ইংলিশ চ্যানেলের পাচারকারী চক্রের প্রধান নৌকা সরবরাহকারী সন্দেহে জার্মান ব্যবসায়ী মারভিন রয়টার

ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসী পাচারকারী চক্রগুলোর কাছে নৌকা সরবরাহের প্রধান উৎস হিসেবে এক জার্মান নৌকা ব্যবসায়ীকে সন্দেহ করছে ইউরোপীয় কর্তৃপক্ষ। বিবিসির অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।
বিবিসির দেখা নথি অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনাগুলোর প্রায় এক-তৃতীয়াংশের সঙ্গে পশ্চিম জার্মানির ছোট প্রতিষ্ঠান মারে বোটে (MaReBoote)-এর নৌকা বা ইঞ্জিন জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে জার্মান পুলিশ জেনেছে, এপ্রিলের শেষ পর্যন্ত শনাক্ত হওয়া পাড়ি দেওয়ার ঘটনার ২৯ শতাংশেই এই প্রতিষ্ঠানের নৌকা বা ইঞ্জিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মারভিন রয়টার ফ্রান্সে প্রত্যর্পণের বিরোধিতা করছেন। ফ্রান্সে তাঁর বিরুদ্ধে পাচার, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ উঠতে পারে। তাঁর সরঞ্জাম দুটি প্রাণঘাতী দুর্ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে; ওই দুই ঘটনায় চারজন পুরুষ মারা গেছেন। প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা যাচ্ছে না; বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে গণ্য হবেন।
বিবিসি ডর্টমুন্ডের কাছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ৩৫ বছর বয়সী রয়টারের মুখোমুখি হলেও তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি; তিনি বিবিসিকে পুলিশের কাছে অভিযোগ করার কথা বলেন। জার্মানির গোপনীয়তা আইনের কারণে বিবিসি তাঁর ছবি ঝাপসা করে প্রকাশ করেছে।
বিবিসি জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআর ও এনডিআর, পত্রিকা জুডডয়চে সাইটুং এবং ফ্রান্সের ল্য মঁদ পত্রিকার সঙ্গে মিলে মামলাটি সম্পর্কে শত শত পুলিশ, আদালত ও কর নথি সংগ্রহ ও পর্যালোচনা করেছে। তদন্তকারীদের ধারণা, কথিত সহযোগীদের স্বীকারোক্তি, কারাগারের কক্ষে এক কথিত চক্রপ্রধানের গোপনে ধারণ করা কথোপকথন এবং দুটি প্রাণঘাতী পাড়ি দেওয়ার চেষ্টার মাধ্যমে রয়টারের সঙ্গে পাচারকারী চক্রগুলোর সুস্পষ্ট ও ধারাবাহিক সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
ফরাসি তদন্ত অনুযায়ী, মে মাস পর্যন্ত মাত্র দুই বছরের কিছু বেশি সময়ে রয়টারের প্রতিষ্ঠানের অন্তত ৮২টি নৌকা ইংল্যান্ডের উপকূলে পৌঁছেছে। পাঁচ বছর আগের সংবাদমাধ্যমের ছবিতেও অভিবাসীতে ঠাসা ডিঙি নৌকায় মারে বোটের লোগো দেখা গেছে। ২০২১ সালে রয়টার দ্য সান ও দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, তাঁর নৌকা পাচারকারীদের হাতে পড়ায় তিনি ‘হতাশ’ ও ‘উদ্বিগ্ন’। তখন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অন্যায়ের সন্দেহ করছে, এমন কোনো ইঙ্গিত ছিল না।
ফরাসি কৌঁসুলি স্যামুয়েল ফিনিয়েলজ তদন্তের বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, তবে নিশ্চিত করেছেন যে একটি জার্মান কোম্পানির প্রধান বর্তমানে একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় রয়েছেন। পরোয়ানাটি চলতি বছরের মে মাসে জারি হয় এবং এটি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ঘটা কথিত অপরাধগুলোর সঙ্গে সম্পর্কিত। ফিনিয়েলজ বলেন, নৌকা বিক্রি করা ‘সম্পূর্ণ বৈধ’; তবে কেউ পুরোপুরি জেনেশুনে অবৈধ অভিবাসন বা মানব পাচারে জড়িত চক্রের কাছে বিক্রি করলে তা অবৈধ হয়ে যায়।
ফ্রান্সে এই তদন্তের অংশ হিসেবে আরও পাঁচজনকে ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে—একজন ইরানি, তিনজন ইরাকি এবং একজন সিরীয়। রয়টারের সরঞ্জাম জড়িত বলে সন্দেহ করা দুটি প্রাণঘাতী ঘটনার একটিতে যিনি মারা যান, তিনিও ছিলেন সিরীয়। নথিতে থাকা জন্মতারিখ অনুযায়ী সুলিমান আল হুসেইনের বয়স মাত্র ২০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল; ২০২৫ সালের জানুয়ারিতে কালের পশ্চিমে একটি ব্যর্থ উৎক্ষেপণের সময় ঠাসাঠাসি ডিঙিতে চাপা পড়ে সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে সে সময়ের প্রতিবেদনে বলা হয়। তিনি ছিলেন ওই বছর ইংলিশ চ্যানেলে মারা যাওয়া প্রথম অভিবাসী, এবং তদন্তকারীদের অভিযোগ, যে নৌকায় তাঁর মরদেহ পাওয়া যায়, তাতে মারে বোটের লোগো ছিল।
রয়টারের বিরুদ্ধে মামলার সূত্রপাতও একটি আকস্মিক গ্রেপ্তার থেকে। চলতি বছরের মে মাসে এক ভোরে উত্তর ফ্রান্সের বন্দরনগরী বুলোন-সুর-মেরের কাছে জার্মান নম্বরপ্লেটের একটি গাড়িকে দ্রুতগতিতে অন্য গাড়িকে অতিক্রম করতে দেখে ফরাসি পুলিশ সেটি থামায়; ট্রেলার টানা ওই বিএমডব্লিউতে দুজন জার্মান নাগরিক নৌকার সরঞ্জাম ও জ্বালানির ক্যান বহন করছিলেন বলে পরবর্তী তল্লাশিতে জানা যায়।




