়ায় আমরা খুশি। এর ফলে গিরিডিবাসী শিক্ষার্থী, বিজ্ঞানী এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য হয়তো খুলে যাবে এই সিন্দুকের রহস্য। জানা যাবে, কী আছে এই রহস্যময় সিন্দুকে।’

জগদীশ চন্দ্র বসুর আদি নিবাস ছিল বর্তমান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। তাঁর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে; বাবা ভগবান চন্দ্র বসু তখন সেখানে চাকরি করতেন। জগদীশ চন্দ্রের প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয় ফরিদপুর জেলায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

জীবন্ত মানবকোষের ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে গবেষণা টেক্সাসের বিজ্ঞানীদের

ছবি, ভিডিও, বই কিংবা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে মানুষ এখন হার্ডডিস্ক, মেমোরি কার্ড ও ক্লাউড স্টোরেজ ব্যবহার করে। তবে ভবিষ্যতে তথ্য সংরক্ষণের মাধ্যম হতে…

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল
প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটজিপিটি হেলথ’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিটনেস অ্যাপ ও পরিধানযোগ্য প্রযুক্ত…

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা
প্রযুক্তি

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।…

প্রযুক্তি

চ্যাটজিপিটিতে এলো নতুন মডেল জিপিটি-৬.২ সল, ২৩ ডিসেম্বর বন্ধ হচ্ছে পুরোনো জিপিটি-৫.৬ সল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। চ্যাট বিভাগের জন্য নতুন মডেল জিপিটি-৬.২ সল চালু করতে শুরু করেছে প্রতিষ্ঠান…