মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই: প্রেসক্লাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় মজুরি নিয়ে দর-কষাকষির বিষয়ে কথা হয়েছিল। মালিকপক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব করবে এবং শ্রমিকপক্ষ ২০ হাজার টাকা দাবি করবে—এমন ধারণা থেকে ১৭ থেকে ১৮ হাজার টাকায় পৌঁছানোর লক্ষ্য ছিল।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর সরকার ডিসেম্বর থেকে তা কার্যকর করার ঘোষণা দিয়েছে। সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে।
গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করে বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়া এবং এ খাতকে ধ্বংস করার চেষ্টা চলছে বলে জানান নুরুল হক নুর। তাঁর দাবি, এসব অস্থিরতা তৈরির পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন ও অর্থায়ন রয়েছে।
নুর বলেন, গার্মেন্টস খাতে এখন অর্ডারের মৌসুম। এ সময়ে কারখানায় অস্থিরতা তৈরি হলে বিদেশি ক্রেতারা বিকল্প উৎস হিসেবে ভারত ও ভিয়েতনামের দিকে চলে যাবেন। কারণ, বাংলাদেশে আন্দোলন চলছে এবং কারখানা কবে খুলবে তা নিশ্চিত নয়—এমন পরিস্থিতিতে ক্রেতারা ব্যবসা সচল রাখতে বিকল্প বাজার খুঁজবেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ধরার চেষ্টা করছে। তাই এ খাতে অস্থিরতা দেশের জন্য ক্ষতিকর।
গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির পেছনে অর্থায়নের অভিযোগ তুলে নুর বলেন, গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে গাজীপুরে ১০০ কোটি টাকা অর্থায়নের বিষয়টি উঠে এসেছে। কারখানা বন্ধ করে শ্রমিকদের উসকে দিয়ে আন্দোলনে নামানোর অভিযোগও রয়েছে।
তাঁর দাবি, আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মুনাফার একটি অংশ অস্থিরতা তৈরির কাজে ব্যয় করা হচ্ছে।
শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ও হাসপাতাল ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আটটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ রয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ শ্রমিক অধ্যুষিত এলাকায় ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগও নেওয়া হচ্ছে। এ জন্য শ্রমিক অধ্যুষিত এলাকায় টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি চাল বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।




