নভেম্বরেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬ স্কুলশিক্ষার্থী: শিক্ষা মন্ত্রণালয়

নভেম্বর মাসের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যা শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনের ধারাবাহিকতা তুলে ধরে।
বিবৃতিটি এসেছে বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় দুই বোন—১৫ বছর বয়সী ইউসরা ও ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-আউফ—নিহত হওয়ার পর। ইউসরা কাফর কাসিম স্কুলের ছাত্রী ছিল, আর তার বোন জানা পড়ত আল-মানার বেসরকারি স্কুলে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় দুই বোনের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-আউফ ও মা নওরা ইজ্জাত আবু আল-আউফও নিহত হয়েছেন এবং আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। বাবা উত্তর গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সেবার পরিচালক ছিলেন।
এর আগে ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে পরে মারা যায় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ। মাসকাট স্কুলে দশম শ্রেণিতে পড়া মোহাম্মদের স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়ার।
মোহাম্মদের বাবা ডা. নিদাল মোহাম্মদ বারবাখ বলেন, সেদিন দুপুরের খাবারের পর বেলা দেড়টায় প্রশিক্ষণে অংশ নিতে খেলার একাডেমিতে গিয়েছিল মোহাম্মদ। কাছের একটি পাহাড়ে অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাংক মাঠের দিকে দুটি গোলা ছোড়ে; একটি ধাতব বস্তুতে লেগে ছিটকে এসে মোহাম্মদের পিঠে আঘাত করে ঘাড় দিয়ে বেরিয়ে যায়।
বাবা আরও বলেন, ‘সে প্রতিভাবান ও চমৎকার ছাত্র ছিল। ১৫ বছর বয়সে সে নিহত হলো আল-মাওয়াসির একটি খেলার মাঠে—যে এলাকায় মানুষকে নিরাপদ বলে যেতে বলা হয়েছিল।’ তিনি বলেন, ‘এটি আমাদের সব উচ্চাশা হত্যা করে এবং আমাদের সন্তানদের স্বপ্ন সত্যি হওয়ার আগেই কবর দেয়।’
১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে তিনজন নিহত হন, যাঁদের মধ্যে ছিলেন এক বাবা ও তাঁর ১২ বছর বয়সী ছেলে আহমেদ আবু দাহের এবং এক নারী। দাদা সালেহের মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত আহমেদ।
আহমেদের মা ওয়ালা আবু দাহের বলেন, সেদিন তাঁর স্বামী দেইর আল-বালাহের পূর্বে আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন, আহমেদ তাঁর সঙ্গী হয়েছিল। সভাস্থলে থাকা অবস্থায় তারা কামানের গোলার লক্ষ্য হন; আহমেদ সাহায্যের জন্য লোকদের কাছে ছুটে গিয়ে বাবার দিকে ফিরে আসার সময় দ্বিতীয় গোলাটি পড়ে এবং ছররা গুলি তার পা, পেট ও মাথায় আঘাত করে। মা বলেন, ‘তাদের হারানোর যন্ত্রণা আমি বর্ণনা করতে পারব না। মনে হয় সেদিনই আমার জীবন থেমে গেছে।’
এ বিষয়ে মন্তব্যের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বছরের শুরুতে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে বলা হয়েছিল, গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে ইসরায়েল গণহত্যা অব্যাহত রেখেছে।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর ইসরায়েলের হামলা ‘ফিলিস্তিনি শিক্ষাব্যবস্থার ওপর পদ্ধতিগত আক্রমণের’ অংশ। যুদ্ধে হাজারো স্কুলগামী শিশু ও শত শত শিক্ষাকর্মী নিহত হয়েছেন, আর হাজার হাজার শিশু নিয়মিত স্কুলে যেতে পারছে না।
ইউনিসেফের হিসাবে, গাজার ৯৮ শতাংশ স্কুলভবন ক্ষতিগ্রস্ত হয়েছে; ৯৩ শতাংশের বেশি ভবনের বড় ধরনের মেরামত বা পুরো পুনর্নির্মাণ দরকার, আর প্রায় ৮১ শতাংশ ভবনে সরাসরি আঘাত লেগেছে।
জনাকীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চতুর্থ শীতের মুখোমুখি গাজার শিশুরা। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মেনিনজাইটিসের মহামারি সতর্কতা জারি করেছে—অক্টোবরে নতুন আক্রান্তের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। স্বাস্থ্য সংস্থাগুলো সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, পয়ঃনিষ্কাশনে দূষিত পানীয় জল, শীতের বন্যা এবং মানবিক সহায়তায় বিধিনিষেধকে দায়ী করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত তিন বছরের যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; নিহতদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু বলে জানানো হয়েছে।



