নরওয়ের মাঠে সাড়ে পাঁচ হাজার মুদ্রার ভাইকিং গুপ্তধন, মিলল সেন্ট ওলাফের দুর্লভ মুদ্রা

নরওয়েতে পাওয়া গেছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ভাইকিং যুগের মুদ্রার গুপ্তধন, যার বর্তমান গণনায় মুদ্রার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। গবেষকদের ধারণা, চূড়ান্ত গণনায় এই সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এই গুপ্তধনের সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কার হলো ভাইকিং রাজা ওলাফ হারাল্ডসন, যিনি সেন্ট ওলাফ নামে পরিচিত, তাঁর আমলে তৈরি প্রায় এক হাজার বছরের পুরোনো একটি মুদ্রা। অসলোর মিউজিয়াম অব কালচারাল হিস্ট্রি এই আবিষ্কারের ঘোষণা দিয়েছে। ১৯২৪ সালের পর নরওয়েতে এই ধরনের মুদ্রা এই প্রথম পাওয়া গেল।
গুপ্তধনটি আবিষ্কার হয় গত ১০ এপ্রিল। নরওয়ের ইনলান্ডেট কাউন্টির রেনা এলাকার একটি মাঠে ধাতু শনাক্তকারী যন্ত্র দিয়ে খোঁজ চালানোর সময় ভেগার্ড সোরলি ও রুনে সাত্রে নামের দুই ব্যক্তি এটি খুঁজে পান। এরপর থেকে স্থানটি নিরাপত্তায় রেখে আরও গবেষণা চালানো হচ্ছে।
দুর্লভ ওলাফ মুদ্রাটি খুঁজে পান প্রত্নতত্ত্ববিদ আনে স্কোগসফিয়র্ড। তিনি জানান, মুদ্রাটি প্রথমে অ্যাংলো-স্যাক্সন রাজা দ্বিতীয় এথেলরেডের মুদ্রার দলে সাজানো হয়েছিল। গায়ের লেখা পড়ে তিনি বুঝতে পারেন, সেটিতে লেখা রয়েছে ‘ওএনএলএএফ আর+ নরমানোরভ’। তাঁর ভাষায়, ‘আমি কি সত্যিই ওলাফ হারাল্ডসনের একটি মুদ্রা হাতে ধরে আছি? …এবং সত্যিই তাই ছিল! এটি ছিল খুব বিশেষ একটি মুহূর্ত।’ তিনি আরও বলেন, ‘আমি উপলব্ধি করেছিলাম, আমরা একটি জাতীয় সম্পদ খুঁজে পেয়েছি।’
জাদুঘর জানিয়েছে, ওলাফ হারাল্ডসন ১০১৫ থেকে ১০২৮ সাল পর্যন্ত রাজত্ব করেন এবং মৃত্যুর পর সন্ত হিসেবে স্বীকৃতি পান। নরওয়ের ইতিহাসে তাঁর স্থান অনন্য। তাঁর মুদ্রার মধ্যে টিকে আছে ২০টিরও কম, আর সেগুলোর বেশির ভাগই পাওয়া গেছে নরওয়ের বাইরে। মোরস্টাড গুপ্তধনে পাওয়া ধরনের মুদ্রা এর আগে মাত্র চারটি আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে নরওয়েতে ছিল মাত্র একটি।
নতুন পাওয়া মুদ্রাটি ১০২৪ থেকে ১০২৮ সালের মধ্যে তৈরি বলে কর্মকর্তারা জানিয়েছেন। গুপ্তধনে জমা হওয়ার আগে এটি সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত প্রচলনে থাকতে পারে। মুদ্রাটির দুই পাশেই ক্রুশের ছাপ রয়েছে।
মুদ্রাবিশেষজ্ঞ সোয়াইন এইচ. গুলবেকের মতে, এই মুদ্রা দেখায় ওলাফ কীভাবে মুদ্রাকে খ্রিস্টধর্মকে বৈধতা দেওয়ার এবং নিজেকে ইউরোপীয় মর্যাদার একজন খ্রিস্টান রাজা হিসেবে প্রতিষ্ঠা করার কাজে ব্যবহার করেছিলেন। জাদুঘর জানিয়েছে, ওলাফ হারাল্ডসনের সঙ্গে সরাসরি যুক্ত ঐতিহাসিক উপাদান খুব কমই আছে, আর মুদ্রাগুলো রাজার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। গুলবেক বলেন, ‘ওলাফ হারাল্ডসন নিজেই ঠিক করতেন এসব মুদ্রা দেখতে কেমন হবে, এবং হয়তো তৈরি হওয়ার সময় তিনি উপস্থিতও ছিলেন। সম্পূর্ণ সম্ভব যে মোরস্টাডের এই মুদ্রাটি একসময় রাজার নিজের হাতেই ছিল।’
নরওয়ের সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক মহাপরিচালক হানা গেইরান বলেন, মুদ্রাটি ‘শুধু একটি দুর্লভ বস্তু নয়, বরং এমন এক সময়ের বাস্তব সাক্ষ্য, যখন নরওয়েজিয়ান রাজতন্ত্রের ভিত্তি এবং দেশটির খ্রিস্টানীকরণের ভিত স্থাপিত হচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘যখন মনে হয় এই ভাইকিং গুপ্তধন আর বেশি রোমাঞ্চকর হতে পারে না, তখনই নতুন নতুন বিস্ময় সামনে আসে।’
মুদ্রাটি গত ২০ নভেম্বর থেকে অসলোর হিস্টোরিক্যাল মিউজিয়ামে মোরস্টাড গুপ্তধন নিয়ে সাজানো নতুন প্রদর্শনীর অংশ হিসেবে দেখানো হচ্ছে। জাদুঘর জানিয়েছে, এই গুপ্তধন নিয়ে গবেষণা দীর্ঘদিন ধরে চলবে। প্রতিটি মুদ্রাকে জাদুঘরের সংগ্রহে ওঠার আগে একই পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যেখানে মুদ্রাবিশেষজ্ঞ, প্রত্নতত্ত্ববিদ, সংরক্ষণবিদ, সংগ্রহ ব্যবস্থাপক ও আলোকচিত্রীরা যুক্ত আছেন।



