সন্দেহজনক লেনদেনের কারণে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ: ট্রেন বন্ধ ৯ দিন, স্থগিত সরকারি বরাদ্দও
গোপালগঞ্জে বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার রাত থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোতে লেনদেন করতে পারছেন না স্থানীয় গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে এই সেবা বন্ধ করা হয়েছে।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরই এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। এ কারণে সাময়িকভাবে শুধু এই জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই সেবা চালু করা হবে।
গোয়েন্দা সংস্থার বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন জেলার মানুষ গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন, এবং তাঁদের মোবাইল হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে। ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে; সে জন্যই সাময়িক সময়ের জন্য এই সেবা বন্ধ করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন; এর দুই দিন পর থেকে এই জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই এই পথে ট্রেন চালুর কথা ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন, তবে কার্যক্রম আবার চালু করতে আরও সময় লাগবে। আপাতত থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে।
গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ এখনই ছাড় করা হবে না। সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়; স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থছাড় বন্ধ থাকবে।
এদিকে আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার নামে গতকাল এক বিজ্ঞপ্তিতে সব থানা ও ট্রেন আবার চালু করার দাবি জানানো হয়েছে। উন্নয়ন বরাদ্দ ও নাগরিক অধিকার নিশ্চিত করারও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সেবা বন্ধের ভোগান্তির চিত্র দেখা গেছে বৃহস্পতিবার বিকেলে। গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে যান ধীমান বিশ্বাস। তাঁর বড় বোন সাথী বিশ্বাস বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন; সেই টাকা দিয়ে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এজেন্টের সহায়তা চাইলে তিনিও অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তামান্না তাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনপ্রক্রিয়া শেষ করলেও রকেট অ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন তিনি। বৃহস্পতিবার গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত তিনি যান হাফিজ টেলিকমে। তামান্না জানান, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন, তাই বৃহস্পতিবার আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন; কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে না পারায় আবেদনপ্রক্রিয়া শেষ করা যাচ্ছে না।



