ফ্যামিলি কার্ডে ভাতা পাচ্ছেন ৭৪ হাজার পরিবার, তথ্য সংগ্রহ হয়েছে ৫৯ লাখ খানার

পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েছে বিএনপি সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোকে সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা পাচ্ছেন।
গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচিটি বাস্তবায়ন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বৈঠকে জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাইলটিং পর্যায়ে আটটি বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের মাধ্যমে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি খানা ভাতার আওতায় এসেছে।
পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর দেশের সব পরিবারের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
তথ্য সংগ্রহের কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে এবং মাঠপর্যায়ে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি খানার তথ্য সংগ্রহ শেষ হয়েছে।
ফ্যামিলি কার্ডের ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হয়। ভাতা উত্তোলন ও লেনদেন করা যাবে ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এজেন্টের মাধ্যমে।
ভাতা বিতরণের কাজে সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে উপকারভোগীরা ব্যাংক হিসাব খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা পাবেন। উপকারভোগীদের সিমকার্ড দেওয়া, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্ম-এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
কমিটির সভাপতি মো. শাহজাহান বলেছেন, কমিটি বলেছে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন স্বচ্ছতার সঙ্গে করতে হবে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সঠিক ও ভাতা পাওয়ার যোগ্য মানুষেরা যেন এই কার্ড পান, তা নিশ্চিত করতে হবে। তাঁর সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।


