সার্বিয়ায় প্রেসিডেন্ট পদে ছাত্র-আন্দোলনের প্রার্থী রসায়নের অধ্যাপক রাদোমির সাইচিচ, ২৭ ডিসেম্বর ভোট
সার্বিয়ার ছাত্র-সমর্থিত আন্দোলন রসায়নের অধ্যাপক রাদোমির সাইচিচকে প্রেসিডেন্ট পদের প্রার্থী করেছে। আগামী মাসের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাইচিচ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ান।
প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। সাইচিচ নবনির্বাচিত পার্লামেন্টের সদস্য; ছাত্র তালিকার প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। ওই তালিকা ২৫০ আসনের পার্লামেন্টে ১৪০টি আসন জিতেছে।
সার্বিয়ায় প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। তবে প্রেসিডেন্টই প্রধানমন্ত্রী মনোনয়ন দেন এবং তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
এই নির্বাচন এমন এক সময়ে হচ্ছে, যখন আলেকসান্দার ভুচিচ প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের দ্বিতীয় প্রেসিডেন্ট মেয়াদ সংক্ষিপ্ত করেন এবং পার্লামেন্ট নির্বাচনে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। ভুচিচ ১৪ বছর ধরে সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন।
শুক্রবার বেলগ্রেডে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে সাইচিচ বলেন, আন্দোলনকে এখন আইনের শাসন শক্তিশালী করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ‘আমরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছি, তাকে এখন স্থায়ী পরিবর্তনে রূপ দেওয়ার সুযোগ আমাদের সামনে এসেছে।’
সাইচিচ বলেন, ‘পার্লামেন্ট, সরকার ও আদালতকে আবার জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
৬৫ বছর বয়সী সাইচিচ সার্বিয়ান একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের সদস্য। ২০২৪ সালে গড়ে ওঠা ছাত্র-নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়া প্রথম বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের একজন তিনি।
তিনি বলেন, ছাত্ররা তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সামনে এনেছে—এতে তিনি গর্বিত। তাঁর ভাষায়, ‘গত দশক ছিল আইনের শাসনের ভেঙে পড়া, দুর্নীতি ও বিদ্বেষমূলক বক্তব্যের দশক।’
সাইচিচ একটি ‘সার্বভৌম সার্বিয়া’র অঙ্গীকার করেছেন, যেখানে সংবিধান সম্মানিত হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। তিনি বলেন, ‘বিদায়ী শাসকগোষ্ঠী এখনো আমাদের রাষ্ট্রকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এটি ঠেকাতে হলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে।’
ভুচিচ এখন বিরোধী দলের পার্লামেন্ট সদস্য। তিনি বারবার ইঙ্গিত দিয়েছেন, তাঁর সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) নির্বাচনে অংশ নাও নিতে পারে; তবে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরের মাঝামাঝি আসবে বলে আশা করা হচ্ছে। সংবিধান প্রেসিডেন্টকে দুই মেয়াদে সীমিত রাখায় ভুচিচ নিজে আর প্রার্থী হতে পারবেন না।
এই পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের পেছনে রয়েছে প্রায় দুই বছরের প্রতিবাদ আন্দোলন। ২০২৪ সালে নোভি সাদে সংস্কার করা রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন; দুর্নীতিকে দায়ী করা ওই বিপর্যয় থেকে আন্দোলনের সূত্রপাত হয়। স্লোবোদান মিলোসেভিচের পতনের পর ২০০০ সালের পর এটাই ছিল সার্বিয়ার সবচেয়ে বড় প্রতিবাদ।
আন্দোলনের প্রাথমিক দাবি ছিল স্বচ্ছ তদন্ত; পরে তা আগাম নির্বাচনের দাবিতে রূপ নেয়। প্রায় দুই বছর প্রতিরোধের পর ভুচিচ শেষ পর্যন্ত সেই নির্বাচনের ঘোষণা দেন।


