শিঙাড়া কিনতে বেরিয়ে নিখোঁজ শিশু সাইদুলের হাত বাঁধা লাশ মিলল সেপটিক ট্যাংকে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মো. সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হোগলাকান্দি গ্রামে এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুল হোগলাকান্দি গ্রামের মুন্সিবাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে। উদ্ধারের সময় শিশুটির দুই হাত পেছনে বাঁধা ছিল এবং মুখে স্কচটেপ লাগানো ছিল বলে পুলিশ জানিয়েছে।
পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শুক্রবার বিকেলে দোকান থেকে শিঙাড়া কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর সে আর বাড়ি ফেরেনি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শিশুটির খোঁজ পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়েছিল।
প্রতিবেশী ওই বাড়ির মালিক ফরিদা বেগম আজ বৃহস্পতিবার বিকেলে শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পান। বাড়ির সেপটিক ট্যাংকের দিকে উঁকি দিয়ে তিনি সেটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি পাড়া-প্রতিবেশীসহ স্থানীয়দের ডেকে বিষয়টি জানান।
ফরিদা বেগম বলেন, সাইদুল নিখোঁজ হওয়ার দিন তিনি বাড়িতে ছিলেন না। তিনি বোনের বাড়ি উপজেলার দশদোনায় বেড়াতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে শোনেন, দোকান থেকে শিঙাড়া কিনতে গিয়ে সাইদুল নিখোঁজ হয়। এর পর থেকে সেপটিক ট্যাংক থেকে তিনি কোনো দুর্গন্ধ পাননি বলে জানান।
খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা-পুলিশ সেপটিক ট্যাংক থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করে। পরনের কাপড় দেখে লাশটি সাইদুলের বলে শনাক্ত করেন তার বড় ভাই জাহাঙ্গীর আলম।
ছেলের লাশ পাওয়ার খবরে সাইদুলের মা জোহরা বেগম আহাজারি করছেন। তিনি বলেন, লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনে তিনি ঘটনাস্থলের দিকে যেতে চেয়েছিলেন, কিন্তু আশপাশের নারীরা তাঁকে যেতে নিষেধ করেন এবং তাঁর ছেলে ফিরে আসবে বলে সান্ত্বনা দেন।
জোহরা বেগম বলেন, এক বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। এখন ছেলেকেও হারালেন। তিনি ছেলে হত্যার বিচার চেয়েছেন।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে সন্ধ্যার দিকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পেছন থেকে ওই শিশুর দুই হাত বাঁধা ছিল, মুখে স্কচটেপ লাগানো ছিল।
আবু সাঈদ আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



