ভোলায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বৃষ্টির অজুহাত বলছেন ক্রেতারা

টানা বৃষ্টির প্রভাবে ভোলায় সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের শাকসবজির দাম বেড়েছে, কোনো কোনো সবজির দাম দ্বিগুণ হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।
শুক্রবার ভোলা শহরের কাঁচাবাজার, জুগিরঘোল বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির আগে প্রতি কেজি পটল ২০ টাকায় বিক্রি হলেও এখন দাম বেড়ে ৫০ টাকা হয়েছে। ফুলকপির দাম ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা ও বেগুনের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। ধনেপাতা ৬০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
এক সপ্তাহ আগে তিন কেজি মুলা ৫০ টাকায় পাওয়া গেলেও এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একই সময়ে এক কেজি শিমের দাম ২৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। টমেটোর দাম ৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়।
ক্রেতাদের অভিযোগ, বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার তুলনায় সবজির দাম বেশি বাড়ানো হয়েছে। বৃষ্টির অজুহাতে বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে তাদের অভিযোগ।
কাঁচাবাজারে সবজি কিনতে আসা মো. এরশাদুল ইসলাম বলেন, প্রায় সব সবজির দাম দ্বিগুণ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এভাবে দাম বাড়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
গৃহিণী সুমাইয়া আক্তার বলেন, বৃষ্টির অজুহাতে এভাবে শাকসবজির দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পক্ষে তা কিনে খাওয়া কঠিন হয়ে যাবে।
চরনোয়াবাদ এলাকার বাসিন্দা মোকাম্মেল হক মিলনের দাবি, বৃষ্টিতে সদ্য রোপণ করা সবজির চারা ও বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যেসব সবজি উৎপাদিত হয়ে বিক্রির উপযোগী হয়েছে, সেগুলোর তেমন ক্ষতি হয়নি। তার অভিযোগ, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের একটি অংশ বৃষ্টির অজুহাতে কৃত্রিম সংকটের কথা বলে সবজির দাম বাড়িয়েছে।
খুচরা বিক্রেতা মো. ইব্রাহিম ও আবু তাহের বলেন, বৃষ্টির আগে এক কেজি শিম ২৫ টাকায় বিক্রি করতেন, এখন প্রতি কেজি শিম বিক্রি করতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুনসহ প্রায় সব সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম না কমলে তাদের পক্ষেও কম দামে বিক্রি করা সম্ভব নয়।
পাইকারি বিক্রেতা মো. মিলন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সরবরাহব্যবস্থায় প্রভাব পড়েছে। পাশাপাশি উৎপাদন ও ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষকেরাও সবজির দাম বাড়িয়েছেন।
জুগিরঘোল বাজারের খুচরা বিক্রেতা নাসির বলেন, বৃষ্টির কারণে লালশাক, পালংশাকসহ বিভিন্ন ধরনের শাকের আঁটির দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। পাইকারি বাজারেও প্রায় সব ধরনের শাকসবজির দাম আগের তুলনায় বেশি।
তবে জেলায় শাকসবজির ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। শুক্রবার বিকেলে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক বলেন, টানা বৃষ্টিতে জেলায় শাকসবজির তেমন ক্ষতি হয়নি। বর্তমানে জেলার সাড়ে ৩৫ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে। এই অবস্থায় বাজারে সব ধরনের শাকসবজির দাম এভাবে বেড়ে যাওয়াকে অযৌক্তিক মনে হচ্ছে বলে তিনি বলেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস বলেন, আগাম শীতকালীন শাকসবজির দাম কিছুটা বাড়লেও নতুন সবজি বাজারে এলে দাম কমে আসবে। বাজারে প্রশাসনের তদারকি রয়েছে বলেও জানান তিনি।



