…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চিরিরবন্দরে সাংবাদিককে ‘রোডে ফেলে খোঁচানোর’ হুমকি যুবদল নেতার, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
চিরিরবন্দরে সাংবাদিককে ‘রোডে ফেলে খোঁচানোর’ হুমকি যুবদল নেতার, থানায় জিডি
ছবি: সংগৃহীত

সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই হুমকির শিকার সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন ও ইমরান আলীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন? নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি বলেন, ‘একবারে ফাটায় ফেলব! সময়মতো, জায়গামতো ফাটায় ফেলব। রোডের মধ্যে ফেলায়ে খুঁচব।’

জবাবে সাংবাদিক ইমরানকে উচ্চ স্বরে বলতে শোনা যায়, ‘কোথায় লিখছি দেখান…ফাটায় ফেলবেন? ফেলেন, আমাকে ধমক দেবার আপনি কে?’

স্থানীয় সূত্র জানায়, অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা মেরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানসহ কয়েকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বুধবার দুপুরে জাহানুর ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে থাকা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। ‘চিরি নদী’ নামের একটি ফেসবুক পেজেও ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় পদ-পদবি উল্লেখ থাকার অভিযোগে সাংবাদিকের সঙ্গে সালেহীনের বাগ্‌বিতণ্ডা হয়।

সাংবাদিক ইমরান আলীর দাবি, তিনি নিজে এ বিষয়ে কোনো সংবাদ লেখেননি। তাঁর ভাষ্য, ‘গতকাল দুপুরে অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঠোফোনে আমাকে চিরিরবন্দর উপজেলা চত্বরে ডেকে নেন। সেখানে স্বাভাবিকভাবে কথা চলার একপর্যায়ে অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতান এসে আমাকে হুমকি দিতে শুরু করেন। রাস্তায় ফেলে পিষে মারার হুমকি দেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সালেহীন সুলতান বলেন, ‘জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অথচ প্রকাশিত সংবাদে যুবদল নেতার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়েই জানতে চাইছিলাম তার (ইমরান) কাছে। সেখানে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।’

সালেহীনের দাবি, কথা-কাটাকাটিতে উচ্চ স্বরে কথা হয়েছে, তবে হত্যার কোনো হুমকি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘সে যতগুলো কথা বলেছে, তার অর্ধেকও আমি বলিনি।’ জিডির বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, এক যুবদল নেতা স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন—এমন অভিযোগে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শন…