যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে বর্ণবাদের শিকার প্রায় অর্ধেক সংখ্যালঘু কর্মী, জরিপে মানসিক স্বাস্থ্যে প্রভাবের চিত্র

যুক্তরাজ্যে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রায় অর্ধেক মানুষ গত এক বছরে কর্মক্ষেত্রে বর্ণবাদের শিকার হয়েছেন বলে একটি জরিপে উঠে এসেছে। জরিপে আরও দেখা গেছে, বর্ণবাদের শিকারদের অধিকাংশেরই আস্থা নেই যে মানবসম্পদ (এইচআর) বিভাগ তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে।
২ হাজার ৫০৬ জন প্রাপ্তবয়স্কের ওপর করা এই জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের পাঁচটি বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ৭৫ শতাংশ মানুষ গত বছরে জাতি, জাতিসত্তা বা ধর্মের সঙ্গে যুক্ত বর্ণবাদ বা অন্যায্য আচরণের শিকার হয়েছেন।
কর্মক্ষেত্রে সংখ্যালঘু কর্মীদের ৪৫ শতাংশ বলেছেন, গত এক বছরে তারা কর্মস্থলে বর্ণবাদের মুখোমুখি হয়েছেন, যার বেশির ভাগই ‘মজা’ বা ঠাট্টা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। আর ৫৬ শতাংশ বলেছেন, এইচআর তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে—এমন আস্থা তাদের নেই।
বর্ণবাদের শিকারদের তিন-চতুর্থাংশ বলেছেন, এই অভিজ্ঞতা কোনো না কোনো মাত্রায় তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে।
সেন্টার ফর মেন্টাল হেলথের প্রতিবেদনের প্রধান লেখক ও জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক সুসান সলোমন বলেন, ‘বর্ণবাদের শিকারদের তিন-চতুর্থাংশ যখন মানসিক স্বাস্থ্যে প্রভাবের কথা বলেন, তখন স্পষ্ট যে বর্ণবাদ শুধু সমতার বিষয় নয়। এটি জনমানসিক স্বাস্থ্যের বিষয়।’
রেস ইকুয়ালিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাবির বাট বলেন, এই গবেষণা দেখাচ্ছে দৈনন্দিন জীবনে বর্ণবাদ কতটা ব্যাপক এবং কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষের মানসিক স্বাস্থ্যে এর ক্রমপুঞ্জীভূত ক্ষতি কতটা।
গবেষণায় দেখা গেছে, বর্ণবাদের শিকারদের ৪২ শতাংশ তা অভিবাসীবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভের সঙ্গে যুক্ত করেছেন। ৫৭ শতাংশ প্রতি সপ্তাহে সামাজিক মাধ্যমে অভিবাসী বা সংখ্যালঘুদের নিয়ে নেতিবাচক পোস্ট দেখেন, আর ৪৬ শতাংশ একই ঘন ঘন রাজনীতিবিদদের যুক্তরাজ্যের সমস্যার জন্য অভিবাসীদের দায়ী করতে শোনেন।
বাট বলেন, ‘বর্ণবাদ শূন্যতায় ঘটে না।’ তিনি বলেন, রাজনীতি ও সামাজিক মাধ্যমে ছড়ানো শত্রুতাপূর্ণ অভিবাসীবিরোধী বক্তব্য বর্ণবাদী মনোভাব ও আচরণকে বৈধতা দিতে পারে, যা ২০২৪ সালের বর্ণবাদী দাঙ্গার পর তাদের পাওয়া ফলাফলেরই প্রতিধ্বনি।
গবেষণায় বর্ণবাদের শিকার হওয়া আর সহায়তা চাওয়ার মধ্যে বড় ফাঁকের চিত্রও এসেছে। শিকারদের অর্ধেক বলেছেন, তাদের সব সময় ‘সতর্ক’ থাকতে হয় এবং বর্ণবাদী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। অথচ বর্ণবাদের শিকারদের মাত্র ৫ শতাংশ পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন।
সলোমন বলেন, ‘আমাদের ফলাফল দেখাচ্ছে, ক্ষতি শুধু প্রকাশ্য বৈষম্যমূলক আচরণ থেকে আসে না; দৈনন্দিন জীবনে বর্ণবাদ আগাম আন্দাজ করা, সামলানো ও জবাব দেওয়ার অবিরাম চেষ্টা থেকেও আসে। মানুষ কোথায় যাবেন, কীভাবে আচরণ করবেন এবং মুখ খোলা নিরাপদ কি না—এসব ভেবে সতর্ক অবস্থায় বসবাসের কথা বলেছেন।’
তিনি আরও বলেন, বর্ণবাদের মানসিক স্বাস্থ্যগত প্রভাব শুধু ব্যক্তিগত বৈষম্যের অভিজ্ঞতায় সীমাবদ্ধ নয়; রাজনৈতিক বক্তব্য, সংবাদমাধ্যমের প্রচার ও সামাজিক মাধ্যমে অভিবাসীবিরোধী ও বৈষম্যমূলক বক্তব্য এই প্রভাবকে আরও বাড়িয়ে দেয়।
বাট বলেন, এর জবাব মানুষকে আরও সহনশীল হতে বলা বা শুধু একক ঘটনার অভিযোগ জানাতে বলা হতে পারে না। রাজনৈতিক নেতা, নিয়োগকর্তা, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে বর্ণবাদ উসকে দেওয়া বক্তব্যকে চ্যালেঞ্জ করতে হবে এবং তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।



