আঙ্কারায় এরদোয়ানের সঙ্গে হাফতারের বৈঠক, লিবিয়া ঐক্যে তুরস্কের উদ্যোগ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার আঙ্কারায় পূর্ব লিবিয়ার সামরিক কমান্ডার খলিফা হাফতারকে আতিথ্য দিয়েছেন। কয়েক দিন আগেই প্রতিদ্বন্দ্বী ত্রিপোলিভিত্তিক প্রশাসনের প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন।
এটি হাফতারের প্রথম আঙ্কারা সফর। প্রায় সাত বছর আগে তুরস্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) আক্রমণ প্রতিহত করতে সহায়তা করেছিল।
২০২০ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর তুরস্ক অবস্থান বদলে প্রতিদ্বন্দ্বী দুই প্রশাসনকে ঐক্যবদ্ধ সরকার ও সামরিক কাঠামোর দিকে আনার চেষ্টা করছে, যাতে ভূমধ্যসাগরে তার সামুদ্রিক স্বার্থ সুরক্ষিত থাকে।
এই বৈঠকগুলো এরদোয়ানের প্রত্যাশিত লিবিয়া সফরের আগে হচ্ছে। এটি হবে ১৫ বছরের মধ্যে তাঁর প্রথম লিবিয়া সফর।
তুরস্কের ২০১৯-২০ সালের সামরিক হস্তক্ষেপ লিবিয়ার গৃহযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং হাফতারের বাহিনী পশ্চিম লিবিয়া থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। যুদ্ধবিরতির পর আঙ্কারা পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে।
এই ঘনিষ্ঠতা ২০২৫ সালে আরও বেড়েছে। গত আগস্টে জাতিসংঘের একটি প্রক্রিয়ায় ৪+৪ চুক্তি হয়েছে, যেখানে ঐক্যবদ্ধ সরকার এবং দুই বছরের মধ্যে জাতীয় প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের রোডম্যাপ রয়েছে। তুরস্ক এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে।
জুলাই মাসে আঙ্কারা হাফতারের এলএনএর সঙ্গে সামরিক অবকাঠামো ও প্রশিক্ষণ নিয়ে চুক্তিতে পৌঁছায়।
আঙ্কারার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ২০১৯ সালে ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে সই করা সামুদ্রিক সীমানা চুক্তি, যা গত মাসে পূর্বাঞ্চলও গ্রহণ করেছে। চুক্তিটি গ্রিস ও ইসরায়েলের বিরোধিতার মুখে রয়েছে এবং মিসর বলেছে, এটি তাদের সামুদ্রিক অধিকার লঙ্ঘন করেছে। আঙ্কারা চুক্তিটিকে আইনসম্মত বলে রক্ষা করেছে।
মে মাসে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের ত্রিপোলির উপপ্রতিরক্ষামন্ত্রী আব্দুসসালাম আল-জুবি এবং খলিফা হাফতারের ছেলে ও এলএনএর জ্যেষ্ঠ কমান্ডার সাদ্দাম হাফতারের সঙ্গে বৈঠক করেন। পরে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন বেনগাজিতে সাদ্দাম হাফতারের সঙ্গে দেখা করেন।
অক্টোবরে আঙ্কারায় সামরিক পুনঃএকত্রীকরণ নিয়ে আরও আলোচনা হয়, যার মধ্যে মধ্যাঞ্চলীয় শহর সির্তেতে যৌথ সামরিক কমান্ড গঠনের আলোচনাও ছিল। তবে ঐক্যবদ্ধ সামরিক বাহিনীর ওপর রাজনৈতিক কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে মতবিরোধ অমীমাংসিত রয়ে গেছে।
লিবিয়া বিশ্লেষক জালেল হারশাউই বলেছেন, তুরস্কের সামরিক শক্তি ও টিকে থাকার ক্ষমতা তাকে পুরো লিবিয়াজুড়ে মর্যাদা দিয়েছে। তাঁর ভাষায়, আজ কোনো গুরুত্বপূর্ণ লিবীয় নেতাই আঙ্কারাকে উপেক্ষা করতে পারেন না।
সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক স্যানসম মিল্টন বলেছেন, স্থিতিশীল ও ঐক্যবদ্ধ লিবিয়াই তুরস্কের অর্থনৈতিক ও সামুদ্রিক স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করে বলেই আঙ্কারা এক পক্ষকে সমর্থন থেকে সরে এসে দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করছে।
বিশ্লেষকেরা বলছেন, লিবিয়ায় অর্থনৈতিক সংকট গভীর হচ্ছে, দিনার দুর্বল হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং জ্বালানি ও নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। গত এক বছরে প্রতিবাদ ও ধর্মঘট বেড়েছে।
সাদ্দাম হাফতারকে প্রেসিডেন্সি কাউন্সিলের চেয়ারম্যান করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সমর্থন থাকলেও পশ্চিম লিবিয়ার শক্তিশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলো, বিশেষ করে মিসরাতায়, এর বিরোধিতা করছে।
মিল্টন বলেছেন, পশ্চিম লিবিয়ায় একক কোনো কমান্ড কাঠামো নেই, তাই ত্রিপোলির নেতারা নিশ্চিত করতে পারেন না যে আশপাশের সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নামে হওয়া কোনো চুক্তি মেনে নেবে। তাঁর মতে, বিভাজন দুই পক্ষের অভিজাত ও সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য লাভজনক হয়ে আছে।
কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধ্যাপক সাবান কারদাস বলেছেন, শেষ পর্যন্ত স্থানীয় পক্ষগুলোকেই মতভেদ দূরে সরিয়ে অচলাবস্থা কাটাতে হবে। এরদোয়ানের ডিসেম্বরের সফরে প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা ও খলিফা হাফতার সরাসরি আলোচনায় বসবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।


