ইবিজা উপকূলে ৭ হাজার টন ডিজেল নিয়ে ট্যাংকারডুবি, এক নাবিকের মৃত্যু

স্পেনের ইবিজা দ্বীপের উপকূলে সর্বোচ্চ ৭ হাজার টন ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকার ডুবে গেছে। এ ঘটনায় একজন নাবিক মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মাল্টার পতাকাবাহী রাসায়নিক ট্যাংকার মেড এমরে-তে ১৭ জন নাবিক ছিলেন; তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে সাতজনকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাঁদের একজনকে মৃত ঘোষণা করা হয় বলে বালিয়ারিক দ্বীপপুঞ্জের জরুরি সেবা বিভাগ নিশ্চিত করেছে।
স্পেনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকিৎসাধীন বাকি ছয় নাবিক হাইপোথার্মিয়ার মতো সামান্য আঘাত পেয়েছেন।
আহত নাবিকদের ভালেনসিয়ার হাসপাতাল এবং ইবিজার কান মিসেস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মার্গা প্রোহেন্স।
ট্যাংকারটি ইবিজার উপকূল থেকে ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) এবং ভালেনসিয়া থেকে ৫৭ নটিক্যাল মাইল দূরে ডুবেছে। ডুবে যাওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। জাহাজটি দক্ষিণ স্পেনের আলজেসিরাস থেকে উত্তর-পূর্বের বার্সেলোনার দিকে যাচ্ছিল।
স্পেনের সংবাদমাধ্যম অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে (জিএমটি রাত সাড়ে ৯টা) ভালেনসিয়ায় উদ্ধারকারীরা একটি বিপদসংকেত পান। কয়েক মিনিট পর জাহাজটি ছিদ্র হওয়ার খবর দেয় এবং নাবিকরা জানান, জাহাজটি ৯০ ডিগ্রি কোণে হেলে গেছে।
আঞ্চলিক জরুরি বিভাগের পরিচালক পাবলো গারিজ বলেছেন, ট্যাংকারটি পুরোপুরি ডোবেনি; এটি এখনো আংশিক ডুবে আছে। তাঁর ভাষায়, এতে পরিস্থিতি উদ্ধার অভিযানের জন্য অনুকূল হয়েছে, কারণ জাহাজটি ১ হাজার মিটার গভীরে থাকার সম্ভাবনার বদলে এখন ভূপৃষ্ঠে অভিযান চালানো যাচ্ছে।
সম্ভাব্য পরিবেশগত ক্ষতি মূল্যায়ন করছে একটি বিমান এবং স্পেনের জাতীয় সমুদ্র উদ্ধার সেবার দূষণ নিয়ন্ত্রণ জাহাজ ক্লারা ক্যাম্পোয়ামোর। প্রেসিডেন্ট মার্গা প্রোহেন্স সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, সম্ভাব্য জ্বালানি ছড়িয়ে পড়া নিয়ে এখনো খুব কম তথ্য পাওয়া গেছে।
ইবিজার সামুদ্রিক পরিবেশ ১৯৯৯ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়। বিশেষ করে এখানে রয়েছে পসিডোনিয়া ওশেনিকা সামুদ্রিক ঘাসের ঘন প্রেইরি, যা কেবল ভূমধ্যসাগরীয় অববাহিকাতেই পাওয়া যায় এবং স্থানীয় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০০২ সালে স্পেন তার সবচেয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়গুলোর একটির মুখোমুখি হয়েছিল, যখন গ্যালিসিয়া উপকূলে প্রেস্টিজ তেলবাহী ট্যাংকার বিপদে পড়ে এবং ৬০ হাজার টনের বেশি ভারী জ্বালানি তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে।




