জ্বালানির দামে ইউরোপজুড়ে আবার জীবনযাত্রার ব্যয়ের চাপ, মূল্যস্ফীতি তিন বছরে সর্বোচ্চ
জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপজুড়ে আবার দাম বাড়ছে। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মহাদেশটির লাখ লাখ মানুষ আরেকটি মৌসুমের বাড়তি বিল, সংকীর্ণ বাজেট আর ঘরের কঠিন সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যের সংঘাত তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত করে জ্বালানির দাম বাড়িয়ে দেওয়ায় ইউরোজোনে মূল্যস্ফীতি তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর প্রভাব পড়ছে গরম রাখার খরচ থেকে শুরু করে সাপ্তাহিক খাবারের বাজার পর্যন্ত সবকিছুতেই।
এথেন্সে ৪০ বছর বয়সী সাংবাদিক ও ১১ বছর বয়সী সন্তানের বাবা গিওর্গোস বলেন, গত দুই বছরে তাঁর বেতন মাসে ৮০০ ইউরো (৮৭৮ ডলার) থেকে বেড়ে ১ হাজার ১০০ ইউরো (১ হাজার ২০৮ ডলার) হয়েছে, কিন্তু সেই বৃদ্ধি তিনি টের পাননি। তিনি বলেন, ‘আগের মতোই, সংসার চালাতে আমাকে এখনো টাকা ধার করতে হচ্ছে।’ গ্রিসের ‘জনগণের খাবার’ হিসেবে পরিচিত গিরোস সুভলাকি স্যান্ডউইচের দামও এখন ৪ ইউরোর বেশি বলে জানান তিনি।
তাঁর এই অভিজ্ঞতা ইউরোপের বড় অংশজুড়েই মিলছে। দুই বছর তুলনামূলক শান্ত থাকার পর আবার দাম বাড়ছে। ইউরোজোনে মূল্যস্ফীতি ২০২৫ সালের ডিসেম্বরের ২ শতাংশ থেকে দ্বিগুণ হয়ে ২০২৬ সালের অক্টোবরে ৪ শতাংশে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
সবচেয়ে বড় চালক জ্বালানি। অক্টোবরে জ্বালানি মূল্যস্ফীতি ২১ শতাংশে পৌঁছেছে, যা ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ; ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর প্রথম শীতে সেই হার ছিল ২৫ দশমিক ৫ শতাংশ। ইউরোস্ট্যাটের তথ্যে এসব চিত্র উঠে এসেছে।
অন্য যেকোনো খাতের চেয়ে জ্বালানির দাম অনেক দ্রুত বেড়েছে, আর তা পরিবহন, বাসা গরম রাখা ও খাবারের খরচ বাড়িয়ে দিচ্ছে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) তথ্য অনুযায়ী, ইউরোজোনে এখন সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ লিথুয়ানিয়া (৬ দশমিক ১ শতাংশ), বুলগেরিয়া (৫ দশমিক ৯ শতাংশ) ও গ্রিস (৫ দশমিক ৭ শতাংশ)। এতে এমন অঞ্চলের পরিবারগুলোর ওপর চাপ বাড়ছে, যারা আগেই সবচেয়ে বেশি সংকটে আছে।
সাইপ্রাসে মূল্যস্ফীতি গত বছরের শেষের দশমিক ১ শতাংশ থেকে লাফিয়ে ৫ দশমিক ৪ শতাংশে উঠেছে, আর ইতালিতে ১ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বেলজিয়ামে হার ২ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশে এবং ফ্রান্সে দশমিক ৭ শতাংশ থেকে ৩ দশমিক ৭ শতাংশে উঠেছে।
কয়েকটি দেশ অবশ্য উল্টো চিত্র দেখিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে স্লোভাকিয়ায় মূল্যস্ফীতি ৪ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৯ শতাংশ হয়েছে। এস্তোনিয়া (৩ দশমিক ৬ শতাংশ), লাতভিয়া (৩ দশমিক ১), অস্ট্রিয়া (৩ দশমিক ৫) ও মাল্টায়ও (২ দশমিক ৩) হার কমেছে।
বর্তমান এই বৃদ্ধি ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পরের সর্বোচ্চ পর্যায়ের চেয়ে এখনো অনেক নিচে। কিন্তু অনেক পরিবারের জন্য এটি দ্বিতীয় ধাক্কা, প্রথমটি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই।
উত্তর লন্ডনে ৩৩ বছর বয়সী এমা একা থাকেন ও করপোরেট গভর্ন্যান্সে কাজ করেন। তিনি বলেন, খাবার ও বিলের খরচ বাড়তেই থাকছে, আর ভাড়া ‘সবচেয়ে বড় ঘাতক’। তিনি স্ট্রিমিং সাবস্ক্রিপশন বাতিল করেছেন এবং পোষা বিড়ালের জন্য সস্তা ব্র্যান্ডের খাবার কিনছেন, কারণ আগের ব্র্যান্ডটি দাম বাড়িয়ে প্রতিটি ক্যানে পরিমাণ কমিয়ে দিয়েছে।
এমা এখন বন্ধুদের সঙ্গে কম দেখা করেন, কারণ টিউবে যাওয়া-আসায় প্রায় ১০ পাউন্ড (১৩ ডলার) খরচ তাঁর কাছে ‘হাস্যকর’ মনে হয়। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং একাকিত্বের মহামারিকে আরও বাড়িয়ে দিয়েছে।’
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, খাবার, বাসস্থান, জ্বালানি ও পরিবহনের মতো পণ্য ও সেবার একটি সাধারণ ঝুড়ির দাম এখন ২০০০ সালের তুলনায় ৬৯ শতাংশ বেশি, আর এই বৃদ্ধির প্রায় দুই-পঞ্চমাংশ এসেছে মাত্র গত চার বছরেই। সবচেয়ে তীব্র বৃদ্ধি এসেছিল ২০২২ সালে, যখন এক বছরেই দাম ৮ শতাংশের বেশি বেড়েছিল।
সবচেয়ে বেশি দাম বেড়েছে মধ্য ও পূর্ব ইউরোপে। হাঙ্গেরিতে ২০০০ সালের পর থেকে দাম তিন গুণের বেশি বেড়েছে—২০০০ সালে ১০০ ইউরোর (১১৫ ডলার) পণ্য ও সেবার দাম এখন প্রায় ৩৩৫ ইউরো (৩৮৫ ডলার); শুধু ২০২৩ সালেই বেড়েছিল ১৭ শতাংশ। এস্তোনিয়া ও লাতভিয়াও খুব পেছনে নেই।
কাজ পাওয়া এক দশক আগের তুলনায় ইউরোপে এখন অনেক সহজ, কিন্তু ২০২২ সালের পর থেকে অনেক দেশে তা আবার কঠিন হয়ে উঠছে। ইউরোস্ট্যাটের তথ্যে দক্ষিণ ইউরোপে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
২০১৩ সালে ইউরোজোন ঋণ সংকটের চরমে গ্রিসে বেকারত্ব ছিল ২৭ দশমিক ৮ শতাংশ ও স্পেনে ২৬ দশমিক ১ শতাংশ। এরপর অর্থনীতি ঘুরে দাঁড়ালে দুই দেশেই হার ধারাবাহিকভাবে কমে ২০২৫ সালে গ্রিসে ৮ দশমিক ৯ শতাংশ ও স্পেনে ১০ দশমিক ৫ শতাংশে নেমেছে; তবে স্পেনের হার এখনো ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ।
উত্তর ইউরোপে চিত্র বদলেছে—অর্থনীতি মন্থর হওয়ায় ২০২২ সালের পর থেকে সেখানে বেকারত্ব বেড়েছে। ২০২৫ সালে ফিনল্যান্ডে বেকারত্ব ৯ দশমিক ৭ শতাংশে উঠেছে, যা ব্লকটির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ; এর পরে আছে গ্রিস (৮ দশমিক ৯ শতাংশ) ও সুইডেন (৮ দশমিক ৮ শতাংশ)।
দাম বাড়লে মানুষ সাধারণত সরকারের দিকে তাকায় আর্থিক সহায়তার জন্য। কিন্তু সরকার কতটা সহায়তা দিতে পারবে, তা আংশিকভাবে নির্ভর করে তার আগের ঋণের পরিমাণের ওপর।
এমা মনে করেন, সরকার ভুল জায়গায় অর্থ ব্যয় করছে। জীবাশ্ম জ্বালানি ও গ্রিড কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করার পরও করদাতার অর্থে উচ্চ জ্বালানি বিলে ভর্তুকি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেছেন, অতিরিক্ত মুনাফার ওপর করের ফাঁক বন্ধ করে সেই অর্থ সরাসরি পরিবারগুলোর সহায়তায় ব্যবহার করা উচিত।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ইউরোপে সবচেয়ে ভারী ঋণ ইতালি ও গ্রিসের—দুই দেশেরই ঋণ এক বছরের অর্থনৈতিক উৎপাদনের চেয়ে বেশি। ফ্রান্স, ইউক্রেন, বেলজিয়াম ও যুক্তরাজ্যের ঋণও তাদের অর্থনীতির বার্ষিক উৎপাদনের চেয়ে বেশি। অন্যদিকে এস্তোনিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গের ঋণ তুলনামূলকভাবে অনেক কম, ফলে সংকটে সাড়া দেওয়ার সুযোগ তাদের বেশি।



