থ্যাঙ্কসগিভিংয়ের খাবারের খরচ বেড়েছে ১১ শতাংশ, টার্কির দাম বেড়েছে ২৬ শতাংশ
যুক্তরাষ্ট্রে এবারের থ্যাঙ্কসগিভিংয়ের খাবারের খরচ গত বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে বলে থিংক ট্যাংক দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। বৃহস্পতিবার ছুটির দিনে পরিবারগুলো একত্র হলেও অনেকের কাঁধে চেপেছে ভারী মুদি বাজারের বিল।
থ্যাঙ্কসগিভিং টেবিলের প্রধান পদ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে ২৬ শতাংশ।
পাশের পদগুলোর দামও বেড়েছে দুই অঙ্কের হারে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিন) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ ডলার ৯৯ সেন্ট থেকে ৪ ডলার ৮ সেন্টে দাঁড়িয়েছে। পাঁচ পাউন্ডের এক ব্যাগ রাসেট আলুর দাম বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ, আর আপেল পাইয়ে ব্যবহৃত গ্র্যানি স্মিথ আপেলের তিন পাউন্ডের ব্যাগের দাম বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ।
দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, ‘থ্যাঙ্কসগিভিং মানে টেবিল ঘিরে সবাই একত্র হওয়া, কিন্তু এ বছর অনেক পরিবারকে হিসাব করতে হচ্ছে, কতজনকে তারা খাওয়াতে পারবে।’
আমেরিকান ফার্ম ব্যুরোর হিসাবে, ১০ জনের এক বেলার খাবারের খরচ বাড়ছে ৬ শতাংশ। ২০২২ সালে দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এটাই প্রথম মূল্যবৃদ্ধি।
কিছু মুদি বিক্রেতা দাম কম রাখার চেষ্টা করছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বুশউইক এলাকার ছোট মুদি দোকান গ্রিন ভ্যালির মালিক বারিস আভচি আল জাজিরাকে বলেন, ডিম, দুধ ও চিনির মতো গুরুত্বপূর্ণ পণ্য তিনি প্রায় ক্রয়মূল্যেই বিক্রি করেন। তাঁর ভাষায়, মানুষ যেমন সংগ্রাম করছে, তারাও তেমনই করছে।
দাম বাড়ায় অনেক ক্রেতাকে ঐতিহ্য বদলাতে হচ্ছে। গ্রিন ভ্যালিতে কেনাকাটা করতে আসা স্যাম ব্রেভারম্যান আল জাজিরাকে বলেন, আগের বছরগুলোতে তাঁর মা থ্যাঙ্কসগিভিংয়ের আয়োজন করতেন এবং সব খরচ বহন করতেন; কিন্তু দাম বাড়ায় এ বছর পরিবারটি ‘পটলাক’ পদ্ধতিতে যাচ্ছে—সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসবে।
খরচ বাড়ার পেছনে রয়েছে একাধিক কারণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট প্রতিবন্ধকতায় জ্বালানি ও সারের দাম বেড়েছে। বসন্তের বপন মৌসুমে সারে ব্যবহৃত ইউরিয়ার দাম যুদ্ধ শুরুর সময় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল, আর সেই খরচ কৃষক থেকে গুদাম হয়ে সুপারমার্কেটের তাক পর্যন্ত পৌঁছেছে।
শুল্কের চাপও খরচ বাড়িয়েছে। ক্যানে ব্যবহৃত ইস্পাতের ওপর শুল্কের কারণে টিনজাত পণ্যের দাম বেড়েছে। সেপ্টেম্বরে ক্যাম্পবেল’স স্যুপ জানায়, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াবে।
অন্যদিকে ওয়ালমার্টের মতো বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ১০ জনের জন্য সম্পূর্ণ ছুটির খাবারের প্যাকেজ দিচ্ছে, যার দাম গত বছরের একই অফারের চেয়ে ১২ শতাংশ কম।
অনলাইন ঋণ প্ল্যাটফর্ম লেন্ডিংট্রির এক প্রতিবেদন অনুযায়ী, এ বছর আয়োজন করতে যাওয়া আমেরিকানদের এক-তৃতীয়াংশ বলছে, আয়োজন তাদের আর্থিক চাপে ফেলছে। আয়োজকদের প্রায় ৬২ শতাংশ এ জন্য অর্থ ধার করবে; তাদের ১৮ শতাংশ ব্যবহার করবে ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) ঋণ। মার্কিন ফেডারেল রিজার্ভের আগস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৬ শতাংশ আমেরিকান বিএনপিএল ঋণ ব্যবহার করে, যা ২০২১ সালের তুলনায় ছয় শতাংশ পয়েন্ট বেশি।
ভ্রমণেও খরচের প্রভাব পড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি আমেরিকান ভ্রমণ করবে, যা গত বছরের চেয়ে ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এটাই প্রথম হ্রাস। এএএর ভ্রমণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টেসি বার্বার বলেন, ভ্রমণ খরচ বেড়ে যাওয়াই এর একটি কারণ। হপারের সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, থ্যাঙ্কসগিভিং ভ্রমণে অভ্যন্তরীণ বিমানভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে দাঁড়িয়েছে, যা এক দশকের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছুটির ভ্রমণ মৌসুম।



