…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

জার্মানিতে শিশুদের খেলার মাঠের বেঞ্চে একা বসে কাঁদছিলেন নারী, জরিমানা ২৫ ইউরো

নিজস্ব প্রতিবেদক
জার্মানিতে শিশুদের খেলার মাঠের বেঞ্চে একা বসে কাঁদছিলেন নারী, জরিমানা ২৫ ইউরো
ছবি: সংগৃহীত

জার্মানির গেলসেনকির্চেন শহরে শিশুদের একটি খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্নার সময় পৌরসভার কর্মকর্তাদের জরিমানার মুখে পড়েছেন ৩১ বছর বয়সী এক নারী। সঙ্গে কোনো শিশু না থাকা সত্ত্বেও খেলার মাঠের বেঞ্চে বসার কারণে পৌর আইন ভঙ্গের দায়ে তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২০০ টাকা।

জার্মান সংবাদমাধ্যম ‘ডব্লিউডিআর’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর এই ঘটনা ঘটে। হানা নামে পরিচিত ওই নারী জানান, পড়াশোনা এবং আর্থিক দুশ্চিন্তার কারণে তিনি চরম মানসিক চাপে ছিলেন। একাকী কিছুক্ষণ সময় কাটানোর জন্য হাঁটতে বেরিয়ে তিনি ওই খেলার মাঠের একটি বেঞ্চে বসে তাঁর ফুফুকে ফোন করেছিলেন এবং একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।

ডব্লিউডিআর-কে হানা বলেন, ‘আমি তখন পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আমি কেবল একা থাকতে চেয়েছিলাম, যাতে কেউ আমাকে দেখতে না পায়।’

বেঞ্চে বসে কাঁদার সময় পৌরসভার তিনজন কর্মকর্তা হানার কাছে এগিয়ে আসেন এবং দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তাঁর সন্তান কি না, তা জানতে চান। হানা নেতিবাচক উত্তর দিলে কর্মকর্তারা সঙ্গে শিশু না থাকা অবস্থায় খেলার মাঠে বসার অভিযোগে তাঁকে ২৫ ইউরো জরিমানার রসিদ ধরিয়ে দেন।

গেলসেনকির্চেন শহরের পৌর বিধিমালা অনুযায়ী, শহরের খেলার মাঠগুলো কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। মা-বাবা বা অভিভাবকসহ প্রাপ্তবয়স্করা কেবল শিশুদের সঙ্গে থাকলেই এসব মাঠে প্রবেশ করতে বা বসতে পারবেন।

কর্মকর্তাদের এমন আচরণে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হানা বলেন, ‘এর মধ্যে মানবিকতা কোথায়? আপনি যদি কাউকে কাঁদতে দেখেন, তবে কি প্রথমে জিজ্ঞেস করতে পারতেন না — “আপনি কি ঠিক আছেন? আপনার কি কোনো সাহায্য লাগবে?” এরপর তাঁরা আমাকে বুঝিয়ে বলতে পারতেন যে শিশু ছাড়া এখানে বসার নিয়ম নেই।’

পৌর কর্মকর্তাদের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারাও বিস্ময় প্রকাশ করেছেন। ডব্লিউডিআর-কে দেওয়া প্রতিক্রিয়ায় এক ব্যক্তি বলেন, ‘একজন নারী যিনি কেবল এক মুহূর্ত বিশ্রাম নিতে চেয়েছিলেন, তাঁকে শাস্তি দেওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে।’

৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাসকারী এক নারী বলেন, ‘আমি সবসময়ই ওই বেঞ্চে বসেছি, কিন্তু কখনো কেউ এসে এভাবে যাচাই করেনি।’ আরেক বাসিন্দা ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেন।

তবে গেলসেনকির্চেন সিটি কাউন্সিল কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। কাউন্সিলের সদস্য সাইমন নোভাক (সিডিইউ) বলেন, ‘শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই। তাই সাধারণভাবে শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের সেখানে থাকা নিষিদ্ধ।’

শহর কর্তৃপক্ষের দাবি, খেলার মাঠের অননুমোদিত ব্যবহার রোধ এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর পদক্ষেপ হিসেবেই এই জরিমানার নিয়ম কার্যকর রাখা হয়েছে।

এদিকে খেলার মাঠের অননুমোদিত ব্যবহারের জন্য — যার মধ্যে বেঞ্চে একা বসে থাকাও অন্তর্ভুক্ত — জরিমানার পরিমাণ আরও বাড়ানোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে সিটি কাউন্সিল। প্রস্তাবটি পাস হলে এ ধরনের অপরাধের সর্বোচ্চ জরিমানা বর্তমানের ৫৫ ইউরো থেকে বেড়ে ৬০ ইউরো হতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।