বিগ টেকের ওপর ডিজিটাল কর না বসাতে ইইউ নেতাদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কর বসানোর পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইইউর ২ লাখ কোটি ইউরোর বাজেটের জন্য নতুন রাজস্বের উৎস খোঁজার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইইউজুড়ে ডিজিটাল লেভির প্রস্তাবের বিরোধিতা করি, যেভাবে আমরা অন্যান্য ডিজিটাল সেবা করের বিরোধিতা করেছি এবং করে যাচ্ছি; এসব কর মার্কিন কোম্পানিগুলোর প্রতি বৈষম্যমূলক, একই সঙ্গে ভোক্তাদেরও ক্ষতি করে।’ এটি ওয়াশিংটনের বহু বছরের বিরোধিতারই পুনরাবৃত্তি।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা গত শনিবার ইউরোপীয় ডিজিটাল কর নিয়ে আলোচনা পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেন। তাঁর যুক্তি, এই কর ইইউর ২ লাখ কোটি ইউরোর দীর্ঘমেয়াদি বাজেটের অর্থায়নে সাহায্য করবে এবং বাজেটের চূড়ান্ত আকার নিয়ে সমঝোতায় পৌঁছানো সহজ করবে।
প্রস্তাবিত করটি প্রযোজ্য হবে সেসব কোম্পানির ক্ষেত্রে, যাদের বৈশ্বিক লেনদেন ৭৫ কোটি ইউরোর বেশি এবং ইউরোপে অন্তত ৫ কোটি ইউরোর ব্যবসা আছে। এই সীমার আওতায় গুগল, মেটা ও অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলো পড়বে।
বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতাদের দুই দিনের বিশেষ শীর্ষ সম্মেলন শুরুর সময়েই এই সতর্কবার্তা এল। সম্মেলনে পরবর্তী বাজেটের জটিল অর্থায়ন সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে—কত ব্যয় করা হবে এবং জাতীয় কোষাগারের বোঝা কমাতে তথাকথিত ‘নিজস্ব সম্পদ’ হিসেবে কীভাবে নতুন রাজস্ব তোলা যাবে।
ইউরোপীয় কমিশন ২০১৮ সালে ইইউজুড়ে ডিজিটাল করের প্রস্তাব দিয়েছিল। পরে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মধ্যস্থতায় বৈশ্বিক সমঝোতার আলোচনাকে সময় দিতে প্রস্তাবটি স্থগিত রাখা হয়। ফ্রান্স, অস্ট্রিয়া ও ইতালির মতো দেশগুলো নিজস্ব জাতীয় লেভি নিয়ে এগিয়ে যায়, যা ট্রাম্পের প্রথম প্রশাসনের পাল্টা ব্যবস্থার হুমকি ডেকে আনে।
এখন ইইউজুড়ে করের ধারণাটি আবার গতি পাচ্ছে। ফ্রান্স, ডেনমার্ক, স্পেন ও ইতালিসহ কয়েকটি দেশ এর পক্ষে রয়েছে। এই তোড়জোড় এমন সময়ে চলছে, যখন শিল্পখাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে পৃথক তদন্তের পর বুধবার ওয়াশিংটন ইইউর ওপর নতুন শুল্কের হুমকি দিয়েছে।
শীর্ষ সম্মেলনের আগে বুধবার সাংবাদিকদের ব্রিফিংয়ে এক ইইউ কূটনীতিক বলেন, ‘এটি একটি উপযুক্ত ক্ষেত্র, কারণ যেসব কোম্পানি এই অবদানের আওতায় পড়বে, তারা একক বাজার থেকে বিপুল সুবিধা পায়, আর তাদের কিছু কার্যক্রম ও সেবার ওপর আজ খুবই কম কর বসে।’ প্রস্তাবটি ওয়াশিংটনকে ক্ষুব্ধ করতে পারে—এমন উদ্বেগ তিনি উড়িয়ে দেন।
ওই কূটনীতিক আরও বলেন, ‘আমরা বলতে পারি না যে আমাদের মার্কিন অংশীদার নিজের জন্য ব্যবস্থা নেওয়ার সময় আমাদের অনুভূতির কথা ভাবে।’ নতুন প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনায় ‘খুব কম শক্ত বিরোধিতা’ দেখা গেছে বলেও তিনি জানান।
তবে তিনজন ইইউ কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, আয়ারল্যান্ড, সুইডেন, মাল্টা, জার্মানি ও নেদারল্যান্ডস এখনো সতর্ক অবস্থানে রয়েছে। নতুন কোনো ইইউ করের জন্য সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হওয়ায় কোস্তার ধারণাটি শেষ পর্যন্ত টিকবে কি না, তা এখনো অনিশ্চিত।
তবে জার্মান সরকার প্রস্তাবটি ‘খোলা মনে’ পরীক্ষা করবে বলে একটি অভ্যন্তরীণ নোটে বলা হয়েছে। নোটে বলা হয়, ‘এটি সময়মতো ইইউ বাজেটে সম্পদ জোগাতে পারবে কি না এবং এভাবে অর্থায়ন সমীকরণের সমাধানে অবদান রাখতে পারবে কি না, তা স্পষ্ট করতে হবে।’ নোটে ‘আন্তর্জাতিক প্রেক্ষাপট’ নিয়েও স্পষ্টতা চাওয়া হয়েছে।
প্রস্তাবের বিরোধিতায় সবচেয়ে সোচ্চার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী (তিশক) মিখেল মার্টিন। ইউরোপীয় নেতাদের বৈঠকে ঢোকার সময় তিনি ডিজিটাল করের প্রতি আয়ারল্যান্ডের ‘শক্ত বিরোধিতা’র কথা পুনরাবৃত্তি করে বলেন, এমন লেভি ইউরোপীয় প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর চেষ্টার ‘পরিপন্থী’।
প্রযুক্তি খাতের লবি গ্রুপগুলোও পুনরুজ্জীবিত কর প্রস্তাবের বিরুদ্ধে চাপ দিচ্ছে। সিসিআইএ ইউরোপ, ডট ইউরোপ ও আইটিআইসহ ব্রাসেলসভিত্তিক গ্রুপগুলোর সমন্বয়ে গঠিত ১১টি বাণিজ্য সংগঠনের একটি জোট বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, ‘ডিজিটাল সেবা কর বারবার তৃতীয় দেশগুলোর পাল্টা ব্যবস্থার হুমকি ডেকে এনেছে।’ এই সংগঠনগুলোর সদস্যদের মধ্যে মার্কিন প্রযুক্তি জায়ান্টরাও রয়েছে।



