চকবাজারের প্লাস্টিক গুদামের আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের ছোট কাটরা এলাকায় ছয়তলা একটি ভবনের প্লাস্টিক পণ্যের গুদামে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন।
গুদামটিতে খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী মজুত ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, চকবাজারের ছোট কাটরায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ভবনটির অবস্থান। ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুনের সূত্রপাত হয়।
রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, কর্মীরা প্লাস্টিকের গুদামঘরটি বন্ধ করে চলে যান। তাই এখানে হতাহতের কোনো আশঙ্কা নেই। তবে প্রচণ্ড ধোঁয়া ছড়াচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানানো হয়।
ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অসংখ্য গুদাম রয়েছে। এসব গুদামে ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি, প্লাস্টিকের খেলনা, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর একই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিকাল ৫টার দিকে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ভবনটির বিভিন্ন গুদামে প্লাস্টিক ও জুয়েলারি সামগ্রী মজুত ছিল। ওই আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।


